২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমি স্থির বিশ্বাসে বলছি

কামালউদ্দিন নীলু কামালউদ্দিন নীলু

Published : 01 Mar 2021, 10:38 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


চিত্রকর্ম: শাহাবুদ্দিন আহমেদ

আত্মাটা গিয়েছে চলে,
পড়ে আছে দেহাবশেষ,
শূন্য ভূমি, কেবলি শূন্য,
হাহাকার!
নিষ্প্রাণ দেহটা কি মৃত ছিল,
যখন তুমি তোমার ক্যানভাসে,
তুলির আঁচড় দিলে-
হে শিল্পী শাহাবুদ্দিন?
কারা তাকে হত্যা করেছিল?
খাটো চুলের, ভীতু, ধোঁকাবাজ,
গাধার বাচ্চার দল,
নাকি খ্যাপাটে, উন্মাদ-
নষ্ট-বিনষ্ট রাজনীতিবিদের দল?
নাকি মানসিক রোগী, স্বার্থপর-
জারজ, বেজন্মা, হারামজাদা,
বিকৃত মস্তিষ্কের দল?

গোঁড়া, অদূরদর্শী, সঙ্কীর্ণচিত্ত-
ভণ্ডদের কথা শুনে, শুনে,
আমি ক্লান্ত, অসুস্থ,
আমি অসুস্থ ও ক্লান্ত এখন-
হে শিল্পী।

আমি জানতে চাই সত্য,
আমাকে দাও একটু সত্য,
আমাকে দাও একটু সত্য এখন,
আমি চাই যে জানতে সত্য-
সত্য এখন।
তুমি কি জানতে-
কারা ছিল, কে ছিল,
ওই মহান মানুষের আপন জন?
পিতা, মাতা, কন্যা,
চেনা স্বজন, ভগ্নী, ভ্রাতা-
নাকি জনতা?
কারা ছিল তার আপন জন?
বলো হে শিল্পী-
তাকে যখন ফেলে রাখা হয়,
সত্যি কি ছিল সে মৃত?
কে তার মৃত্যু-সনদ ঘোষণা করেছিল?
তার মৃত্যু-সনদ কি লেখা হয়েছিল?
লেখা যদি হয় মৃত্যু-সনদ,
তবে বলতেই হবে শিল্পী-
কোন পদ্ধতিতে তাকে এবং তাদের-
হত্যা করা হয়েছিল?
আমি জানতে চাই সত্য এখন!
জানতে চাই-
ধোঁকাবাজ রাজনীতিবিদ,
ছোটলোক বুদ্ধিজীবী, মানবতাবাদী,
বিভেদপন্থী, বিচ্ছিন্নতাবাদী,
রক্ষণশীল, উগ্র জাতীয়তাবাদী, দিব্যতন্ত্রবাদী-
বরাহের দল;
আমি জানতে চাই,
তোমাদের কাছে।
তোমরা কি লাশটা ধুয়ে পরিষ্কার করেছিলে?
তোমরা কি তার চোখদুটো বুঁজে দিয়েছিলে?
তোমরা কি তার শেষ যাত্রায়,
কাঁধে কাঁধ লাগিয়ে
উচ্চারণ করেছিলে-
'আমি অভিশপ্ত শয়তান থেকে
আল্লাহর আশ্রয়
প্রার্থনা করি'-
হে ভণ্ড তোষামোদের দল?


চিত্রকর্ম: শাহাবুদ্দিন আহমেদ

উত্তর নাই, নাই উত্তর!
অতএব,
আমি স্থির বিশ্বাসে বলছি
প্রিয় বন্ধুরা,
সব ছেড়ে-খুঁড়ে
এবার এই মানুষটার
কর্মকে স্মরণ করি-
ছিল না সে সম্পদশালী,
কিন্তু ছিল যে সে বিচক্ষণ।
কণ্ঠ ছিল ভরাট
সাহসী যে ছিল সে,
ছিল না সে দ্বিধান্বিত মানুষ।
ছিল সে চিন্তক,
নায়ক যে সে
আমাদেরই মহাকাব্যে।
নিজ সরহদ্দ সীমানার বাইরে-
বহুদূর দেখতে পেতো যে সে,
তাইতো, তারই কণ্ঠে
বারবার, বহুবার ধ্বনিত হয়
সংগ্রাম আর মুক্তির গান-
মাতৃভূমি আর জাতির মুক্তি
ছিল তার লক্ষ্য,
তারই স্বপ্ন।
সে যেন ছিল-
পাহাড়ে প্রবহমান জলধারা,
ছিল যে সে বিনয়ী,
সকলের প্রতি বিনয়ী,
ছিল যে আমাদেরই ছায়াতরু।
কর্তব্য পালনে ছিল যে-
অনড়, দুর্দমনীয়-দুর্দান্ত।
তার অন্তর্গত সুর ছিল
নক্ষত্রের মতোই অদম্য,
ছিল সে এডওয়ার্ড এলগার-এর
শব্দহীন সঙ্গীতের মতো।
সুতরাং,
হে মহান যোদ্ধা
শান্তি লাভ করো।

আমি স্থির বিশ্বাসে বলছি,
সে এখন নিষ্কলুষ দাঁড়িয়ে আছে-
তারই ঈশ্বরের সামনে,
নতজানু হয়ে ভিক্ষা চাইছে-
নিষ্পেষিত, নির্যাতিত,
সকল মানুষের মুক্তি।