তারিক সুজাত: প্রিয় পৃথিবীকে খুঁজি
চিত্রকর্ম: যোগেন চৌধুরী
১.
কথাগুলো
ঝরা ফুল
ইচ্ছে গাছে
বাঁচে
এতো যে
জীবন ঢালি
তবু তার
শেষ ঠাঁই
হীরের ফুলদানি
২.
পাখির ডানা এসে
বলে গেছে
চলে গেছে হাওয়া
তবু আমি
পড়ে থাকা
পালকের সাথে
কথা বলি…
কে জানে আমার আকাশ
সুরশূন্যপুরে ডুব দিয়ে
কোন আকাশে হাসে।
৩.
রাত্রি এতো কাছে
সকাল কী খুব দূরে
দিনান্তেও আলো ছিল
উদয়েও কী থাকে আঁধার
ছিলাম যে স্রোতে ভেসে
সে জলে এখন ডুবি
৪.
খানিক আগেও ছিলে
এই আয়নায়
চোখ ছুঁয়ে গেছে
কাচের দেয়াল
স্বচ্ছ আয়নায় খুঁজি
মায়াভরা মুখ
মৃদু হে হাওয়া
ফিরে এসো
ক্লান্ত ফুসফুসে …
৫.
সুর
সত্য
অক্ষর
অসত্য নয়
৬.
এক টুকরো আকাশ
এক মুঠো নীল
এক চুল দুঃখ
এক রাশি আশা
এক এক করে বিলীন
৭.
ভেনাসের জন্ম
লেখা হলো আলোর আর্শিতে
আকাশে আকাশে
সমুদ্র কী
দৃশ্যান্তরে
চোখ বুজে দেখেছিল
আনত আদিম রূপ
প্রিয় পৃথিবীর!
জন্মের দাগ
মৃত্যুতে মুছে না
৮.
কেমন আছো
বৃষ্টিকণা
মেঘ থমথম দিনে
জড়িয়ে ধরো
ঝড়ো বাতাস
একটি বছর
কেটে গেল
হৃৎকলমের ঋণে
৯.
জন্মদিন
সৃষ্টির সকালে
মৌন মুখরিত
মহাপ্রস্থান
সৃজনে যে ছিল
বিলয়েও সে সাথী
এসো আলো
হাত রাখো
আমার আগুনে
জন্মদিন
মৃত্যুর প্রহরে
বহু জীবনের রঙে
টুকরো টুকরো
বেঁচে থাকা
১০.
জানালাটি খোলা
দেয়াল ভেঙেছে
ঘর ফিরেছে
পথের চৌকাঠে
