২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মো. আরিফুল হাসানের পাঁচটি কবিতা

মো. আরিফুল হাসান

Published : 12 May 2021, 10:01 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM

নিভন্ত আগুনের মাঝে

পড়ে আছি, পুড়ছি না, এ এক যন্ত্রণা
না দগ্ধ, না দহন! তবে কি প্রেম নেই?

প্রেমে আছি, সহনীয় নয়
তাহলে আমি কি মৃত, জীবন-নাটকে?

বেহুলার ক্রন্দন

তাপস, নিজেকে রক্ষা করতে জল ঢালে বৃক্ষের গোড়ায়
উষ্ণ পৃথিবীর পরিমণ্ডলে আটকে আছে প্রেমের গোপাল
সর্বনাশ যা হওয়ার হয়েছে। এখন শুধু যত্ন নাও বাগানে

খেয়ালের আটকে যাবজ্জীবন কারাদ- তোমার, তাপস
শুনতে পাচ্ছো ঘুনপোকার চেরাইসংগীত? তাহলে কি এ
অন্যরকম যন্ত্রণা, না ধরা যায়, না তাকে ছুঁয়ে দেয়া যায়

মধুমাসে অমাবস্যা

পাকাফলের গন্ধের মতো অন্ধকারও মোহাচ্ছন্ন করে
কবুতর পায়ে চিঠি পড়ে থাকে বেগানা দরজার কাছে
ভুল মানুষ উত্তর লেখে, অন্ধ পড়ে বর্নমালার চিঠি।

দুয়ার খোলে বাইরে এসো, গাঢ় আঁধার; ছমছম রাত
তুমি স্তব্ধ হয়ে শোনো পাতাদের কথা, ছায়া-কবিতা
অবিরাম ভাঙনের মাঝে জৈষ্ঠ্য মাসেও অমাবস্যা নামে।

তুমি চিঠির উত্তর লিখো, নানা রং নকসার কারুকাজে
দেয়ালের ওপাশ থেকে শুনতে পাবে পথশিশুর কান্না।

তারার ঝিলিমিলি দেশে

পথিকের পথ ভুল হলে গন্তব্য পালটে যায় মানচিত্রে
অগুণতি আষাঢ় এসে ভিজিয়ে দেয় বুকপকেটের তাপ
বাসনা চরিতার্থ হলে কেটে পড়ে একদা প্রেমিক।

আজন্ম যাযাবর কেউ রোজনামচায় লেখে পথের ধূলো
কোরাসের কণ্ঠে কেউ জেগে উঠে ঘুমভাঙা পাখি
দিনের চরিত্র তখন রাতের দেউলত্বে ব্যাকুল বেহায়া।

পাকাফলের ঘ্রাণে

কোনো এক স্মৃতি মনে পড়ে। সে বহু পুরনো
তখন পরিবার ছিলো, বাবা মা ছিলো
এমন জৈষ্ঠ্যের দিনে, আম-কাঠালের সুঘ্রাণে
ম-ম সারাটা বিকেল, রাতের পূর্ণিমা পাঠশালা

মনে পড়ে, বাবা ছিলো। বাবার ঘোড়া ছিলো
সে বহু আগেকার কথা, আমাদের আম গাছে
মিঠে-কাচা আমগুলো পাকতে পারতো না
এমন দুরন্ত তিয়াস, আমি আর কোথা পাবো

সেসব কথা, আজ আবার মনে পড়ে মধুমাসে
যখন ফলে নামে আমরা খাচ্ছি ফরমালিন বিষ