২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কামালউদ্দিন নীলু : ব্লাডি ম্যাকবেথ

কামালউদ্দিন নীলু কামালউদ্দিন নীলু

Published : 22 May 2021, 11:56 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


সময়টা এখন সকাল আর রাতের মাঝামাঝি,
দিনরাত মগজের ভেতর গর্জন শুনতে পাচ্ছি,
পথে পথে হত্যার উৎসব চলছে।
রক্তভেজা শরীর,
দুর্গন্ধ আবর্জনার চারপাশে-
মাছিরা ভনভন করছে।
মানুষ খুন হচ্ছে,
হত্যা চলছে-
একের পর এক হত্যা,
মধ্যপদে প্রকৃতির বিশৃঙ্খলা!

দেখ, দেখ, চেয়ে দেখ,
ম্যাকবেথ আসছে।
চোখ খুলে চেয়ে দেখ-
কসাইয়ের ছুরি ছুটছে,
মানুষের নাভি থেকে গলা অব্দি
ছুরির আঁচড় টেনে দিচ্ছে।
আচমকা মানুষের ভেতরে থেকে
ফণা তুলে বেরিয়ে এলো-
লাল, সবুজ আর সোনালি রঙের সাপ,
উচ্চারিত হলো আসোবা… আসোবা… আসোবা!
সমান তালে ঘটছে-
এখানে, ওখানে, সেখানে, সবখানে।
রক্ত ছুটছে খণ্ডমধ্যে,
চারিদিকে লাশ আর হাড়ের স্তূপ।
কতিপয় বেঁচে থাকাদের শরীর
ক্ষতবিক্ষত আমারই মতো।
বিশ্বাসঘাতক, অর্বাচীন, প্রতারক শাসক
রক্তের নৃত্য করছে।
একের পর এক হত্যা হচ্ছে,
রাজপ্রাসাদে হত্যা হচ্ছে,
কয়েদখানায় হত্যা হচ্ছে,
জনারণ্যে হত্যা হচ্ছে,
সীমান্তে হত্যা হচ্ছে।
রাতের অন্ধকারে-
জলে জলান্তরে হত্যা হচ্ছে।
মা হত্যা হচ্ছে,
কন্যা হত্যা হচ্ছে,
পিতা হত্যা হচ্ছে,
পুত্র হত্যা হচ্ছে,
বন্ধু হত্যা হচ্ছে,
মানুষ হত্যা হচ্ছে।

শাসক কাঁদছে, হাসছে, নাচছে,
হত্যা করছে,
সার্কাসের সঙের কুকুরগুলো ঘেউ ঘেউ করছে।

ঘটনা তাহলে ঠিক,
ডাইনিদের কথাই সঠিক-
চারিদিকে নাকি আগুন জ্বলবে,
সময়ের গর্ভে লুকিয়ে থাকা
অশুভ ঘটনাগুলো আবার ঘটবে।

দাঁড়কাক কর্কশ কণ্ঠে বলছে-
ভালোবাসা যদি হয়ে যায় অত্যাচার,
তবুও আমরা ভালোবেসে যাই।
ধুলোমাখা রক্তাক্ত পৃথিবীটা
নিজেই নিজেকে গিলে খাচ্ছে।

ম্যাকবেথ ঘুমকে খুন করছে-
চাঁদের আলোটা টকটকে লাল হয়ে উঠছে।