তুষার দাশের ছয়টি কবিতা
মৎস্যসন্ধান
অজস্র নক্ষত্র জ্বালো।
সে আগুনে জ্বাল দাও অম্লান ব্রহ্মাণ্ড।
জাল নাও এরপর। তাকেও রঙিন করে তোলো।
শুকিয়ে এবার তাকে ছুঁড়ে মারো উৎসের দিকে।
বিস্তর মৎস্যের ভীড়ে তুলে আনো আলগোছে কয়েকটি রূপালি শস্য,
দেখতে যা মায়াময়, মোহ বিছায়েছে যারা তোমার দু'চোখে,
তোমার জহুরি চোখ, সঠিক শস্যের লোভে তোমার যে উড়ু উড়ু মন
সংসার বাসনা বিষে প্রায়শই নীল হয়ে থাকে,
মাকড়শার চিহ্ণ-জাল ছিন্ন করে তখন উড়বে পাখা তোমার অমেয় এষণায়
তুমি ঠিক জাপ্টে ধরবে, তোমার বিশাল থাবা কান্কোর পাশ
বড়শির ধরনে সব গেঁথে নেবে জানি।
এরপর ধৃতশিশু তোমার দুকূল জুড়ে লাফাবে অস্থির হয়ে—
অনন্তের দিকচক্রবাল জুড়ে খেলাতে থাকবে তার লেজ,
ঢালু সীমানার দিকে গড়াতে গড়াতে সেও স্থৈতিক শক্তির জোরে
মাঝেসাঝে উঠে যাবে নীল নীল পাহাড়চূড়োর দিকে
অবলীলাক্রমে।
১৩.০৯.২০২০
আমার মনেস্ট্রি
আমি কোনো মনেস্ট্রি দেখিনি,
কোনোদিন।
শুধু তোমাকে দেখেছি।
কী ভীষণ রহস্যময়, চুপচাপ,
সুতীব্র ও গভীর-গোপন সুগম্ভীর স্তব্ধতার ভেতর
বাতাসের অবিরাম চলাচল, সিঁড়ির ফিসফাস,
পরিচ্ছন্ন পবিত্রতার ভেতর হঠাৎ কয়েকটা পাতার ঝরে পড়া।
এ নিয়ে দর্শন ফাঁদার কিছু নেই,
পাতারা সরাসরি সোজা মাটিতেই ঝরে।
কিন্তু তোমাকে মুগ্ধ করতে সামান্য রহস্য মাখিয়ে দিতে
পাতাগুলোকে একটু বাতাসে ভাসিয়ে একটু ঘুরিয়ে মাত্রা দিতে চেয়েছি।
তোমাকে দেখতে দেখতে একটা বাড়ির তিনতলা অব্দি উঠতে পেরেছিলাম,
মাটি থেকে একতলায় উঠতে এতো সিঁড়ি আমি কখনো ভাঙিনি। নিশ্চিত।
তোমাকে তখন অনেক বড়ো মনে হচ্ছিলো
এরপর দোতলা, আবারও অনেক নানা সিঁড়ি,
একটি উঠোনের মাঝখানে আমাকে আটকে দেয়া হলো।
আর ওপরে যাওয়া যাবে না,
এ কথা শোনার সংগে সংগে না-শোনা-যাওয়া এক তীব্র হুইসিল বেজে উঠলো
মহামান্য রহস্যময়তার, আমার তীব্র কৌতূহলের মুখ আর আগ্রহী চোখের
সবকিছু বন্ধ করে কালো কাপড় দিয়ে ঢেকে দেয়া হলো,
কিন্তু তার আগেই আমি না দেখেও স্পষ্ট টের পাচ্ছিলাম
কয়েকটা চোখের ইশারা ইঁদুর শাবকের মতো নিঃশব্দে সরে যাচ্ছিলো
অনেকক্ষণ উঠোনে দাঁড়িয়ে ডান-বাম-পেছনটা দেখার চেষ্টা করলাম,
উপরে তাকাতেই তীব্র রোদঝলক অন্ধ করে দিলো আমাকে।
সেদিন রোদটাও জমেছিলো খুব। শীতেও আমি ঘামছিলাম।
আমার মনেস্ট্রি দেখার ইতিহাস ও ইতি কি ওখানেই ঘটেছিলো?
আমি আবার সেই দীর্ঘ সিঁড়ি বেয়ে নামছিলাম নিচে, নিচে,
আমার নমন আর শেষই হচ্ছিলো না—
পাশ দিয়ে দ্রুতবেগে নেমে যাচ্ছিলো শিশু আর তরুণ সব শ্রমণেরা
আমার নামা হয়ে উঠেছিলো যেন এক অনন্তযাত্রার পথ,
স্বচ্ছতোয়া নদী প্রতিদিন তোমার রহস্যের নোনা আরকের ধার
ধুয়ে দিতে দিতে যেন তাকে আরো বেশি ক্ষুরধার করে তুলছে,
অবলোকনের মিহিন ক্ষমতাগুলো কেড়ে নিয়ে কেউ কি এভাবে নিঃস্ব করে দেয় কাউকে
এতো সব দীর্ঘ দেবদারুর ছায়া নিয়ে কেন তুমি তোমার চারপাশে আলো ঘন আবছায়া
লুকিয়ে রেখেছো?
মনেস্ট্রি দেখতে এসে এত কাণ্ড !
ত্রিপিটক শোনা গিয়েছিলো?
সেল্ফি কি যথেষ্ট হয়েছে?
পুনাখার এক কোণে, যমজ সে নদীপারে শাদাকালো বাড়ি ঘিরে এতখানি
চাপা আর ভীষণ নীরব উত্তেজনা !
১০-১১-২০২০
ভি-চিহ্ন
সুন্দরের হাত থেকে ছলকে পড়লো আলো
সে আলো ছড়িয়ে গেলো চারদিকে— ধোঁয়া-গন্ধ-রক্তশ্রাব-হত্যার আগুনে
মানুষের মৃতদেহ স্তূপ হতে হতে রক্তের সে গাঢ় লাল
ঢেকে দিলো পুরো পৃথিবীকে এক অদ্ভুত কালোতে।
এ কালোয়ই এখন তো সুন্দরের সব আরাধনা, যাবতীয় যাগযজ্ঞ—
অপ্রমিত বাহারে ও অশিষ্টের উল্লম্ফনে খণ্জ মানবিকতার বোধ
ব্লোয়ারের অকুণ্ঠ দাপটে উড়ে যায়।
কোটি কোটি মানুষের অভিযোগহীন মৃত্যু অসাংগীতিক স্তব্ধ মেঘ যেন,
হাওয়ায় কেবল ভাসে, প্রহসনী এজলাসগুলো চোখ পিটপিট করে
ক্ষমতাধরের বাণী, ছবি আর বিবাদীর অস্পষ্ট মুখের দিকে গোলামের মতো
হাবা দৃষ্টি নিয়ে উন্মাদ তাকিয়ে থাকে।
রায়ের পৃষ্ঠা থেকে ছিন্ন খিন্ন হাল্কা আলো-রেখা আসে,
নতুন হত্যার আরো উৎসবে মাতবে বলে খুনিদল মানুষকে ভি-চিহ্ন দেখায়!
০৫. ১১. ২০২০
কিমাশ্চর্যম্
কবিদের নিয়ে ঐ এক মুশকিল, আসলে সব শিল্পীকে নিয়েই, মনে হয়। অতৃপ্তি ওদের আমৃত্যু। এতো কাটাকুটি, কাটাকুটি করতে করতে ছবি এঁকে ফেলা, ছবির রঙ নিয়ে সেই কতো না "পিরিয়ড"— একই বইয়ের পাণ্ডুলিপির কতো যে কপি !! কত হেলদোল, কতো যে আগুপিছু যাওয়া-আসা, তৃপ্তি নেই, তৃপ্তি নেই !!
শুধু "ঘেটু" অমরত্বের বাসনায়, সময়ের সংগে করতে হয় কতো যে "গিরিংগিবাজী"— সামরিক-অসামরিক বুটের নিচে কতো যে ডিগবাজী— উল্টো সাঁতার, চিৎসাঁতার, খাঁজে খাঁজে জীবনের অসহায় চালচিত্র কিম্বা বিপরীতে বৈভবের ধুলো ওড়ানো খোপে অন্যসব বিপ্রতীপ খোপ ঠেসে বসানোর প্রাণান্তকর আত্মবিশ্বাসী আবার আকুল প্রয়াস— সবই তো সেই তৃপ্তিকে স্পর্শের অদম্য বাসনা !! এর বেশি আর কি বলার কবি ?
সময়ের গান
আছে আছে।
যত টাকা তত মান।
যত কুড়া তত ধান।
যত চুরি তত গান।
যত পানি তত বান।
যত হিট তত রান।
মুড়ি দিয়ে চিড়া খান।
এইবার গান গান।
চোরের আবার মান—
মহাশয় সম্মান !!
অন্যযাত্রা
অন্যযাত্রা সাজিয়ে দিয়েছে পথ
আমরা দুজন একসাথে আছি তবু
এখন হঠাৎ অবেলার অছিলায়
তোমার আমার পথ হয়ে গেলো ভিন্
কেন জানি আজ মুখোমুখি দুই রথী।
তোমার পন্থা বেছে নিয়েছিলে রাতে
আমি ঘুমুচ্ছি দিবসের অভিমানে
ফুলেরা দুলছে ভোর-বাতাসের প্রেমে
সংঘ-ছেঁড়ার উদ্দাম আয়োজনে।
নানা কথা বলা লোকগুলোকে তো চিনি—
ওরাই এখন তত্ব-ব্যাখ্যা দেবে
তোমাকে না জেনে ভংগি করবে কতো !
সুধীর তোমার স্বল্পবাকের গতি
কিছুটা স্থিরতা এই দুর্দিনে পাক
তোমার ঋদ্ধি আমাকে ভরাক গানে।
১২. ১১. ২০২০
