তুমি, আমি ও সে অতপর শুচিস্মিতা
চিত্রকর্ম: মার্ক শাগাল
১.
আমরা ক্রমশ বড় হয়ে উঠি
পেছনে ফেলে আসি অনুপ্রস্থ তরঙ্গ ঘেরা আনন্দ দীঘি,
মায়ের স্নানঘর, প্রিয় ডাকনাম
বোধিবৃক্ষ শোভিত প্রাচীন বিহারের মতন
আমরা হারিয়ে ফেলি- সুগন্ধি শৈশব।
জানা-অজানার বর্ণাঢ্য বৈষম্যে
ভোকাট্টা ঘুড়ি আর উপেন্দ্রকিশোরে ধুলো জমে
আমরা পড়তে থাকি শোপেনহাওয়ার -তলস্তয়।
আমরা ক্রমশ বড় হয়ে উঠি
শৈশবের জল-বন্দুক ছেড়ে সহোদর হাতে তুলে নেয় পিতৃতন্ত্র
ঝরণা কলমে লেখা পিতামহের দিনলিপি
হায়ারোগ্লিফিক্স হয়ে ফিরে ফিরে আসে
কাচভাঙা চশমা পড়ে থাকে নিবিড় অবহেলায়।
স্কাইস্ক্যাপারের ওপর দাঁড়িয়ে আমরা দেখি
ফুটপাতে গৃহহীন মানুষের ভীড়
তবুও সাইরেন বাজিয়ে প্রতিদিন ফিরে আসে জাহাজ
গভীর ঝড়ের রাতে বন্দরের জেটিতে
উদ্বাস্তু শ্রমিকেরা বসে থাকে ধ্যানী বুদ্ধের মতন
সূর্যসংক্রান্তির ভোরে হকারের করুণ ডাক
প্রতিধ্বনিত হয় বেদ ও বোধির মধুময় সংকেত বার্তায়।
আমরা ক্রমশ বড় হয়ে উঠি
বাতাসতাড়িত সোয়ালোর ডানায় লিখি নির্জন প্রেমিকের নাম
ভুল ট্রেনে উঠে নেমে যাই অচেনা ইস্টিশনে
ক্রমাগত পথ চলি ভুল ঠিকানায়
পাপে-সন্তাপে-নির্বাণে আমরা ক্রমশ বড় হয়ে উঠি
ধর্মযাজকের মতন মেতে উঠি অন্ধ প্রার্থনায়।
২.
মৃত্যুতে আকন্ঠ ডুবে থাকি আমরা চিরসত্য নক্ষত্রের মতন
রোল্ড স্কভের সবুজ পেরিয়ে পাংশুটে রাত্রির গভীরে
জাগিয়ে রাখি ইকারুসের আকাশ।
জলমগ্ন নৌকোয় শাপলা-শালুকের ভিড়ে
কিশোরীর হাসিমুখ ছুঁয়ে জীবন বয়ে যায়
তবুও হিমঘরে মৃতেরা ছড়িয়ে থাকে ইতস্তত
একদিন শুচিস্মিতাও শুয়েছিল লাশকাটা ঘরে
পুরনো অর্ধগলিত সব মৃত মানুষের পাশে।
চিত্রা পাড়ের সেই গভীর মেয়েটি
চিত্রা হরিণের মতন চোখ
এই মহাসময়ের কাছে, তীব্র সূর্যের অনুভবে
সে কী বুঝেছিল, লাদাখের পাহাড়ে রেখে যাওয়া পদচ্ছাপ
একদিন হয়ে যাবে অনন্ত ছায়াপথ?
সে শুধু নীরবে জেনেছে-
জীবন কেবলই বঞ্চনা আর অপমৃত্যুর নামান্তর।
তবুও প্রতিদিন বাতাবিলেবুর পাতা ছাপিয়ে সূর্য ওঠে
চন্দ্রিমা সরোবরের প্রান্ত ঘেঁষে জেগে থাকে ভোরের সাইক্লিস্ট
বিলাপের ভাঙা সুরে আমরা মিছিল করি
স্মৃতি ঘেঁষে বানাতে চাই সুদীর্ঘ মিনার
নিয়মের প্রহসনে সবকিছু ক্রমশ ফিঁকে হয়ে আসে
ঘাতকের ষড়যন্ত্রে চাপা পড়ে যায় মুক্তির ইস্তেহার
শুধু স্মৃতিরা দাঁড়িয়ে থাকে অশোক স্তম্ভের মতন-
লাশকাটা ঘরে, নীলকন্ঠ পাখি আর চিত্রা হরিণের ভিড়ে
সব হারানোর বেদনায়
চির অপেক্ষমাণ স্বজনের চোখে শোকাগ্নি জ্বলে!
