ভয়ানক অবসর
সকাল সন্ধ্যে রাত
সপ্তাহের ধারাপাত
ব্যস্ততা শেষে আসে উইকএন্ড;
শনি রবি দুই দিন
সেটাও শান্তিহীন
ঘাড়ে চাপে হাজারটা বার্ডেন।
কসকো ম্যাসিস মলে
ছেলে বুড়ো দলে দলে
হালাল মাংস নিতে মান্নান;
বাঙালি কালচার ভাই
ঝালে-ঝোলে খাওয়া চাই
জানিনা অন্য কোনো অপশান।
জমানো কাপড় জামা
লন্ড্রিতে দিয়ে মামা
চুল কাটি জ্যাকসন হাইটে;
বাচ্চার নক কাটি
বৌয়ের ফরমাশ খাটি
জীবনটা কাটে মামা ফাইটে।
এমনই ব্যস্ত দিন
যন্ত্র বিরামহীন
একটানা ম্যারাথন গতি তার;
শরীর হাফিয়ে ওঠে
মনেতে কষ্ট ফুটে
মানুষটা চায় ঢের অবসর।
হঠাৎই করোনা এলো
অফিস বন্ধ হলো
একটানা ছুটি সাথে মাইনে;
পেল কেউ প্রোণোদনা
মোটা টাকা আনাগোনা
ঘর থেকে আমি বের হইনে।
অ্যাম্বুলেন্স রণসাজে
বিভৎস সাইরেন বাজে
চারিদিকে শুনি শুধু হাহাকার;
বন্ধু স্বজন প্রিয়
ছাড়ি এ ধরার গৃহ
ভাইরাস দিল চির অবসর।
ঘরে দম বন্ধ লাগে
মনেতে শঙ্কা জাগে
ঘুমহীন রাতে করি টেনশন;
ফ্রিজ শুণ্য প্রায়
তবু দিন চলে যায়
বেঁচে থাকা যেন শুধু অপশন।
গোরেস্থানে জা'গা নেই
হিমঘর ফাঁকা নেই
মানুষের এ কেমন মৃত্যু;
পৃথিবী অচল প্রায়
নিস্তব্দ সময় ধায়
ছুটিতেও ছুটিহীন চিত্ত।
এ ছুটি চাইনে আমি
ঘরেতে দিবসযামী
চাইনে এ ভয়ানক অবসর;
আগের পৃথিবী চাই
যেন ব্যস্ততা ফিরে পাই
চাই ভয়হীন গতিময় সংসার।
(নিউইয়র্কে কোভিড-১৯ এর ভয়াবহতম প্রেক্ষাপটে কবিতাটি রচিত)
