মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
আলোকচিত্র: সোমনাথ ঘোষ
আপনার সাথে দেখা হতে পারতো কমলালেবুর দেশে,
দেখা হতে পারতো- ইউনিভার্সিটি অফ টরন্টোতে বা আত্মজার বাসায়,
আমাদের সাথে দেখা হতে পারতো কলকাতায় গল্ফ গ্রিনে।
অথবা চেকোস্লাভাকিয়ার কোন এক কফিশপে মিরোস্লাভ হোলুবের সাথে!
হয়নি।
হলে আমরা চা খেতাম।
হলে জানতাম, আপনি চিনি ছাড়া চা খান,
জানতাম, কোভিড-১৯ নিয়ে আপনার অভিজ্ঞতার অনুবাদ।
দেখা হলে আমরা সিলেট, কলকাতা, টরন্টো নিয়ে কথা বলতাম।
কথা হতো- কোন শহরের কোথায় সন্ধ্যে নামে
এবং জীবনের তর্জমা নিয়ে।
আমাদের দেখা হয়নি। অথচ আপনাকে চিনি সেই হেমন্ত থেকে।
আমরা প্রতিদিন চা খাই, অথচ চা-ফুল চিনি না।
চায়ের সাথে নাড়ীর নিবিড়তায় আত্মীয়তার সূত্র খুঁজি।
আপনি কি আমাদের অদেখা সেই চা-ফুল।
