রাহুল পুরকায়স্থ: জলে লেখা কবিতা
নগ্ন,বসেছি জঙ্গলে,
এই সেই সময় যখন গাছের কোটর থেকে
মানুষ বেরিয়ে আসে,মানুষেরা,
তারা নগ্ন,তারাও বধির,
ধাবিত বালুকাঘড়ি তাদের শরীর,
তারা ওড়ে,বাতাসেরও আগে,
আমার নিকটে এসে বসে,
বলে, বাতাসে বাতাসে লিপ্ত সংগমের কথা,
অপনাম আর হিংস্রতার কথা,
পোশাক বিরতি মাত্র, তারা বলে,
পুনরায় উড়ে যায় গাছের কোটরে,
সেই থেকে প্রতিটি বৃক্ষই মানুষের ঘরবাড়ি,
কলহজটিল প্রেম, তীব্র আর্তনাদ,
বাতাসে বাতাসে ওড়া অরণ্যের প্রাচীন প্রবাদ
