রেজা শামীমের ঝরা পাতার ময়না তদন্ত ও অন্যান্য
আমার আমি
আমি ঘরে ফিরলে একইসাথে আমার ও ঘরের অপেক্ষা ফুরায়। ঘরের ছোট্ট আমিগুলো পাখীর মত উড়ে আসে বুকে, চঞ্চু ঘষে গ্রীবায়। বৃদ্ধা আমি একবার উঁকি দিয়ে আমার ঘরে আসা দেখে পুনরায় জায়নামাজে ফিরে যান, যুবতী আমি সবার চোখ এড়িয়ে আমার ঠোঁট থেকে এক চুমুকে শুষে নেয় অবসাদের বিষ।
আমি শ্রান্ত দেহ আরাম চেয়ার বিছালে, কিশোরী আমি বেনী দুলিয়ে চা নিয়ে আসে। চায়ের ধোঁয়ার সাথে বাষ্প হয়ে উড়ে যায় আমার যত বেদন। আমি নাভিমূলের উৎস থেকে উঠে আসা দীর্ঘশ্বাসের সাথে উগড়ে দেই আমার সারাদিনের যত প্রেষন।
আমার এক চিলতে আকাশে সন্ধ্যা নেমে এলে আমি ঘাসের বিছানায় চিত হয়ে শুই। দূর থেকে কানে আসে শিশু আমিদের পাঠের গুনগুন, রমনী আমিদের সাপলুডু খেলার হৈ চৈ, বৃদ্ধ আমার কোরান তেলাওয়াতের সুর।
নগ্ন আমি নিমগ্ন হই অনন্ত ছায়াপথে। অযুত নিযুত তারাদের মধ্যে আমি কোথাও নেই …
চাঁদের অসুখ
সূর্যের প্রখর উত্তাপে আমাদের চাঁদ যখন ঝলসে যেতে শুরু করলো, উদ্বিগ্ন আমি তাকে নিয়ে গেলাম চাঁদ সারাইয়ের দোকানে। চাঁদমিস্ত্রি নিপুন বাজিকরের মত ঝালাই করে তুলে দিলো চাঁদের যত ক্ষতচিহ্ন। রুপোর বাড়তি প্রলেপে এতোটাই নিখুঁত ছিলো সে সারাই, উধাও হয়ে গেলো চাঁদের মুখের ছোপ ছোপ সব জন্মদাগ। তারপর সে নিজেই একটা লম্বা মই বেয়ে তাকে লাগিয়ে দিলো আকাশে ফ্লোরোসেন্ট বাল্বের মত।
কিন্তু কি আশ্চর্য ! নিখুঁত চাঁদ এরপর থেকে হয়ে গেলো ঋতুহীন….
স্বকীয়া
এবার ছুটি পেলে আমি চলে যাবো নিজের কাছে
প্রত্যাখ্যাত বাহুর কাছে, নতজানু গ্রীবার কাছে
সযতনে তুলে রাখা বুকের গোপন তিলের কাছে
বহুদিন নেইনি খবর, বয়স বাড়ছে ত্বকের, চুলের
কতদিন ছুঁইনা ওদের।
বিষিয়ে ওঠা ক্ষতগুলো শুষে নিয়ে-
এবার ছুটি পেলেই আমি চুমু খাবো নিজের ঠোঁটে…
এবার ছুটি পেলে আমি আড্ডা দেবো নিজের সাথে
অভিমানী ঠোঁটের সাথে, ক্লান্ত দুটো চোখের সাথে
নিকোটিনের ধোয়া গিলে বসবো নিবিড় শরীর ঘেষে
বহুদিন নেইনি খবর, মরচে ধরছে প্রানের, মনের
কতদিন পাইনি ওদের।
হাঁপিয়ে ওঠা মনটারে শুষ্রে দিয়ে –
এবার ছুটি পেলে আমি ঘুমাতে চাই নিজের সাথে..
ঠিকানা নিরুদ্দেশ
রেজিস্টার্ড চিঠিগুলো ফিরে যাবে প্রেরকের কাছে, আনডেলিভারড।
সাধারন চিঠিতে উপচে পড়লে মেইলবক্স
উৎকণ্ঠিত পিয়ন এসে কড়া নাড়বে দরোজায়।
একদিন, দুইদিন, সাড়াহীন
তারপর একদিন এই ঠিকানায় পৌঁছানো প্রতিটি খাম
ফিরে যাবে খবর নিয়ে
'হি ডাজ নট লিভ হিয়ার এনি মোর'…
ঝরা পাতার ময়না তদন্ত
কোকিলের ডাকে ফাগুন আসে, নাকি ফাগুন এলে কোকিল ডাকে
সে তর্ক আজ মুলতবি থাক
ম্যাপেলের পাতায় আগুন ধরিয়ে ফাগুন যে এলো
আর রবীন্দ্রনাথের গানের মত
সে আগুন ছড়িয়ে গেলো সবপখানে-
যুবতীর শরীরে ও শাড়িতে, যুবকের মনে ও আন্দোলনে
সে আলোচনাও আজ থাক।
বরং শীতশেষের ঝরা পাতার কথা বলা যাক
সে কি মরার পরে ঝরে পড়েছিলো
না ঝরার পরে মরে গিয়েছিলো পথিকের পায়ে পিষে?
নাকি তারও পরে পাতাকুড়ানীর উনুনে পুড়ে শেষ উত্তাপ ছড়িয়ে !
ঝরা পাতারাও কি নির্বাণ লাভ করে !
না ফিরে ফিরে আসে পুনর্জন্মে ?
মোটের উপর অমিমাংসিতই রয়ে গেলো ঝরাপাতাদের মৃত্যু রহস্য
কেরল ঘাড়ের বোঝা কময়ে এই বিপুলা পৃথিবীর
আরেকটু সবুজ, আরেকটু রঙ্গীন হওয়া দেখে
আমরা একেকটি ঝরাপাতার মৃত্যুর কথা
কত সহজেই বেমালুন চেপে গেলাম
