কামালউদ্দিন নীলু: ঝড়ের বুকে একি ব্যাকুলতা
থেমে থাকা,
হিংস্র পৃথিবীর মাঝে;
খুঁজি প্রেম, প্রেম খুঁজি,
হাজারটা না;
কেবলি একটা, একটা-
প্রেম খুঁজি।
খুঁজি প্রেম অন্ধকারে,
গোপনে গোপনে,
খুঁজি গোপন জায়গা,
যা নিতান্তই-
তোমার আর আমার,
কেবল আমারই নয়
না, আমার! না, তোমার! না… আমার…
তোমার, আমার, আমার, তোমার…
কেবলি আমাদের।
যেখানে বিনিময় হবে-
চোখে, চোখে,
ওষ্ঠে, ওষ্ঠে,
সুন্দরের সাথে সুন্দরের।
থাকবে না কোনো চাওয়া,
থাকবে না কোনো পাওয়া,
দর কষাকষি ছাড়া,
শুধুই চাওয়া-পাওয়া।
হৃদয়ের শুভেচ্ছা,
দেবো তোমায়।
সেই তুমি-
আছো আমারই সাথে,
হৃদয় হয়ে।
তুমি ব্রততীর মতো-
আছো সর্বাঙ্গ জুড়ে।
তুমি সুন্দর, হে সুন্দর-
যদি ব্রততী না হও,
বিদ্যুল্লতা হয়ে
পোড়াও আমায়-
তুমি আছো সর্বাঙ্গ জুড়ে
যখন ধ্যান করি,
তোমার নাম নিয়ে,
তখনি আমার মুক্তি হয়,
অন্ধকার থেকে।
একি অদ্ভুত হে সুন্দর-
একি ব্যাকুলতা
প্রেমের পথে ভ্রমণ করে,
শরীর যদি ক্ষয়ে যায়,
সে যে আমারই চরম পাওয়া
হৃদয়ের গোপন কথাটা,
বলতে যে চাইনি আমি-
তুমি জানতে
বলবো কী,
রাখবোইবা কী!
কখনো পারবো কি-
দুজনে আমি না হয়ে,
আমরা হয়ে,
আমাদের সত্তায়-
বিলীন হতে?
নাকি ব্যর্থ হবো,
দুজনে, দুজনেই!
