শান্তি শান্তি ওম
আকাশে কোনো তারা নাই,
কেবলি বাদুড় আর প্যাঁচা,
নষ্ট চাঁদ সঙ্গে নিয়ে
ছুটে চলে হাওয়ায় হাওয়ায়।
সব পুড়ে ছাই,
কবির কলমের কালিও শুকিয়ে যায়।
গীতা পুড়ছে,
উপনিষদ পুড়ছে,
পুড়ছে ত্রিপিটক।
গসপেল পুড়ছে,
বাইবেল পুড়ছে,
পুড়ছে পবিত্র গ্রন্থ।
মন্দির পুড়ছে
প্যাগোডা পুড়ছে
সিনাগগ পুড়ছে
গীর্জা পুড়ছে,
পুড়ছে অন্তরের প্রার্থনালয়।
কাশি জ্বলছে,
মথুরা জ্বলছে,
জ্বলছে গয়া।
হাইফা জ্বলছে,
জ্বলছে বেথেলহেম।
নাজারাথ ভেঙে পড়ছে,
কাবালা হাওয়ায় মিশে যাচ্ছে।
যুদ্ধের নাকাড়া বাজছে,
প্রেতাত্মারা সব নাচছে,
কবির কলমে রক্ত ঝরছে!
সমাজ ভাঙছে,
রাষ্ট্র ভাঙছে,
সম্প্রদায় ভাঙছে,
জাতি ভেঙে পড়ছে।
সংসদ জ্বলছে,
সংবিধান পুড়ছে,
গণতন্ত্র ছাই হচ্ছে।
রাজনীতি পুড়ছে,
সমাজনীতি পুড়ছে,
রাষ্ট্রযন্ত্র পুড়ছে,
শাসক পুড়ছে,
শোষক পুড়ছে,
শোষিত পুড়ছে,
পুঁজির সাম্রাজ্য ভেঙে পড়ছে।
সভ্যতা দাউদাউ করে জ্বলছে,
কবির কলমে অবিরাম রক্ত ঝরছে।
কামান ছুটছে,
মেশিনগান ছুঁড়ছে,
রাতের আকাশে মিসাইল গর্জন করছে,
ড্রোন ছুটছে, ছুটছে, ছুটছে…
আগুন জ্বলছে, জ্বলছে, জ্বলছে…
ম্যাকবেথের ডাকিনিরা জেগে উঠে বলছে-
পাগল এখন অন্ধকে পথ দেখাচ্ছে,
মহামারী সময়ের লাগাম টেনে ধরছে!
ছোট বালক, ছোট মানুষ সব
নুনু-নুনু খেলা করছে।
মানুষ ছুটছে, পড়ছে, মরছে,
ভেঙে পড়ছে।
সভ্যতা গুঁড়িয়ে যাচ্ছে-
বিবর্ণতায়, মরিচীকায়,
বিলীন হয়ে যায়।
ভেঙে পড়ে ধর্মালয়,
মিশে যায় ধুলায়।
তন্ত্র-মন্ত্র, কালাম-কিতাব,
আলেম-তালবেলেম, সব পুড়তে দাও,
শহীদদের আবারো মরতে দাও,
বিশ্বকে বাঁচতে দাও।
এইসব কথা বলে আলিফ
ফিস্ ফিস্ করে,
কবির কানে কানে কয়-
আসতো মা সদগময়, তমসো মা জ্যোতির্গময়ঃ
মৃত্যর্মা অমৃতমঃ গময়ঃ শান্তি শান্তি ওম,
শান্তি শান্তি ওম।
