পাপিয়া খান: ইনসোমনিয়া, পরিচয়নামা ও অন্যান্য
চিত্রকর্ম: কাজী রকিব
ক্ষরণ
আকাশ দুঃখবোধ আর নিঃসঙ্গতার বেসাতিতে মোড়ানো এক পাখির জীবন।
পালকবিহীন পাখি।
অথচ, এক সহজ,স্বাভাবিক আর স্বীকারোক্তিমূলক জীবন তার নিত্যসঙ্গী।
হৃৎক্ষরণে ক্ষতবিক্ষত পাখি মরে যায়, প্রতিদিন।
আবার বেঁচে ওঠে।
আবার মরে যায়।
আবার বেঁচে ওঠে।
এ যেন জীবন-মরণ খেলায় বাজী ধরা এক ফিনিক্স পাখির জীবন!
পালকবিহীন পাখির ভেতরে বয়ে চলে
এক অন্তঃসলিলা নদী।
কিন্তু বাহিরটা এক ঘাস ফড়িংয়ের জীবন।
যে ফড়িং উড়ে উড়ে ঘুরে বেড়ায় চিরসবুজ উপত্যকায়।
দুচোখে বোনে রঙিন স্বপ্নের জাল।
শৈল্পিক সব গল্প জমায় হৃৎআঙিনায়।
অথচ,তার ভেতরটা যেন এক জ্যৈষ্ঠের খরতাপ,
তাপবিহীন আগুনে জ্বলে ছারখার হয় পাখির জীবন।
এক পালকবিহীন পাখি।
অস্থিরতায় স্থবির
অস্থিরতায় যখন স্থবির দেশমাতৃকা।
প্রয়োজন, প্রিয়জন যখন একাকার একই গণ্ডিতে।
যখন জনবাহন, যানবাহন কিংবা জলবাহন চলে অর্ধেক,আদ্ধেক।
জীবন-মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন মানুষ স্বপ্ন দেখে
বেঁচে থাকার, বাঁচিয়ে রাখার।
যখন গলিত, অর্ধগলিত লাশের গন্ধে মু মু চারপাশ।
সীমিত পরিসরে হৃৎবাতায়নে
এসে উঁকি মারে তখন ফেলা আসা প্রগাঢ় বেদনা।
আসমানের মতো বিশাল বেদনা রং বদলায় মুহূর্তেই।
পাল্টে ফেলে তার রূপ।
জীবন বদলায়,বদলে যায় জীবনের বোল,
রং,রূপ,স্পর্শ,গন্ধ একঘেঁয়ে চাওয়া পাওয়া, একপেশে ভালোলাগা, মন্দলাগা।
তবু সময়ান্তরে পাত্রভেদে, বস্তুভেদে প্রগাঢ় বেদনা মৌলিক চাহিদায় একাকার, একাট্টা,
একই ঘর, দুয়ার, দরজা, জানালায় তাদের বসতি।
তবু ঠায় দাঁড়িয়ে পৃথিবী
প্রসব বেদনায় কাতর মাতৃত্বের অস্থিরতা নিয়ে থমকে দাঁড়িয়ে পৃথিবী!
এক আসমান হাহাকার আর এক জমিন বিশালতায় পৃথিবী বিমর্ষ, বিধ্বস্ত, ক্লান্ত!
ক্ষয়ে ক্ষয়ে বদলে হয়ে গেছে পৃথিবীর বসন, ভূষণ, রং,রূপ এবং আদল।
তবু ঠায় দাঁড়িয়ে পৃথিবী!
কেমন প্রশান্তির পাখা মেলে ধরা পৃথিবী
অবুঝ শিশুকে সামলে রাখে এক মমতাময়ী ত্যাগী মায়ের মতন!
মমতাময়ী মায়ের এই দয়া, দাক্ষিণ্য, উদারতা আর স্নেহের কথা
বেমালুম ভুলে যায় মানুষ।
মুহূর্তেই খোলস পাল্টে বদলে ফেলে তার রূপ!
এ যেন অকৃতজ্ঞ সন্তানের বহিঃপ্রকাশ মাত্র!
এক জমিন ঠাঁয় দাঁড়িয়ে থাকা পৃথিবী তবু
পরম মমতায় আঁকড়ে রাখে তার সন্তানকে।
আদমকে।
ইভকে।
মানুষকে।
প্রকৃতিকে।
ইনসোমনিয়া
নিশাচর নই-
তবু ঘুমহীন নির্ঘুম রাত কাটে কখনো।
বন্ধ দরজায় করাঘাত করতে করতে
শব্দহীন কথারা নিদ্রাহীন রাতে
নিঃশব্দে জড়ো হয়
আমার ঘরের- ভিতর বাহির।
সব কথা হারিয়ে আমি-
বাকহীন চেয়ে রই আসমানে।
ইনসোমোনিয়ায় আক্রান্ত
এ যেন পুরোনো এক ব্যাধি।
বিমর্ষতায় ক্ষয়ে ক্ষয়ে ক্লান্ত
আমার হারাবার কিছু নেই ।
কিচ্ছু নেই।
আমি বাকহীন চেয়ে রই আসমানে।
পরিচয়নামা
অন্ধকার জঠর থেকে
আলোতে ভূমিষ্ঠ হবার পর থেকে
জোয়ার ভাটার মতো বদলে যায়-
পরিচয়,
মেয়ে মানুষের পরিচয়।
শ্বশুরালয়ে আগমনের প্রাকমুহূর্ত পর্যন্ত থাকে-
অমুকের মেয়ে, তমুকের বোন।
নতুন অধ্যায়ের শুরু
শ্বশুরালয়ে আগমন।
মৌসুমী ফসলের আগাছার মতো উপড়ে ফেলতে হয়-
পুরাতন পরিচয়।
জীবন চলতে থাকে
জীবন চলে যায়।
চলতে চলতে বদলে যায়-
জীবনের বাঁক।
আবার শুরু হয়
নতুনের মতো করে-
অন্য জীবন।
অমুক তমুকের মেয়ে, বোন, বউ থেকে-
অন্য কারো মা হয়ে যায়।
জীবন বদলে যায় –
বদলে যায় মেয়ে মানুষের জীবন।
বিশেষ বিশেষ ক্ষেত্রে নামের ব্যবহার ছাড়া
একটা সময়ের পর –
অতিকায় হস্তি লোপ পেয়ে তেলাপোকা কোনোমতে টিকে থাকে শুধু।
জীবন চলে যায় তবু,
তবু চলে যায় জীবন।
লাশ
প্রাণহীন লাশের বিকৃত চিৎকারে মস্তিষ্কের মগজ
গলে যেতে থাকে উষ্ণ ঘিয়ের মতো।
আমি বাকহীন চেয়ে রই আসমানে।
অস্তিত্বের অস্তিত্বহীনতায় ডুবে যেতে থাকি,
অতলে অতলে।
এতো এতো লাশের ভিড়ে আমি আত্মা খুঁজি।
একটা আত্মা।
কিন্তু বেঁচে নেই কোনোটা।
রক্তহীন সাদা ঘোলাটে চোখের ভিতর হঠাৎ
করে বেঁচে থাকার আকুলতা দেখি।
শুনতে পাই সুতীব্র চিৎকার।
মুহূর্তেই নিরুপায় হরিণীর মতো
ছুটে চলি দিগ্বিদিক।
তবু লাশদের মরণপণ চিৎকার,
ভীষণভাবে বিষিয়ে তোলে আমায়।
খুবলে খায় আমার মস্তিষ্কের নিউরন।
আমি ডুবে যেতে থাকি,
অতলে অতলে।
