মোস্তফা মহসীনের ইনসোমনিয়া ও বরাভয়
ইনসোমনিয়া
বিরাজমান নীরবতার পর ঘরটিতে
মশাদের ঘনিষ্ঠতা বাড়ে কি বাড়েনা!
এমতো মীমাংসা বাকী রেখে
হাতের তালুতে তুমি
আজ রাতে ছোঁয়ালে একটু
উষ্ণতার সমঝোতা।
স্মৃতিলোকে নড়েচড়ে বসে দু-তিনটা
চামচিকা
নিহত হবার আগে যারা
গৃহ অধিকার দ্বন্ধে মানবজাতির
ছুঁড়ে দিয়েছিলো
প্রাণ-বিদ্ধ জপমালা!
না-ঘুম- না
জাগরণে
ঘনবসতিতে করোনার মিথস্ক্রিয়া
একটি নভেল ভাইরাস
মৃতের সংখ্যায় নাকি–
রক্তপাতহীন তৃতীয় বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে; কর্তা?
প্রাণঘাতী সংক্রমণ
এড়ানোর মতো
নেই তামাম মাখলুকাতে
কোনো টিকা!
তা-ই শুনে বন্ধু ডিরেক্টর তাঁর
'নিঃসঙ্গতার সাপলুডুর শেষ মুভি দৃশ্যে ছুঁড়ে দিয়েছেন
রহস্যের ঘুর্ণিবার্তা;
অথচ কাঁপেনা দ্যাখো বৃক্ষশাখা
কাঁপে শুধু
চক্ষুহীন কোটরের মতো
পাল্লাহীন তোমার জানালা!
বরাভয়
তোমার শরীর থেকে উষ্ণতার ভাগ
নিচ্ছি
তিনফুট দূরে বসে থেকে
লোভি বিড়ালের মতো ছলাকলা
গুপ্ত রেখে
তোমাকে না ছুঁয়ে বসে থাকাটায়
নেই তো কোনো গ্লানিমা!
দেবতার ছোঁয়াগুলি ভালোবাসা হয়ে
স্পর্শ করলো জমিনে…পৃথিবীর কঠিন অসুখ!
একটি সবুজ পাতা দুলতে দুলতে
ঝরবার আগে আঁধারের টুটি চেপে
বললো;কখনো
ভয় পেয়ো না! না না না!
