ভজ গানে দেবী দূর্গা-পানে কোন সুরের কী মানে
কার ছবি? গভীর অসুখ উজান ঠেলে এ বাঁচার লড়াই;
কোন কবি? মিশে থাকে শঙ্কা; কবে দেখা হবে? ফেরা হবে তবে?
কে বাউল? ঋতুর মেলে নিষ্ঠুর এ পদধ্বনি কেবল মিলনের?
কে বাদক? বাজনা বাজে? আশার উৎসবে বাজায় করুণ সুর!
কোন প্রেম? চিঠি পড়ে আনমনে, ভিড়ে কার মুখ মনে পড়ে?
কে পথিক? আগমনি প্রতিকায় ঘা খেয়ে অমল হাসি হাসে;
কার মুখ? ফাঁকটা বেশি তাল-কাটা বিরহ, দুরু দুরু ছটফটানি!
কার সুখ? ওই ওয়ান্ট টু লিভ… কোথায় ঈশ্বর কার কণ্ঠস্বর শুনি?
কোন শিল্পী? বুকটা ছ্যাঁৎ করে; সিনেমা নাটকে কার আহবান?
কে ঘুমায়? রাত নামে; মাছের মুখে অতল জলে জল-পিপাসা?
কে মানুষ? হাতছানি ফুটপাতে পানশালা দোকানে জীবনে শহরে;
কোন তীর্থ? পাখির ঠোঁটের গড়া ডালে ডালে খড়কুটোর বাসা।
কোন পথে? অতিমারি বেলা শেষ হবে কবে? 'আহ, কী যাতনা!'
কে যে জানে? ভজ গানে দেবী দূর্গা-পানে কোন সুরের কী মানে !
