বেজে চলে বিজয় সঙ্গীত
শীতবিকেলে কেবলি কোমল মৃদু স্বরে
যেন আকুতি আমার শুধু আলো চাই
একটুকু আলো, দিনান্তের সোনালি আভাকে
দেখবো হৃদয় ভরে, দুঃখকে উপড়ে ফেলার
শক্তি দাও প্রভু, কাঁদবো না মিছে আর
যারা গেছে শোকের সাগরে রেখে কতকাল
আগে, তাদের কারোর জন্য কান্না নয়-
কবরে শীতল দেহ কিম্বা চিতায় ভস্মের
দহনে অথবা কোথা উপেক্ষিত জনপদে
শিয়াল শুকুনে কাড়াকাড়ি করা লাশের শরীর
যখন দাঁড়িয়ে যায় অবিনশ্বর আত্মায়
শোকের লোবান পুড়ে ধরা দেয় তারা
অই দিনান্তের আলোকের সোনালি ঝর্ণা ধারায়
যেন প্রিয়জন আবারো পদ্মকমল ফোটালো স্বদেশের
-নদী সরোবরে
মাতাল তরণী বেয়ে অবিরাম বেজে চলছে এখন
বিজয়ের চিরন্তন দর্পিত আলোক সঙ্গীত জয় বাংলা।
