কামালউদ্দিন নীলু: ভ্রমরকৃষ্ণ আকাশ
অগুনতি তারা আকাশজুড়ে,
যেমনটি অগুনতি-
দ্বীপ, দেশ, বর্ণ, প্রজাতি, জাতি,
বর্ণসংকরের দল।
অগুনতি ভাষা, উপভাষা-
শব্দ, শব্দমালা।
তেমনটি আছে অগুনতি
খিড়কিপুকুর, সরস-সরসী
সাগর, উপসাগর, মহাসাগর,
জলেশ্বর জলাধিপ
এই পৃথিবীজুড়ে।
সময়কে ঘিরে-
রুদ্ধস্রোত নীলাম্বুরাশি,
সূচিভেদ্য অন্ধকার।
ধূমল-ধূস্রাভ আবিলতা আকাশ,
মেঘ-কুয়াশার কাঁপা কাঁপা-
বাঁকা ছায়া।
সময় উধাও হয়ে যায়,
সময়ের সাথে।
কিছুতেই পারছি না
মনে করতে-
মায়ের স্তনে মুখ লুকিয়ে,
শুকতারা, সন্ধ্যাতারা-
ধ্রুবতারাদের কামোৎসব,
বিমূর্ত পৃথিবীর গল্পকথা।
আকাশ-বৃক্ষের শাখাতে
যখন ঝাঁকি লাগে,
তখন রজনীহাঁসেরা উল্কার মতো-
শ্যাম-শ্যামার পথে পাল তুলে বেড়ায় ছুটে।
আকাশের অগুনতি তারারা ঝরে পড়ছে-
কেবলি সংখ্যা হয়ে!
সবকিছুকেই ঝরে পড়তে হয়,
নিয়তি যে এটাই-
ঝরে পড়াদের মধ্যে,
এখনো পৃথিবী বেঁচে।
সমুদ্র আমার প্রথম বন্ধু,
সে আমার এখনো শেষ বন্ধু।
সাম্পানের মাস্তুলে ঝোলানো
লণ্ঠনের আলোয় রাত্রী যাপন।
সুখ কেমন ছিল-
ভুলে যাওয়ার চেষ্টা করি,
লম্পট সুখেরা যখন চম্পট দেয়,
তখনি কেবল ভ্রমরকৃষ্ণ আকাশে তারা খুঁজি-
যদি দেখা হয়!
যখন হয় না দেখা-
সমুদ্র-নর্তকীদের মতো,
নিজের ভেতরে নিজেই নৃত্য করি-
নরম ফেনাদের মতো।
কালো চাঁদের আলো,
মিশমিশে মেঘের দরজা দিয়ে এসে
সাম্পানের পাটাতনে-
আলোছায়ার খেলা করে;
মনে হয়-
মিশকালো চাঁদের আলোটা বোধহয়
আমার বাড়ি ফেরার পথ।
গভীর সমুদ্র থেকে-
ঝরে যাওয়া
নামহীন তারাগুলো-
আমাকে ডাকছে।
