২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাসনুভা অরিন : মনে হয় সে মৃত্যুর কথা লিখছে

তাসনুভা অরিন

Published : 28 Dec 2020, 12:26 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


মনে হয় সে মৃত্যুর কথা লিখছে

কে কার গল্প জানে নদীর বাঁক চিনে চিনে
সময়ের অবতলে ছোট হয়ে আসে সেসব।

একটা কলম ছিল বিচ্ছিন্ন দ্বীপের মতো একা
যতটুকু না হলেই না ততটুকু নিয়ে
তাকে চরিত্র করে কোনো কলমকে কাঁদতে দেখলে
মায়ার চেয়ে বিপন্ন বোধ করি।

মনে হয় সে মৃত্যুর কথা লিখছে।

বৃদ্ধাঙ্গুলি বিসর্জনের দিন

পা বেঁকে গিয়েছিল, পথ না
পিচ্ছিল ছিল, তা-ও না
এরকম বেলে মাটি পথ ছেড়ে সরে আসে না কেউ।

বৃদ্ধাঙ্গুলি বিসর্জনের দিন কে জানত শাসন করবে তর্জনী
প্রতিবাদের দ্বিগুণ শক্তি নিয়ে দাঁড়াবে আয়নার আঁধারে
দূরের আলোকবর্ষ পেরিয়ে অন্ধকারে
বহুদিন বধির ছিল যে আলো
তাকে চোখে পাবার পর আমরা দেখলাম
একটা সকাল তর্জনী হয়ে গেছে।

সাঁতার

একটা রাজহাঁস খুঁজতে খুঁজতে জঙ্গল
রাজহাঁস খুঁজতে খুঁজতে পুকুর।
জলে তার ছায়া কাঁপছে জলকেলিতে।
তাকে ছুঁতে যাব, পায়ের নিচে থই থই সর্বনাশ!

আমি ভুলে গেছি আজন্ম সাঁতার।

ব্লাড গ্রুপ

আমার কোন অক্ষর নেই
একটা ঝরনা আছে
যারা দূরে গেছে তাদের বলতে পারিনি
এখানে নিষ্ঠুরতার পূজা হয়
আমি উপাসনা করি রক্তের
তোমার ব্লাড গ্রুপ কী
এবি নেগেটিভ?

আমার একটা মুমূর্ষু পৃথিবী আছে।

গত জন্মের ধান

আমাদের গরম বদলে যায় শীতে
আর ঘাম উড়তে উড়তে এক মাঠ কুয়াশা
আমিও কি শীতপ্রবণ কবিতার খাতা খুলে বিলিয়ে যাচ্ছি না
রাশিয়ান চাদর?

চারপাশে কুয়াশা কাটার ধ্বনি
আস্তে আস্তে প্রকট হবে পৌষ অবতার
তার সৌরকলঙ্কের নাম হবে ছায়া।
ছায়া জমতে জমতে জন্ম দেবে রাত।

আমরা কিছু সময়ের আলোতে শুকাব গত জন্মের ধান।