২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুনযিরের অত্রিমাত্রিক তুন্দ্রা ও অন্যান্য

মুনযির মুনযির মুনযির মুনযির

Published : 08 Jul 2020, 11:32 AM

Updated : 23 Jun 2022, 03:59 PM


চিত্রকর্ম: তাশমিন নূর

অত্রিমাত্রিক তুন্দ্রা

যে-অধ্যায়ে এসে দেখি পাতাগুলো তুলনামূলক জরাজীর্ণ, হলদেটে
কথাগুলোও পুনরাবৃত্তির খুঁত নিয়ে হীনম্মন্য ম্রিয়মাণ
সে অধ্যায়কে আমার জীবনের রূপক বানাতে ইচ্ছে করে, অথচ
একঘেয়ে শোনাবে এই ভেবে জীবনের কথা ব'লতে আমার ইচ্ছে করে না।
তন্দ্রায় গেলেই বিস্তীর্ণ তুন্দ্রায় দাঁড়াতে হয়—
আমার তন্দ্রায় থাকে না ত্রিমাত্রিকতা।
ভাগ্যিস, থাকে না!
কেউ কোথাও নেই, এ ছবি জীবন্ত হয়ে উঠুক, আমি চাই না।

আলোর বিরুদ্ধে

প্রবল একটি আলো এসে একদিন
দেহমন শিহরিত ক'রে ধুয়ে দিয়ে যাবে
আমার সকল প্রোজ্জ্বল কালো,
এমনটি আমি চাই নি কখনও
কালো মানেই কি অবিরল আবিলতা?

আলোর চাইতে অনল আমার কাছে
কাম্য অনেক বেশি; কারণ
সে আদিম পার্থিব, বেশ স্থূল, সে হিসহিসিয়ে হাসে, দাহনসুখেই হয়তো বা,
আলোর মতোন নিঃসাড়ে এসে প'ড়ে বাঁকা ক'রে সে হাসে না;
আলোয় কেবল স্নান করা যায়, অনলে চাইলে আত্মাহুতিও দেয়া চলে।

অনলও যে আলোদায়ক তা আমি জানি,
যতোই গভীরে যাই তার পাই স্নিগ্ধ আঁধার!

আত্মহত্যা

সন্নিবিষ্ট আঁধারে নিবিষ্ট পাঠক
প'ড়ে চলে তার চৈতন্যের চলাচল, যার ফাঁকে
অবিরতভাবে নামে অপ্রকৃতিস্থ আরেক অন্ধকার
ঘনিষ্ঠ সহোদরকে হত্যা না ক'রে কোনোই উপায় ছিলো না তার।

অপরাজিতা যে সে-ও পরাজয় মানে,
লালে মেশে নীল রক্ত একটি নীরক্ত পেয়ালায়, আর
নিজেকে বিলীন করে দেওয়ার গভীর বেদনা অবশেষে পৌঁছে না তার কাছে,
সে পেয়েছে শুধু মুমূর্ষু চেতনাতে মরফিন ঢেলে দেওয়ার পরিতৃপ্তি।

চৈতন্যের অরূপ ভস্ম থেকে উঠে আসে না ফিনিক্সের পাখার প্রসার
অবচেতনের আদিমতায় গা ডুবিয়ে থাকার আনন্দ তার আর উপভোগ করা হয় না।
আত্মহত্যা সে করতে চায় নি, সে হত্যা করতে চেয়েছিলো
মৃত্যুযন্ত্রণায় অতিশয় কাতর নিপুণ খুনি তার বাস্তবতাকে।

কিন্তু সে বুঝি জানতো না হত্যার পর আর কিছু থাকে না,
এমনকি টেলিভিশন ও বেতারের ঝিরিঝিরি ঝিঁঝিঁ পোকারাও না;
হত্যার পর কেউ আর বাঁচে না,
এমনকি ডেনমার্কের যুবরাজ হ্যামলেটও না।

কথার কথা

কথার সাথে কথা বলা চলে, কাজেই কথা চলে
সকল সত্তায়, বিস্রস্ততায় ও অন্তরঙ্গতায়—যখন খুশি যেখানে যতোক্ষণ খুশি,
পল-বিপল-অনুপলের খাতা খোলা লাগে না। বাইরের কথারা থই থই করে, উপচে
পড়ে ফেননিভ পানীয় কিংবা মহাপ্লাবনের মতোন। ছাদ থেকে ঝাঁপানোই তবু শ্রেয়
মনে হয় কিন্তু আগ্রাসী শূন্যতার মুখে টুকরো খানিক শূন্যও খুঁজে পাই না।

কথা স্বয়ং খুব পেলব, অমায়িক মুখেই কথা বলে, কাজেই তার সাথে কথা চলে
তার ভ্রূভঙ্গিতে লেখা থাকে একটু আগের বৃষ্টির কথা, এক পশলা
মিহি জলকণার কথা; ভেজা বাতাসে মিশে থাকা সূক্ষ্ম আবেগের বিবরণী
যেহেতু ফুটে ওঠে তার গালে কপালে তাই বুঝি আমার আলাপনী ইচ্ছে
ক্রমশ আয়োজন করে, ক'রেই চলে একেকটি আরক্ত বিকেলের।

কথার গালে টোল পড়ে, নিটোলতাও রয়েছে টলটলে, থাকে একটুখানি খুঁত হয়ে কয়েকটি লালের ফোঁটা, যা দেখে ততোখানি মনে পড়ে না অনিদ্রাকাতরতার কথা যতোখানি গোপন সৌন্দর্যের সংবেদনশীল বেদনা ব'লে মনে হয়। তাই হয়তো
এগিয়ে যেতে চাই, এগিয়ে যাই, পাশ ঘেঁষে বসি, তাকাই আড়চোখে, ইতস্তত করি;
হয়তো কখনও কখনও কথার সাথে আমার এক প্রাচীর দূরত্ব থাকে।

কথার কাছে বলা চলে সকল কথা, তার সমীপে দূষণীয় নয় আন্তরিক কোনো মুদ্রা
কথার কাঁধে হাত রাখা চলে, না রাখলেও তেমন ক্ষতি নেই, কথার সাথে
ঘনিষ্ঠ কিছুতে কোনো নিষেধ নেই। জ্বর না থাকলেও কথার কপালে হাত রাখা যায়,
সহানুভূতির যে-কোনো কথাই বলা যায় যদিও জীবনের সঙ্গে মৃত্যুর না হয় দেখা
খুব সামনে থেকে। কারণ কথা আর যা-ই হোক না কেন, কোনো মানুষ নয়।

কেননা মানুষ যে মাটিতে তৈরি তাতে নিঃসন্দেহেই
ফলন হয় উত্তম কূটাভাসের, এমন অভিব্যক্তির যাদের অনুবাদ চলে না;
মানুষের চোখে যে বর্ণালি কখনও কখনও আলগোছে প্রকাশিত হয়—
শিল্পকলা আর লাঙলের ফলার চাইতেও অপার শাণিত—
কেন যেন কেবল মানুষকেই সেটি অন্ধ করে।