লীনা দিলরুবা: আমি তো বাঘিনী
চিত্রকর্ম: রেনে ম্যাগ্রিৎ
একদা তুমি সেই
এভাবে আমরা এগুচ্ছিলাম পরিণতির দিকে
অসম্ভবের ডাল-পালা ছেঁটে
শেকড়ে প্রদাহ
রক্তে নাচন
বিলোল জীবনের গতিপথে
পরাজিত সময় চেয়েছে মুক্তি
জীবন চেয়েছে স্বাদ
তার সাধ মেটাতে
বহুমূল্যে
নতজানু করে রাখি সৈন্য সামন্ত।
তবু কিছু হোক
কিছু তো হোক—
যত বার কাছে টেনে নেব
তত বার মনে হবে
কিছু একটা হবার মত সাময়িক উত্তেজনারও
মানে আছে।
অহেতুক। তবুও তো!
জলের ধারাপাতে সারারাত পথটা ভিজেছে
এসো পিছলে পিছলে জলে যাই
হৃদের নিকটে
তারপর আলিঙ্গনে বুঁদ হয়ে যেতে যেতে ঝুম বৃষ্টির অপেক্ষা করি— আর;
'অসম্ভব' নামের সোঁদা গন্ধগুলো
ধুয়ে মুছে ফেলি বৃষ্টি জলে।
অনিয়ম
যেভাবে দাঁড়ানো উচিত, সেভাবে দাঁড়াতে পারি না,
হাঁটুর নিচে ভেঙে পড়েছে পা। হাঁটুও নিজের কাছে নেই
উড়াল দিচ্ছে অজানায়
কারা কারা অবেলায় ঘুমের সঙ্গে গল্প করে আর ঘুমায় তাদের তালিকা থাকা দরকার।
তবু বলবে আমি রাখি নজরে। রাখি ইশারায়।
কেন এত বেলা পরেও সব তোমার মানতে হবে
সবই তোমাকেই মানতে হবে?
গ্রহ কেন গ্রহতারা নিয়ে
সরে যাবে দূরে?
এসবের উত্তর দেবার বেলায় কেউ নেই
কেবল শত শত হুমকির মধ্যে ফেলেছে আমায়।
খুব ভোরে ঘুম থেকে উঠছি ঠিক, কিন্তু আজকাল এটাই বিস্মিত করে,
ভোরে জেগেও বেলা করে ঘুম ভাঙার পার্থক্য ধরতে পারি না।
সকল জাগরণ যখন সমান। কারণ ঘুম থাকে চোখে চোখে পাতায় পাতায়।
জানোই তো, উত্থানের সংজ্ঞা নিয়ে বিভ্রমের দিন ফুরিয়েছিল। সেদিন।
আরও কয়েকদিন।
তবু ঘুম চ'লে গেল
প্রত্যাবর্তনের দিনক্ষণ না জানিয়ে চলে গেল।
ঘুম আর আমার বেলাও ফুরালো।
নির্বাণ
রাত নামেনি
অকর্তব্য মনে করে হয়ত
প্রত্যাবর্তনের আগে
ঘষে ঘষে
সংশয় ধুয়ে ফেলি
নির্বাণ আর হয়নি আমার !
পাখি
তিনটি পাখির
ছয়টি ডানা
বলছো কেন
গুটিয়ে নিতে
উড়ছে তারা
বেশতো ছিল
চোখের কোণে
গুমরে মরে
কান্না কেন
তিনটি পাখি
উড়ছে দ্যাখো
মেঘের ওপর
মেলছে ডানা
হাওয়ার ওপর
হাওয়া ওড়ে
হাওয়ায় তাদের
কান্না পোড়ে
যাচ্ছে তারা
ঠিকানাহীন
বলছি কেন
উড়ছে তারা
উপায়হীনার
উপায় কী আর!
না উড়ে তার
হয় না থাকা
কান্না পোড়ে
কান্না পোড়ে
বুকের কাছে
কান্না পোড়ে
তিনটি পাখি
শুধুই ওড়ে
তিনটি পাখি
শুধুই ওড়ে।
আগের দিন
মনটা ছিন্ন হয়ে আছে-কফির টেবিলে
দোলের পরদিনের ভোরবেলার
পরিত্যক্ত জবা ফুলের মত।
মানুষ ততদূর ভাবতে পারে—
যতদূর ছড়িয়ে ছিল আদিম মানুষ
এর পূর্বে সবই ভগ্ন জলাশয়
দ্রৌপদীর পাঁচ স্বামী
সূর্যের সঙ্গে সহবাসের শীৎকার।
সোম
এখনো কী মেঘ দেখো?
অনেক অনেক মেঘ
ঝাঁকে ঝাঁকে
নেমেছে তোমার স্বর্গোদ্যানে!
ঘরের চৌকাঠ পেরিয়ে ঘন জঙ্গলে যেও না
বাঘ খেয়ে ফেলবে
আমি তো বাঘিনী
রক্তের বাসনা আমারও তো কিছু আছে।
কিছু ভুল
কিছু ভুল প্রশ্ন হল
কিছু ভুল হারিয়ে গেল
তবু দেখি কিছু ভুলেরা
পুরনো ভুল ভাঙালো
কিছু ভুল তোমারও ছিল
কিছু ভুল আমারই দায়
ভুল বুঝে ভুল হয় জানি
ভুল শুধু প্রশ্ন জাগায়।
মানুষের মানুষী ভুলে
ক্ষমাহীন করে সবকিছু
মাঝরাতে ঘুম ভেঙে দেখি
পলাতক ছায়া পিছু পিছু।
জীবন তো আর কিছু নয়
ভুল পথে শুধু চলে যাওয়া
সন্ধ্যার মেঘ-ও অবেলায়
ভুল দিকে করে ইশারা।
আমাদের জীবনের এই
তমসার কালো কালো দিন
মানবের জীবনের কাছে
সুখ হয়ে আসে না সুদিন !
অরণ্যে
নিঃসাড় অরণ্যে
মানুষগুলো আবছা দাঁড়িয়ে
কে কাকে চেনে
বৃক্ষ কেবল চেনে বৃক্ষকে।
গোধূলি বেলায়
হাত ইশারায়
তুমি যদি ডাকো আমায়
রঙিন প্রজাপতি হয়ে
ঠিকই দেব সায়।
তবু বৃক্ষ লতা বৃক্ষকেই চেনে
অরণ্যে মানুষ কী করে?
আসো অরণ্যে কথা বলি নিচু নিচু স্বরে।
ঘুম
জলের ভেতর পাখির ছায়া
জল তো জলের নিয়মে রং ধরেছে
পাখির রং হারিয়ে গেল জলে।
তুমি বিস্তর ছিলে
আছো
তবু বুঝে পাই না
কে কার মুখ রাখি
কে কার
করতলে।
রং চিনি না আর আজ
মুখ চেনাও হলো কই?
না এলেও
ঘুম
আমি জেগে থাকবোই।
