বেঁচে থাকার জন্যই আমরা লিখি
সমুদ্রের দিকে তাকাতে তাকাতে আগামীকাল তোমার উষাকাল,
যা খুঁজে ফিরছি তার চারপাশে আমার পা মাড়িয়ে হেঁটে যাচ্ছে সময়
বিনম্র আকাশ তুমি যেদিন নেমে পড়বে আমাদের ধানক্ষেত ও সর্ষে ফুলে
আমাদের নৌকো ও ভাটিয়ালি গানে , শিমূলে ও শ্লোগানে
সে দিন যারা হেরে গেছে, তাদের আমি উৎসর্গ করবো মহাকাল।
হেঁটে বেড়ানো ধূলিকণা আমিও স্খলিত জীবনের দোঁহাতে খুঁজে পেয়েছি নিজেকে
আমার বিচ্ছিন্ন, খণ্ড খণ্ড অঙ্গে তুমি ধারণ করেছ নদীস্রোত
হাজার বছর পেরিয়ে এসে পাশের বাড়ির অচেনা মেয়েটি
একটি পঙ্ ক্তিও মনে করতে পারলোনা!
এই বিস্মরণ ও বিভ্রমকালে
সৃজন উৎসবের কোন পাশে দাঁডিয়ে থাকবো?
জন্মদিনে আমার হাত থেকে নেমে আসা যাওয়া অক্ষরের পরাজয় দেখে
প্রতিধ্বনিত হবে রাতজাগা কবিতার অতৃপ্ত অভিনন্দন
Vivas to those who have fail'd !
হ্যাঁ, পরদিন- কিংবা তারও পরের আগামীকাল
এই একটি চরণ নিয়ে আমি বাড়ি বাড়ি ফেরি করবো বিগত দিনের স্মৃতি
সম্মিলিত প্রার্থনার জেতবনে আমার কোনো ভিক্ষাপাত্র নাই
পার্কের বেঞ্চে বসে আড়চোখে তোমার উদ্দেশ্যহীন হেঁটে যাওয়া দেখতে দেখতে
কররেখা খুলে আমি পাঠ করবো প্রতিদিনকার পত্রিকার সংবাদ
(মোবাইল যুগের অবসানে আমাদের হাতে থাকবে কররেখা চিপস)
আমি আবার ফিরে যাবো চারণের ভূমিকায়
কারণ আমাদের চতুর কবিতা কেউ আর পড়বে না।
যে কবিতা লেখা হবে তার ভবিষদ্বাণী আমি করবোনা
যে কবিতা বেঁচে থাকবে তার ভবিষ্যতবাণী আমি করবোনা
আমার কবিতা বেঁচে থাকবে কিনা তার ভবিষ্যতবাণীও আমি করবোনা
কারণ বেঁচে থাকার জন্যই আমরা লিখি—
তবু প্রথম লাইন লেখার পর দ্বিতীয় লাইনে আমি তোমাকে খুঁজে পাচ্ছিনা
আমি শুনতে পাচ্ছি সতর্কতার শব্দ, স্তব্ধতার শব্দ
মৃতদের কাছে ক্ষমা প্রার্থনা ছাড়া আমাদের কোনো অর্ঘ্য নাই
জীবনের কাছে কতবার হেরে গেছি হিসাব করিনি
শুধু জেনে গেছি পৃথিবীটা সত্যযুগ পেরিয়ে গেছে
পৃথিবীটা এখন ইকুয়েটরের দুইপাশে নয়
আটলান্টিক কিংবা প্যাসিফিক —যেদিকে তাকাই
বিপ্লবের নামে হুমড়ি খেয়ে পড়ছে কে কে কে ও প্রতিক্রিয়াশীলরা
প্রতিবাদে একদিন দেয়ালে দেয়ালে মাথা ঠুকেছে যারা
তাদের রক্তাক্ত করতল এখন
চর্যাপদের সান্ধ্যভাষা আর রোমান মুদ্রার মতো অস্পষ্ট
স্পার্টাকাস থেকে পাগলপন্থী টিপু শাহ
বাঘা যতীন থেকে মনুমিয়া — এরাও যদি বিস্মরণে
তবে তাদের সালাম, সহস্র সালাম।
ট্রেন স্টেশনে যেদিন আমি অপেক্ষা করেছি, তোমার জন্য-
সেদিন তুমি ঘুমের ভেতর হারিয়ে গিয়েছিল বনভূমিতে
প্রতিদিন একই স্টেশনে অপেক্ষা করতে করতে ধূমায়িত
চায়ের সঙ্গে শুরু হয়েছিল আমার বকেয়া জীবন
সব পানীয় সাম্রাজ্যবাদী—দখল, বেদখলের,
শুধু বৃষ্টি ও নদীর আকুতি ছাড়া ;
সেখানে এখনও প্রবাহিত অবগাহনের জল
আমি অপেক্ষা করতে পারবো , করবো ;
গোলাপগুচ্ছ ও সাদা পতাকা হাতে আমি আপেক্ষা করবো
কিন্তু তোমার চুম্বন ফিরিয়ে নেওয়ার জন্যও তুমি আসবে না!
রূপান্তরিত এই গ্রহে পাখিদের সঙ্গেই আমি স্বাচছন্দ্য বোধ করি
তারা উষ্ণতা , প্রশান্তি, কোলাহল একই আকাশের নিচে ধারণ করতে পারে
কবিতা লেখার জন্য পাখিদের আকাশ আছে ,
আমাদের খাতা নিয়ে বসে থাকতে হয় , কাগজ ছিঁড়তে হয়, তাই
আমাদের কবিতাও শিকারীর মতো আচরণ করে-
কত মৃত্যুর পরে গণহত্যাকারীদের পক্ষে কেউ কেউ কবিতা লেখে!
আমাদের অট্টহাসি শোনায়!
এরাও পরাজিত , কিন্তু তাদের জন্য আমার কবিতা নয়।
এইসব দেখে তবু বেঁচে থাকতে হবে আমাদের
জয় পরাজয়ের দুপাশে কাঁটাতার উঠিয়ে দিয়ে দেখতে হবে জীবন
বেঁচে থাকার জন্য আমাকে আরো উঁচু করে রাখতে হবে কলম
শিকারির পদশব্দের তেমাথায়, দিগন্তের পাশে
অশ্রু ও প্রস্রবনে, তোমাকে খুঁজে না পাওয়া ভোরবেলার পরের উষাকাল অবধি,
প্রতিটি বিন্দুতে খুঁজে পাওয়া রক্তরেখায়
আমাদের বেঁচে থাকতে হবে কবিতায়!
কারণ বেঁচে থাকার জন্যই আমরা লিখি।
১১-১২ জানুয়ারি ২০২১
অপরাজিতা ভবন, ঢাকা।
