ছায়ার মূর্তির মত ঐসব শ্বাস
(উৎসর্গ জীবনানন্দ দাশ)
অনেক বিষন্ন শ্বাস বসন্তের মধ্য দিয়ে হাঁটছে, ঘুরছে;
ছায়ার মূর্তির মত ঐসব শ্বাস
গাছের ভিতর গিয়ে, ছায়া হয়ে, বসে থাকছে ঘাসে।
বৃষ্টির অপেক্ষা করছে ফাল্গুনের ঘাস;
যেন ওরা ইট চাপা আছে,
ইটগুলো গলে যাবে বৃষ্টি নামলে।
সম্পূর্ণতা কেন যেন আসেনি এবারও
গাছগুলো শ্রাবনের প্রত্যাশায় নিচু হয়ে
বহুবিধ ধূলার ভিতর দিয়ে দিচ্ছে হামাগুড়ি।
রাত্রির পথের নিচে পথ হয়ে হাঁটছি এখন; দেখতে পাচ্ছি,
এ বসন্তে রাত্রি জুড়ে গাছগুলি শ্রাবনের অপেক্ষা করছে।
বৃষ্টিই বসন্ত তবে এসব শহরে?
বহু ধূলা জমে আছে মানুষের মনে;
সেসব না ধুলে বুঝি বসন্ত আসে না?
তাই বুঝি বৃষ্টির অপেক্ষা করে মৌলিক বসন্ত—
স্পেসের ভিতর দিয়ে পৃথিবীর ঋতুস্রাব প্রবাহিত হয়।
সকলের হাতে হাতে বকের গলার মত উৎকট মাইক
জীবনবিহীন কি যে চিৎকার, উঠছে নামছে, চারপাশে;
ভোর থেকে ক্যানভাস করা শুরু হয়;
মধ্য রাত্রেও আসে ব্যাণ্ড বাদকেরা, বলে, দেখো,
কত ভালো আমি, পৃথিবীর শ্রেষ্ট বাজনা আজ আমিই বাজাচ্ছি।
এক চিৎকার শেষ হতে না হতেই,
নতুন চিৎকার শুরু হয়; বসন্তে যে বাতাসেরা
গান করে, সে গান শোনার সাধ্য এ শহরে নেই।
শিল্প প্রজ্ঞাপন নয়; কোনো প্রজ্ঞাপনই, শিল্প নয়।
মানুষের প্রজ্ঞাপনে প্রজ্ঞাপনে ক্লান্ত রাস্তায় হাঁটতে হাঁটতে
মনে হয় বৃষ্টি নামা প্রয়োজন;
কিছুটা আড়াল দিতে পারবে বৃষ্টিই।
বৃষ্টির অপেক্ষা করছে বসন্তের ঘাস;
নিশ্বাস বন্ধ করা কালো ক্বাথ প্রবাহিত আছে;
আমিও অপেক্ষা করছি শ্রাবণের গভীর ধারার;
হয়তো তুমিও তাই, শ্রাবণের গভীর ধারণা।
জটিল পথের পাশে ফুঁটছে না কোমল গোলাপ
গোলাপ সহজ নয়, দুরূহ এ শহরের পথে;
বৃষ্টির আগে কি পারে গোলাপ সম্পূর্ণ হয়ে যেতে?
বৃষ্টিই হয়ত মূল বসন্ত এখানে— এই মাইক আর ধূলার শহরে।
সব রঙে ঘ্রাণ আছে; সেই ঘ্রাণ রঙের লালিমা;
সবুজের ঘ্রাণ ফলে গভীর সবুজ;
ঘাসের সুঘ্রাণ এক ঘাস;
সরিষা ফুলের ঘ্রাণ অতন্দ্র হলুদ।
১৬/২/২০২১
