সুস্মিতা চক্রবর্তীর নিমগাছ, একটি সম্পর্ক ও অন্যান্য কবিতা
আমরা যারা
আমাদের জন্য কারো আবাহন নেই,
নেই কারো বিসর্জন।
আমরা ভেঙেছি যে শৃঙ্খল,
নিজের ভেতরে,
বর্ণপ্রথার দ্বিচারিতার দিন,
আমাদের আত্মীয় তাইতো রক্তে নেই,
রয়েছে কেবল এ আত্মায়।
আমরা অভিষিক্ত হই নি কোনো বরণডালায়
তবু গাছ আমাদের মাথায় পুষ্পবৃষ্টি দিয়েছে
বাতাস দিয়েছে ওড়ার অধিকার
বৃষ্টির জল আমাদের ক্ষতবিক্ষত মুখে
তুলে দিয়েছে লাবণ্য।
আমাদের প্রথাভাঙা বিচ্ছেদের দিনে,
কেউ বলেনি, খেয়ে নে, তারপর বাইরে যা
আমাদের যাযাবর দিন একটা ঘরভাড়া নিতে কত হেঁটেছে,
সে খবর প্রয়োজনীয় পা'দুটো ছাড়া কে বুঝেছে!
অতঃপর নিজের একটা স্বাধীন ঘর হয়েছে,
একটা পাখিডাকা সকাল
সেই ঘরের বারান্দায় এসে বসেছে,
একটা অস্তগামী সূর্যের রেশ
ছড়িয়েছে মোহময় আলো,
আমরা যারা হাল ছাড়িনি,
দুহাত এক করিনি,
কর্তৃত্বের কাছে!
অথচ আকাশ আর আমলকীর কাছে নতজানু
আমরা,
বাতাস খুঁজে বাঁচা শিখেছি!
নিমগাছ ও একটি সম্পর্ক
নিমের চারাটি মরে গেল,
এদিকে সম্পর্কটিও!
মন কোনো স্মৃতি রাখতে চায়নি,
গাছটি এ কথা শুনেছিলো!
এই প্রথম কোনো গাছের মৃত্যু,
সম্পর্ক-স্মৃতিমুক্ত করলো,
গাছটি কথা রাখলো!
শেকড়
এসেছিলো এক নরকের মত দিন
মানুষের যত শুভ্র স্বভাব ভেঙে
আত্মরতির আগুন বিছানো ঘরে
পশু ফিরেছিলো শিকারের পথ চিনে
সন্ধ্যা যখন নামলো সড়ক ধরে
ফিরে এসেছিলো পশুদের সম্বিত
কিন্তু পথিক ফিরলো না চেনা পথে
পুরোনো দরজা, জং-ধরা-কড়া নেড়ে
পথ দিয়েছিলো স্বজনের মত ডাক
আকাশের কাছে জমা রাখা মনোভার
সমতল থেকে পাহাড়ের ভাঁজে ভাঁজে
বদলে ফেলার প্রত্যয় বাসনার
তারপর কত দিন চলে গেছে দূরে
পথিক পেয়েছে শেকড়ের সন্ধান
ফিরেছে মায়ের লুকানো স্নেহের জমি
ফুল ধরে তাতে জল দেয়া অনুরাগ
এ জমির কাছে নতজানু বারো মাস
রোদেজলে ভাসে বাতাসের লুটোপুটি
যদি ঝরে যাই ফুল হয়ে যেন ঝরি
যত দিন বাঁচি হৃদয়ের কাছাকাছি
বাদল বয়ে যায়
যদি তোমায় খুঁজে না পাই
পথটা জুড়ে হেঁটে বেড়াই
ঘোর শ্রাবণে সন্ধ্যা নেমে যায়
ঝুমঝুমাঝুম বৃষ্টি এলো
বৃষ্টি দেখে পথের শেষে
একটু দাঁড়াই,
একটু দাঁড়াই!
না হয় আমি ভিজেই যাব
ভেজা চোখে দেখতে পাবো
দূরে তোমার ঝাপসা ছবি
নতুন আঙ্গিনায়!
তুমি কোথাও নেই তো এখন
খুঁজি তবু মনের মতন
তোমার ছবি বৃষ্টিজলে,
আরও অনেক ঝাপসা হলে
বৃষ্টিভেজা চশ্মা কাঁচে
মোছার বেদনায়,
বাঁচিয়ে রাখে তৃষ্ণাটুকু
নতুন প্রেমে মায়ার জলে
দূরের বনচ্ছায়!
এমন শ্রাবণ পাগলপাড়া
বৃষ্টি তোমার জলের ধারা
সন্ধ্যা ঘনায় রাত্রি শেষে
জলের জোছনায়!
মুহূর্ত আজ মুকুরহারা
জলেমগ্ন সন্ধ্যাতারা
পথিক আমি পথিক তুমি
খোঁজার কামনায়,
ভিজতে থাকি শ্রাবণ ঢলে
ভিজতে থাকি কল্পজলে
বাদল বয়ে যায়!
মেঘ করে আসে ঘাসে
পাতা দুলে ওঠে বাতাসে কাঁপন লাগে
ঝিম ধরা রোদে মেঘের পূর্বাভাষ
মেঘ করে আসে বিকেল আঁধার করে
ভিজে যাওয়া সুখে মাঠের দুর্বাঘাস
আকাশও আজকে অনেক দিনের পরে
অঝোর ধারায় ঝরালো মেঘের দানা
ভিজে যাওয়া মাটি নিখাদ জলের সুরে
আকাশের সাথে চিরচেনা জানাশোনা
ওদিকে মানুষ আত্মের রক্ষায়
সব ভুলে আজ দেহচর্চায় রত
এত দিন ধরে দূষণের জঞ্জালে
পৃথিবীর মুখে এঁকেছে কেবলি ক্ষত
শোনে নি মানুষ অন্য প্রাণের কথা
বাতাসে বুনেছে কত বিষাক্ত চাপ
বোঝে নি মানুষ সাগরের গভীরতা
হজম করেছে সভ্যতা-সন্তাপ
আজ দেখো চেয়ে মানুষের অগোচরে
শান্তির ঢেউ চরাচর জুড়ে বয়
রেলিংয়ের গায়ে বৃষ্টির ফোটা জমে
হীরে নয় তবু এ ফোটা হিরন্ময়
ইতিহাস দেখো বার বার ফিরে আসে
মহামারী রূপে মৃত্যুর শামিয়ানা
মানুষ তথাপি ভুলে যায় রীতিনীতি
বিরূদ্ধ পথে অবিরত দাঁড় টানা
