মন্দিরা এষ: ব্লাইন্ড ম্যাজিক
ব্লাইন্ড ম্যাজিক – ১
রুপকথা চ্যাপ্টারে ম্যাজিশিয়ান একজন স্যান্টা ক্লজ। পৃথিবীর সমস্ত ডিসেম্বরের জন্য একটি করে ম্যাজিক আছে তাঁর ঝুলিতে। ডিসেম্বর মানেই মায়েদের উলের কার্ডিগান আর হাঁসেদের সান্ধ্যবিউগল। নামগোত্রহীন কতিপয় অন্ধ শিশুর সামনে নতজানু স্যান্টা।
তার দিকে গন্তব্য করা অন্ধ পায়েরা এগোয় মুখস্ত নিশ্বাসের দূরত্ব মেপে। সমস্ত সে পথে ম্যাজিশিয়ান অপূর্ব কৌশলে রুয়ে দিচ্ছে মায়া ক্যাকটাস। আয়ুবৃক্ষে মুদ্রিত রক্তজবার থেকে যার জন্ম কেবল সে-ই মসৃণ দৃশ্যের থেকে কুড়িয়ে নেয় বোধ!
ব্লাইন্ড ম্যাজিক – ২
অন্ধ শিশুটি ম্যাজিশিয়ানকে বলে আমি পৃথিবীর অব্যক্ত গান, কান পেতে শোন। আমি তোমার প্রলম্বিত ছায়া, যা সঙ্গে নিয়ে চলো। আমি তোমার মিথ্যা, যা তুমি ভালোবাসো। আমি তোমার সত্য, যা তুমি অনুধাবন করো। আমি তোমার একান্ত শূন্যতা, যা চিরন্তন। আমি তোমার কোলাহল, যেখানে তুমি নটরাজ। আমি তোমার পথ ও পথিক, যেখানে তোমার যাত্রা ও গন্তব্য। আমিই তুমি, কিন্তু তুমি খন্ডিত আমি।
ম্যজিশিয়ান উত্তর করলো- আমি তোমার অতীত, যা অপরিবর্তনীয়। তুমি আমার ভবিষ্যৎ, যা নির্মাণযোগ্য।
ব্লাইন্ড ম্যাজিক – ৩
ম্যাজিশিয়ান কিছু কালো বল হাতে তুলে নিলো। এবার একে একে ছুঁড়ে দিচ্ছে অন্ধ সহকারীর দিকে। অন্ধসহকারী টের পেলো একগুচ্ছ শৈশব ঘ্রাণ ধেয়ে আসছে তার দিকে, সে আনন্দে লুফে নিলো। দ্বিতীয়বার পেলো প্রথম প্রেমের ঘ্রাণ, সে গ্রহণ করলো। তৃতীয় দফায় সে পেলো বৃষ্টিগন্ধ, সে শরীরে মাখলো। চতুর্থবার বেদনাগন্ধী, বুকে ধারন করলো। পঞ্চম এবং শেষবার যে অপরিচিতগন্ধ তার দিকে ধেয়ে আসছিলো সেদিকে তর্জনী তুলে এক অদ্ভূত অমিয় হাসি হাসতে হাসতে বলল- 'মৃত্যু'!
ব্লাইন্ড ম্যাজিক – ৪
অন্ধসহকারীর হাতে একটি প্রাচীন গন্ধী রুমাল, যার রঙ তার জানা নেই। ম্যাজিশিয়ান বলল- 'একলক্ষ বছর ধরে আমার সহকারী এই রুমালটি বইছে তার সাথে। এখানে অসংখ্য জাহাজের আত্মকথা আর এক আশ্চর্য্য সমুদ্র লুকানো আছে। আসুন আমরা পৃথিবীর শুরুতে ভ্রমণে যাই। আর পৃথিবীর শুরুতে যেতে হলে আমাদের নগ্ন শরীরে এই রুমাল অব্দি হেঁটে আসতে হবে। আছেন কোন সাহসি-পবিত্র আত্মা? তবে আওয়াজ দিন, লাইনে দাঁড়ান।'
নীরবতা ভেঙে অন্ধসহকারী হাসতে লাগলো জীর্ণ রুমাল কাঁপিয়ে; আর তার তলার সমুদ্র ডুঁকরে উঠলো গাঢ়নীলে! জাহাজেরা বোবা আর কালা ছিলো। তারা অবুঝের মতো প্রতীক্ষা করতে লাগলো, নাবিকের দল এবার বুঝি নোঙর তুলে নেবে।
ব্লাইন্ড ম্যাজিক – ৫
ম্যাজিশিয়ান তার কালো ওভারকোটের ভেতর থেকে একটা শাদা কবুতর বের করে অন্ধ সহকারীর হাতে দিলো। রক্তাক্ত কবুতর, যার পায়ে বাঁধা চিরকুট। অস্থির ডানা থেকে ঝরে পড়ছে মাইলকে মাইল আকাশ, আকাশ মেঘলা। অন্ধ সহকারী বলল- মোহ! ম্যাজিশিয়ান তার আস্তিন থেকে এবার একটা রেশমি রাত বের করতে লাগলো দীর্ঘ-অফুরান! অন্ধ সহকারী বুক ভরে গন্ধ টেনে নিয়ে বলল- সহোদরা! ম্যাজিশিয়ান একটি পেন্ডুলাম দোলাতে লাগলো অন্ধ সহকারীর চোখের মুখোমুখি। এবার অন্ধ সহকারী হাসতে হাসতে বলল- ভ্রম!
ব্লাইন্ড ম্যাজিক – ৬
না দিন না রাত, না বৃষ্টি না রোদ্র, না ঢেউ না বায়ুশূন্য, এমন এক মুহূর্তে অন্ধসহকারীকে যাদুকাঠির সাহায্যে ভাসিয়ে দেয়া হলো শূন্যে। এরপর ম্যাজিশিয়ান যাদুরকাঠিটি নাড়েচাড়ে ঢেউ খেলিয়ে আর সেইসাথে অভিন্ন মুদ্রায় অন্ধসহকারী ক্রিয়াশীল হয়। দূ-রে কোথাও বাজছিলো রাগ সিন্ধু! অথচ দর্শকসারিতে সান্নাটা। সম্মোহন এক যাদুবদ্ধ জরা। অবধারিত অদৃশ্য ঘণ্টা বেজে উঠতেই ম্যাজিশিয়ান দক্ষতার সাথে সটান নামিয়ে রাখে যাদুকাঠি।
শূন্য থেকে গভীর অতলে হারিয়ে যাবার পথে অন্ধসহকারী কেবল উচ্চারণ করে- লীলা!
ব্লাইন্ড ম্যাজিক – ৭
ম্যজিকম্যানের তুড়িতন্ত্রে ডার্কডেন্স ছড়িয়ে দিচ্ছে তন্দ্রা ! অন্ধসহকারী শূন্যে ভাসছে; শীতল ডার্কডেন্স মুদ্রায় ! আর ফালিফালি করে তরমুজের মতো অদৃশ্য তরবারি কেটে যাচ্ছে অন্ধসহকারী ও একটি ঝলমলে সফেদ শনিবার অথচ রক্ত ছড়াচ্ছেনা! আর খুব কাছেই কোথাও বোবাদের ইস্কুলে চুপ গাইছে কেউ ! যাদুবাদি অন্ধ তার বিশ্বাসে স্থাপন করে ন্যয় যা প্রকৃতি নির্ধারত এবং সে জানে ম্যাজিশিয়নের খাতায় লেখা হবে নিযুত সংখ্যক ফাঁসি- Hang till death !
ব্লাইন্ড ম্যাজিক – ৮
ম্যাজিশিয়ান ও অন্ধসহকারী পরস্পর মুখোমুখি । ম্যাজিশিয়ান কিং অফ স্প্রেডস রাজা ডেভিডের সাজে সজ্জিত আর অন্ধসহকারী রাউন্ড টেবিলের নাইট। সামনে ছড়ানো একান্নটি তাস। ম্যাজিশিয়ান তার সহকারীর উদ্দেশ্যে বলে- এখানে যা ছড়িয়ে দিলাম, সকলই উন্মুখ সঠিক মুহূর্তে উড্ডীন অপেক্ষায়। অন্ধসহকারী প্রশ্ন করে- চিরকালই রাজা শের্লেমেন কেন আত্মঘাতী হন? ধূসর চোখের ম্যাজিশিয়ান উত্তর দেন- এটাই পৃথিবীর নির্ধারিত নিয়তি!
অন্ধসহকারীর চোখেমুখে হাসি ফুটে ওঠে এবং সে প্রতিউত্তর করে- তাহলে বায়ান্নতম কার্ডটি ইস্কাপনের টেক্কা। অন্ধসহকারীর কাঁধ ছুঁয়ে ম্যাজিশিয়ান শ্রান্ত কন্ঠে উচ্চারণ করে- 'Let Us Play at Triumphs'!
ব্লাইন্ড ম্যাজিক – ৯
মঞ্চের দক্ষিণ কোণে দূরাগত আলো। নিঃশ্ছিদ্র আয়তকার কালো বাক্স, ম্যজিশিয়ান জানে কোথায় তার চাবি। তিনি অন্ধসহকারিকে নির্দেশ দিলেন তাকে অনুসরণ করতে। ম্যাজিশিয়ান দর্শকদের উদ্দেশে বললেন- এ এক আশ্চর্য্য বেদনা! পূর্ণগ্রাস সূর্যগ্রহণকালে মানুষ অস্থির হয় অনভ্যস্ততার অযুহাতে, অথচ অন্ধকারই তার জঠর ও জরান্ত। অন্ধ সহকারী ম্যাজিশিয়ানের হাত ধরে কালো বাক্সে গিয়ে উঠলো, ভাবলেশহীন। তালাবদ্ধ কালো বাক্স নিক্ষেপিত হলো গভীর সমুদ্রে। ম্যাজিকের সুত্র ভুলে অন্ধ সহকারী ডুবে গেলো আঁধারের সঙ্গীতে, যা ক্রমশ আত্মার অতলান্তে ধ্বনিত হয়, যা চ্যুতি-বিচ্যুতিহীন মহাকাল এবং যা সে নিজে।
ব্লাইন্ড ম্যাজিক – ১০
প্রাচীন মদের মতো নগর। ম্যাজিশিয়ানকে প্রশ্ন করলো নগরদ্বারপাল- কে তুমি? ম্যাজিশিয়ান উত্তর দিলো- নিজেকে প্রশ্ন করো 'তুমি কে'। নগরদ্বার খুলে গেলো। ম্যাজিশিয়ান ও তার অন্ধ সহকারী একটি জীর্ণ সরাইখানায় প্রবেশ করলো। সুর ও সুরায় মগ্ন যবন জীবন। টাল খায়, পিছলে পরে, ফের হল্লা করে কতিপয় নীচ। ম্যাজিশিয়ান মঞ্চে উঠে গেলো। অন্ধ সহকারীকে শুইয়ে দেয়া হলো সমান্তরাল কাঁচে এবং অপূর্ব মায়ামন্ত্রে ঘোরগ্রস্থ সে। ম্যাজিশিয়ান একটি তীক্ষ্ণ তরবারি দিয়ে অন্ধসহকারীকে ঠিক মাঝ বরাবর কেটে দুভাগ করে নিলো; রক্তপাতহীন।
এবার তিনি বলতে শুরু করলেন- মানুষকে তার বিবেক ও যুক্তি থেকে ব্যবচ্ছেদ করে অহম; ঠিক এইভাবে। তখন তার বিবেকের কথাগুলো যুক্তির কাছে আর যুক্তির কথাগুলো বিবেকের কাছে পৌঁছায় না কখনও। অথচ তারা একই আত্মার অভিন্ন স্বত্বা।
ব্লাইন্ড ম্যাজিক – ১১
ধনী ও প্রৌঢ়দের সমাবেশে ম্যাজিশিয়ান তার ম্যাজিক গাউন থেকে একটি শাদা খরগোশ বের করলো। খরগোশটি স্টেজ থেকে লাফাতে লাফাতে চলে এলো দর্শক সারিতে বসা এক সুসজ্জিত সুন্দরীর পায়ের কাছে। স্বগর্বে নারীটি খরগোশকে কোলে তুলে নিলো এবং বললো- ওহ ঈশ্বর! আমাদের উল্লাসপ্রবণ বিষাদের ধ্বণি সে শুনতে পেয়েছে। ম্যাজিশিয়ান উত্তর করলো- সে আসলে আত্মসুরক্ষা ও আত্মতৃপ্তি ব্যতীত অস্তিত্বহীন। আহত-আনত দৃষ্টিসমূহ খরগোশটির দিকে ফিরে তাকানোর সাথে সাথে খরগোশটি হাওয়া! ম্যাজিশিয়ান সেজন্য গভীর দুঃখ প্রকাশ করে বলল- মহোদয়া, আপনাদের মনোরঞ্জনে আজকের সন্ধ্যাটি আমি উৎসর্গ করেছি। এবার ম্যাজিশিয়ান তার কালো গাউন থেকে বের করলো বর্ণোজ্জ্বল একগুচ্ছ ফুল। সকলেই মুগ্ধতায় হর্ষোধ্বনি করলো। অন্ধ সহকারী সেসব বর্ণিল ফুল তৃপ্ত প্রৌঢ়দের মাঝে বিতরণ শুরু করলে একজন অভিযোগ করলো- আমাদের ঠকানো হচ্ছে, এগুলোর সৌরভ নেই। সকলেই সমস্বরে ক্ষুব্ধ উচ্চারণ করলো- হ্যাঁ, সৌরভ নেই। তখন ম্যাজিশিয়ান সকলের উদ্দেশ্যে উচ্চারণ করলো- আপনারা আগে ঠিক করুন কোথায় আপনাদের জীবনারাধ্য। কাম না কলায়? সমভোগ না সৌহার্দ্যে? আমৃত্যু না অমরত্বে?
ব্লাইন্ড ম্যজিক – ১২
ঝলমলে আসর শেষে ম্যাজিশিয়ান শূন্যবলয়ে কাত হয়ে ঝুলে আছে। অনেকগুলো বেখাপ্পা উত্তর তার ঝুলিতে; অথচ প্রশ্ন করছে না কেউ। জুয়াড়িরা কুকুরের কান্না অনুসরণ করে বাড়ি ফিরে গেছে, মাতালেরা কুকুরকে অনুসরণ করে কান্না জুড়েছে। রাতপ্রহরীরা কে কোথায় কে জানে! ম্যাজিশিয়ান চাঁদের মতো ঈষৎ ঝুঁকে প্রশ্নের অপেক্ষায়; অথচ প্রশ্ন করছে না কেউ!
শহরের সুপরিচিত পাগল উচ্ছিষ্ট ভোজন শেষে এগিয়ে আসে তার দিকে। নরম কাতর কন্ঠে আবদার করে- তোর ঝুলিটা আমাকে দে। কালাকানুন চলে এ শহরে; সমস্ত অপেক্ষা ফুরিয়েছে মুখস্ত অভ্যাসে। তুই বাড়ি ফিরে যা।
ব্লাইন্ড ম্যাজিক – ১৩
ম্যাজিশিয়ান ও তার সহকারী ম্যাজিক দেখাতে এসেছে বোকাদের গ্রামে। শোনা যায় ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে এ গ্রামের উপড়। এখানে শিশুরা শিক্ষক, তরুণরা ধর্মপ্রচারক আর বয়স্করা রাতপ্রহরী। অসুখ হলে সকলেই দলবেঁধে নদীর কাছে যায় এবং ততোক্ষণ তীরে বসে থাকে; যতক্ষন না পাখিসহ অন্যান্য পতঙ্গ প্রত্যেকে গ্রামে ফিরে আসে। কেবল মৃত্যুকে ঘিরেই তাদের সকল উৎসব।
ম্যাজিশিয়ান দর্শকদের উদ্দেশ্যে বলতে শুরু করে- এই টিনের বাক্স একটি স্বাস্থ্যবান মহিষের মালিক। তিনটি রৌপ্যমুদ্রার ঝনঝন শব্দে এটি আমি ক্রয় করে নেবো। তিনি তিনটি রৌপ্যমুদ্রা বাক্সে ফেললেন একে একে, কিন্তু শব্দ হলোনা। তখন দর্শক সারিতে বসা এক তরুণ বলে ওঠে- এখানে মুদ্রা বাজে না।
ম্যাজিশিয়ান এবার একটি কারুকাজময় লৌহদন্ড হাতে তুলে নিলেন এবং বললেন- এটি একটি যাদুদন্ড যা কথা বলে এবং মানুষের ভাগ্য নির্দেশ করে। তিনি সামনের সারিতে বসে থাকা হাস্যোজ্জ্বল এক শিশুকে দেখিয়ে লৌহদন্ডের নিকট জানতে চাইলেন- সূর্য যখন মধ্যগগনে শিশুটি কি ঐ পাহাড় চূড়ায় উঠবে? দন্ড নিরুত্তর! তিনি আবারো একই প্রশ্ন করার প্রস্তূতি নিলে শিশুটি দাঁড়িয়ে বলে ওঠে- এখানে দন্ডরা বোবা এবং আজ্ঞাবহ ফসলের কাছে।
কিংকর্তব্যবিমূঢ় ম্যাজিশিয়ানকে তার অন্ধ সহকারী তখন বলে বারংবার সময়ের উল্টোবিম্বে আমরা প্রফলিত হই, যা একই রকম দেখতে হলেও একই বস্তু নয়।
ব্লাইন্ড ম্যজিক – ১৪
মালঙ্গি নদীর মুখে সন্ধ্যা নামছে যখন ম্যজিশিয়ান থামলো; তার আস্তিন আঁকড়ে ধরে দক্ষিণ কোণে থমকে দাঁড়ালো অন্ধসহকারি। ম্যজিশিয়ান জানতে চাইলো- এবার আমরা কোথায় যাবো?
সে বললো- আমরা আসলে কোথাও যাই না। পৃথিবী আমাদের কাছে বার বার ফিরে আসে নতুন ডাকনাম নিয়ে।
-তাহলে এখন আমরা কোথায়?
-যেখানে প্রশ্ন করা যায়না, কেবল এগিয়ে যাওয়া ছাড়া।
-কিন্তু আমরাতো থেমে আছি।
-সত্যিই কি থেমে রয়েছি? অল্প কয়েক লহমায় আমরা চলেছি আলো থেকে অন্ধকারে।
ব্লাইন্ড ম্যজিক – ১৫
মালঙ্গির অন্য তীরে জলদস্যুদের গ্রাম। যেন অনন্ত অন্ধকারে টিমটিম মাটির পিদিম, কালোজলে জ্বলছে সেই প্রলম্বিত ছায়া। তারা ধীরপায়ে এগিয়ে যায় সদ্যনির্মিত মঞ্চে।
দর্শকসারিতে বসা দস্যুসর্দার বলে- আমাদের বাচ্চারা আমাদের জাদুকর বলে জানে এবং তারা ভয় পায় অন্ধকার ও আমাদের। তোমরা তাদের ভয় দূর করে দাও, নাহয় মারা যাও।
শিশুদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা ম্যজিশিয়ান এবার অনেকগুলো রঙিন বল ক্রমাগত শূন্যে ছুঁড়ে লুফে নিতে লাগলো। শিশুদের মুখে হর্ষধ্বনি শুনে অন্ধসহকারি বলল- যদি দক্ষ হও তবে তুমিও জাদুকর! হঠাত একটি লালবল ম্যজিশিয়ানের হাত থেকে গড়িয়ে পড়লে শিশুরা একসাথে হতাশায় ঝুঁকে পড়ে উচ্চারণ করে- হায় ঈশ্বর! তখন অন্ধসহকারি আবার বলে- আর তা না হলে তুমিও মানুষ!
ব্লাইন্ড ম্যজিক – ১৬
একটি সুউচ্চ প্রাচীর ঘেরা অঞ্চল, দূর-ধূসর। ম্যজিশিয়ান ও অন্ধসহকারি এসেছে সেখানে।
এক ছায়ামূর্তি সামনে এসে দাঁড়ালো সঙ্গে নিয়ে অনুসারি ছায়াদল। ছায়ামূর্তি বললো- আমাদের শরীর হারিয়ে গেছে অন্য এক যাদুকরের অসমাপ্ত যাদুতে। পিতারা গত হয়েছে; আর মাতাদের ছায়াগর্ভে জন্ম নিয়েছে অগুনতি ছায়া। দূর কম্পমান আলোর কাফেলা ক্রমশ ম্লান করে দেয় আমাদের আত্মা। কাঁপতে থাকি ভয়ে।
ছায়ারাজ্যের মাতাদের উদ্দেশ্যে ম্যজিশিয়ান বললো- নিশ্চুপতা কবরের ঘ্রাণ বয়ে আনে; কেবল দূর্বল ও ভীরুরা তা অনুস্বরণ করে নিজেদের আত্মার কবরে। আজ আমি অসমাপ্ত যাদুটিকে পূর্ণতা দেবো।
এবার অন্ধসহকারী ছায়াদের উদ্দ্যেশে বলে- আপনাদের শরীর আপনাদের পিতার জন্মদাতা। চোখ বুজুন এবং অন্তরাত্মাকে মেলে ধরুন। (মনে রাখবেন নাভিমূল থেকে উৎসরিত নিনাদে প্রতিষ্ঠিত হয় নিজ কায়া)
ছায়াদের চিৎকারে ফেটে পড়ে অনিবার্য আলোনদী; ঢেউ হয়ে বয়ে যায় ধূসর জগত! মানুষের হৃদয় হতে জন্ম নেয় অজস্র মানুষ!
ব্লাইন্ড ম্যজিক – ১৭
ধু ধু মাঠের কেন্দ্রে স্থাপিত গোলতাঁবু; মাঠের বিশালতায় আবছায়া তিলসম। পিঁপড়ার অজস্র পা নিয়ে একটি দীর্ঘ-কালো সাপ ঢুকছে তাঁবুর পেটের ভেতর; কৌতুহলি চাষাভুষোর দল। সাতটি সাদা পর্দা টাঙানো মঞ্চে ধিমি আলোয় জ্যোৎস্নার স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে। হঠাত প্রথম পর্দায় ফুটে ওঠে ম্যজিশিয়ানের চিত্র এবং অন্ধসহকারি ধীর পায়ে এগিয়ে আসে মঞ্চের সামনে সমবেত জনতার দিকে। ম্যজিশিয়ানের চিত্রটি নড়ে ওঠে একটি যাদুকাঠি তার শিষ্যের দিকে তাক করে ধরতেই শিষ্য ভেনিস। দর্শক বিস্ময়ে কোলাহল করে ওঠে। আবার ম্যজিশিয়ানের যাদু কাঠি অন্য এক পর্দায় তাক করতেই সেখানে দেখা যায় অবিকল অন্ধ সহকারির সাতটি কায়াচিত্র একই ভঙ্গিতে ধ্যানরত; একই মুদ্রায় তাদের শ্বাস-প্রশ্বাস চলছে। এবার তারা ধিরে ধিরে একইভাবে উঠে দাঁড়ায় এবং একই সঙ্গে উচ্চারণ করে- শৃঙ্গখলা! ঠিক তখন ম্যজিশিয়ানের কায়াচিত্র ধোঁয়ার মতো পাঁক খেয়ে উড়ে যায় পর্দা থেকে এবং অন্ধসহকারির কায়াচিত্রগুলো একে একে ছড়িয়ে পড়ে প্রতিটি পর্দায় এক এক জন ম্যজিশিয়ান হয়ে।
হতবিহব্বল দর্শক হর্ষোল্লাসে ফেটে পড়লে হঠাত তারা দেখতে পায় মঞ্চে দাঁড়িয়ে অবিকল একই রকম দেখতে সাতজন ম্যজিশিয়ানের শান্ত-তৃপ্ত মুখ।
ব্লাইন্ড ম্যজিক – ১৮
ভোর হলে ম্যজিশিয়ান ফিরে যায় পাখিযুগে। পালক বিছানো পথের শেষে এক পুরানো বাড়ির দহলিজ। এই ঘোর তার একান্ত অমীমাংসা। আজ সে একাই এসেছে সমস্ত অধিত বিদ্যার চুড়ান্ত পরীক্ষাগারে। জলের প্রান্তে এক বিষণ্ণ কিশোরের মুখ কাঁপছে তিত্তির! ম্যজিশিয়ান জানে তার ভবিতত্য অতীত। ডুমুর কুড়ানো মেয়েটিকে পুরানো ঝুলির ভেতর খুঁজতে গিয়ে খুঁজে পায় মুন্ডুহীন সাইকেলবালক। সাইকেল তীব্র গতিতে এলোপাথাড়ি ছুটিয়ে মুন্ডুহীন বালক লাতাপাত্তা! ম্যজিশিয়ান জানে এখান থেকেই তার ম্যজিশিয়ান হয়ে ওঠার প্রারম্ভিক আয়োজন।
সবজিক্ষেতের মাঝে ইস্কুলবাড়ি; অনেকগুলো কাকতাড়ুয়া সুর করে পড়ছে আর কুঁজো শিক্ষক এগিয়ে এসে তার হাতে তুলে দেয় একবীজ ফল। এবার সে আর প্রত্যাখ্যান করে না শিক্ষককে। কিন্তু হাত মেলে দেখে ফলটি শুকিয়ে গেছে। হায়!
এক নিশ্বাসে দৌড়ে ম্যজিশিয়ান ঢুঁকে পড়ে সেই পুরানো স্যাঁতস্যাঁতে বাড়িটিতে। পাকুড়ের শিকড় ছুঁয়ে আঁতুড় ঘর; কান্নারত একলা শিশু, কেউ যাচ্ছে না তার দিকে। ম্যজিশিয়ান ঝিনুকে করে কয়েক ফোঁটা জল তুলে দেয় শিশুটির মুখে। শিশুটি এবার উঠে গিয়ে এক বৃদ্ধার পিঠ ঘেঁষে বসে; প্রাচীন পুঁথির থেকে বৃদ্ধা তুলে আনে কারুকার্যময় যাদুকাঠি! শিশুটি হাসতে হাসতে যাদুকাঠিটি ম্যজিশিয়ানের দিকে তাক করতেই আতংকিত ম্যজিশিয়ান চিৎকার করে বলে ওঠে- না!
ততোক্ষণে সবকিছু ভেনিস। দীর্ঘ নৈশব্দে ঝরে পড়ে অজস্র পাকুড়পাতা…
ব্লাইন্ড ম্যজিক – ১৯
সূর্যাস্তের পর শুরু হবে যাদু; সম্মুখে মানুষের সমুদ্রে অস্তির কোলাহল। রুপসজ্জারত প্রাজ্ঞ ম্যজিশিয়ান আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকান; ঘোলাটে ধূসর চোখ চলে যায় পেছনে দন্ডায়মান সহকারীর দিকে। পেছন ফিরে ম্যজিশিয়ান তার সহকারীকে বলেন- দূরাকাশে পাখির উড়বার কৌশলে যেমন আমরা জেনে যাই তার বংশপরিচয়, তেমনি শিষ্যের লব্ধ জ্ঞানালোকে বিচ্ছুরিত হয় তার উৎসস্থল। যাও; নিজের গুরুর পরিচয় উন্মোচন করো।
অন্ধকার মঞ্চে ম্যজিশিয়ানের পোষাকে আজ অন্ধ সহকারী। তার সামনে একটি ছোট্ট ফুলগাছ; আর পেছনে সাদা ক্যানভাসে সেই গাছের ছায়া। অন্ধ ম্যজিশিয়ান একটি ধারালো কাঁচি দিয়ে প্রথমে একটি ছোট্ট ডালের ছায়াকে কেটে ফেলে ক্যানভাস থেকে; একই মুহূর্তে ফুলগাছ থেকে আলগা হয়ে ঝরে পড়ে সেই ডালটি! দর্শক নির্বাক। এবার ম্যজিশিয়ান সুনিপুণ মালির মতোই একে একে ছায়াবৃক্ষ থেকে সবগুলো ডাল কাটতে থাকে; আর ফুলগাছ থেকেও একই মুদ্রায় ঝরে পড়ে দেহাবশেষ; কেবল কান্ডটি ছাড়া। তখন ম্যজিশিয়ান দর্শকদের উদ্দেশ্যে বলে ওঠে- মাঝে মাঝেই আমাদের অন্তরাত্মা প্রতিরূপ তৈরি করে এবং সেই প্রতিরূপ আমাদের নিয়ে যায় বিভ্রম জগতে।
দর্শকের তুমুল করতালিতে বৃষ্টি নামে। অন্ধ ম্যজিশিয়ান অপূর্ব হাতের কৌশলে ছায়াবৃক্ষের কান্ডে সেই বৃষ্টির জল সিঞ্চন করে এবং মুহুর্তেই ফুলগাছটি আবার পত্র-পল্লবে বেড়ে ওঠে পূর্বের মতো; কেবল ফুল ফোটেনা। ম্যজিশিয়ান আবার বলে- বিভ্রম জগতে সকলই পরান্মুখ। কিন্তু অন্তরাত্মার জাগরণ ছাড়া প্রস্ফুটন অসম্ভব। এই বলে ম্যজিশিয়ান সেই সাদা ক্যানভাস সরিয়ে ফেলে; মঞ্চে আলো ঝলমল করে ওঠে; আর গাছটিতে দুহাতে স্পর্শ করতেই ধীরে ধীরে আশ্চর্য এক ফুল ফুটে ওঠে।
ব্লাইন্ড ম্যজিক – ২০
ম্যজিশিয়ান ও অন্ধ সহকারী তাদের ব্যক্তিগত সৈকতে বৃক্ষের মতো ঋজু দাঁড়িয়ে। কোমল সাদা চিঁড়ে উড়ে যায় দুটি হুবারা বাস্টার্ড, একই দিকে।
ম্যজিশিয়ান সে দিকে তাকিয়ে বলে- দক্ষ শিকারী পাখি গতিপথ বদলায় এবং আরো উঁচুতে গিয়ে তারা একা হয় । তোমার দীক্ষা সম্পন্ন হয়েছে, অতএব তুমিও একা হও, ছড়িয়ে পরো আরো উঁচুতে। কাচভাঙা স্বরে অন্ধ সহকারী উত্তর দেয়- আপনার চোখ দিয়ে আমি দেখি আর আপনার স্বরই আমি অনুস্বরণ করি। আপনি আমার স্বত্ত্বার অনিবার্য সত্য। ম্যজিশিয়ান উত্তর দেন- বাস্তবিক অর্থে তুমি তোমার অন্তরাত্মা দিয়ে উপলব্দি করো, যা দৃষ্টির থেকে সত্য। পৃথিবীর ক্ষুদ্রাতি ক্ষুদ্র শব্দও তুমি অনুধাবন কর, যা দৃশ্যের থেকে স্বচ্ছ। প্রিয় বৎস! তুমি জেনেছো যে আমাদের অস্তিত্ব কতোটা সত্য নির্ভর এবং সত্য কতোটা অস্তিত্বে প্রকাশমান। অন্ধত্ব চোখে থাকে না, থাকে প্রকাশের ভীরুতায়। তোমার মতো দেদীপ্যমান চোখের মালিক আমি নই।
নিশ্চুপ অন্ধ সহকারীকে পেছনে রেখে ম্যজিশিয়ান হাঁটতে থাকে সামনে। অনেকটা যাবার পর থমকে দাঁড়িয়ে তিনি উচ্চস্বরে বলেন- এখন আমি একাই চলে যাচ্ছি। তুমিও যাও এবং একাকী ছড়িয়ে পড়। আমাকে হারিয়ে ফেলো এবং নিজেকে খূঁজে নাও। আমাকে সম্পূর্ণরুপে প্রত্যাখ্যান করো, যেভাবে শীতকে প্রত্যাখান করে বসন্ত আবির্ভূত হয় এই পৃথিবীতে। তোমার প্রতি এটাই আমার শেষ নির্দেশ!
