কামরুল হাসানের ‘আসমানী প্রভুর পোষাক’ ও অন্যান্য
চিত্রকর্ম: কাজী রকিব
আত্মহত্যার ডালে
আকাশের সূতো ছিঁড়ে বেমক্কা লটকানো ডালে,
নির্লিপ্ত জমিনে
সাতরঙের যাদুকর দেখায় তার নিজস্ব কেরামতি!
বৃষ্টিতেও অনন্যোপায়
হাওয়া এসে লেজ টানে থুতনীতে নাড়া দিয়ে
মষ্করার চোখ টেপে অসতী চড়ুই!
সূত্রছিন্ন ঘুড়ি কেন লোকালয়ে নামে?
সবই মাধ্যাকর্ষণের খেলা' বিজ্ঞ হাসেন বয়স্কাধিপতি
মাটির টানেই পায় কিশোরের ঢিল
কাকের শত্রুতা আর উপেক্ষা মেঘের।
পরিমিতি
সব কথা কখনো বলো না, কিছু কম বলো
সমস্ত বলিনি বলেই তুমি মেয়ে, একাগ্র পড়ছ বসে
আমার কবিতা
পারমিতা, পরিমিতি আমার সঙ্গিনী।
কবিতা বিশদ নয, বিশালতা মহাখণ্ডে স্থবির জমে,
কাহিনীর অবিরল বাক্য-বাহিনী হটছে কেবলি।
বিপুলা নিতম্বাবক্ষা নয়, সুচারু ক্ষীণাঙ্গী এক কিশোরী
এ কবিতা
পারমিতা, পরিমিতি তোমারও সঙ্গিনী।
এক জীবনের চেয়ে ভারী
এত যে ভেঙেছি, নুয়েছি আর মিশেছি ধুলোয়
তুমি খুব উঁচু হয়ে ছিলে?
তোমার প্রাসাদ কেশর ফোলানো দীপ্র সিংহের মতো
বরফের তাপ তুলেছিলো?
দক্ষিণ মেরুর হাওয়ায় ঝুর ঝুর করে ভেঙে গেছে!
এখানে কেউ খুব দীর্ঘসময় থাকে না,
স্বল্পস্থিতির ভেতর কেন এত দুঃখ দাও
এত দীর্ঘ ভার–
যা এক জীবনে সহে না।
দেবী
লাবণ্যের প্রান্ত ঘিরে নির্লোভ রাত্রি জেগে আছে
ওকে দিও খানিকটা বিদ্যুৎ তোমার
অসুন্দর সুন্দরের বুকে এসে এমন সুন্দর!
দু একটা প্যারিস তোমার পদচ্ছাপ নিয়ে শিল্পের
নীলাম ডেকেছে
তোমারই কারণে পুড়েছে ট্রয়, সমরকন্দ বিক্রি হয়ে গেছে।
মোহন বিন্যাস জুড়ে অপ্সরী আলোর উত্থান
তোমার নির্মাণ ব্যপে তাঁর তীব্র অতুল প্রতিভা!
আঁখি কার? ঘুম নাকি নির্ঘুমের?
আসমানী প্রভুর পোষাক
কাকভোরে খুলে যায় জানলা অবাক
কাকেরা একটু পরে, জেগে ওঠে কেবল বালক
উঠোনে কে ছুঁড়ে দিল পরীর পালক?
ফর্সা কুয়াশায় সুনসান গলে পড়ে কাহার সন্তাপ?
দয়ার্দ্র ঝুরে পড়ে, চোখের সতরঞ্চ জুড়ে তাঁহার পতন?
অলৌকিক বৃষ্টিপাতের মত পেঁজাতুলোর অনায়াসে
সামান্য প্রাঙ্গণে নামে জ্যোৎস্নার নম্র খেলাচ্ছল
কুয়াশার ঘন মাতামাতি
নাকি তারা শুদ্ধ শেফালী ফুল, বালকের মুগ্ধতার ঘরে
কেবলি ঝরেছে, এনেছে বিস্ময়, আর ঢেলেছে শুদ্ধতা।
বেড়া
ছিল একপ্রস্থ বাঁশঝাড়
জড়োবদ্ধ, ফালিশিল্পে হল যদি বেড়া
লতার বিন্যাস ভারি দিয়েছে আদর!
বাঁশ বনের ঘ্রাণ, ঝিঁঝিঁর সবুজ বেদনা
অঙ্গে মিশে এনেছিল গন্ধবহ কাঁচা,
বয়সের নবণীতা বোঝেনি তো প্রাণের সমূল;
এখন দারস্থ ভয়
প্রৌঢ়ের সমান সঙ্গতি আনে উইয়ের অভিসন্ধি।
অন্তর্গতে পাতাল রেলেতে সুখী
ঘুনপোকার নবম বংশধারা।
করেছে আড়াল পৌলোমীর দেহ হতে
সূর্যের স্বর্ণজাল
সতৃষ্ণ চোখের কাতরতা।
তোমার শিল্প হতে ফিরে আসি
পৌলোমীর অনাঘ্রাত অনুভব ছুঁয়ে
থাকে যদি থাক
অস্থিসার, লতাপ্রিয় বেড়ার বাহার।
শিরোনামহীন
যেমন ব্যঞ্জনার শেষে রয়ে যায় অবরোহ-রেশ
তেমন চিত্রের কাছে নুয়ে থাকে নদী
আর তার জলজ বিজ্ঞান।
আছে এক সন্নিহিত ছায়ায় শরীরে
অনেক আলোর দৌড়, রেখার উৎসব।
যেমন শব্দের মাছ তুলে নেয় প্রেমিক সারস
তেমন মোহের কাছে শুয়ে থাকে নগর-পাথর
আর তার প্রতিমা শরীর।
চিত্রকর্ম: সুলতানা মিমি
নিরুত্তাপ চাঁদের প্রহার
কিছুই চাইনে, ঠোঁটে আরো কিছুক্ষণ থাকুক না হাসি
অনেক কিছুই বড় প্রগলভ, যেমন আপেল
লজ্জাশীলা দুটি গালে কামরাঙা আভা, দীপ্ত আলমারি
বড় ঝুঁটি পায়রার পায়েতে জখম, পরিত্যক্ত প্রহ্লাদ
না ছোঁয়া দুধের সর পড়ে আছে নীচে
পাহাড় খুবলে খাব, উল্টে দেব পুকুরের পিট
অসময়ের স্টেশনে হুড়মুড় মালগাড়ি ঢুকে যাবো।
শহুরে নিয়ন ঢের ঢেলেছে মুগ্ধতা
বেণী খুলে পাই কি না পাই শরীরী সোহাগ
মোমের স্তন ঠোঁটে, করতলে ঢাকা পড়ে নদী
খড়খড়ি তুলে সূর্য ঢুকে পড়েছে কোটরে।
এলোমেলো চকখড়ি, রিবনের মতো স্মৃতিমালা
কি আমি পাইনি বলো সরাইখানায়?
পাপ-পূন্যের বাদাম খোসা পার্কের বেআব্রু পিঠে
চড়েছি দুরন্ত সেই অশ্বে যার জীবনই খুরে।
ক'দণ্ড ভিজব এই নিরুত্তাপ চাঁদের প্রহারে।
পুনর্জন্ম
তাহলে তুই স্রোতে ভেসে যা।
অগ্নিতে আহুতি দিয়ে দিলেন আজন্মের শাপ
কৈলাশে নন, ছিলেন এ মর্তের চেনা ফুটপাতে।
তখন স্রোতের মাঝে মিশে গেল জবা ও চন্দন
দগ্ধকাঠ, তেজারতি, কোঠা বাড়ির উৎসবÑ
আকুল ক্রন্দন গেল চক্রাকার সিঁড়ি বেয়ে বেয়ে
ত্রিতল আকাশে, কিংবা সে ফিরে আসে স্রোতে
আসে শিশুর ছদ্মবেশে, মস্তমাতৃস্তন ধরে ঝোলে
বয়োবৃক্ষ বটবৃক্ষ পৃথিবীর ঘরে। জলে ভাসে
তাহিতি পূর্নিমা, পুষ্পগন্ধ, রক্তিম কাহার আঁচল?
তারপর সে ঝাঁপ দেয় নিত্যের অসংবৃত স্রোতে।
ও সংবেদন
তোমার সংবেদন ছুঁয়ে রোদজলে একা–
ঘূর্ণাবর্ত ঊড়িয়ে নিল স্থিরতার মাপ
বালুচরে চখাচখি মেখে ছিল পড়ন্ত সন্তাপ!
মেঘের অপর পিঠে সূর্যের ঘরোয়া কোলাজ
প্লাবনের জল দেখ ঢুকে যায় বিশ্বস্ত গহ্বরে।
কেন কাঁপি, কেঁপে উঠি সম্মোহনে, ধীরতা-মমতা
ঠেলে দেয় স্নিগ্ধ সর, ধবধবে প্রান্তর ছুঁয়ে
এই রাতে ফিরে আসে বসন্তের শেষ দীর্ঘশ্বাস,
সে কি হাওয়া? হাওয়ার কেশর পাশে ঝুলে আছে
উন্মুল আরোহী এক–
আমি নই ধবল ধারালোপাতে পড়ে আছে
সংবেদন-কর্তিত কেউ!
একদিন সমুদ্রে চলে যাবো
সারারাত হাওয়ার জন্য বসে আছি
সে কোথায় খাচ্ছে টাল, আটকে আছে
কোথাকার বেভুল সীমায়।
যে ফুল স্পর্শ করি, সে খুব সহজে ঝরে যায়
যে গানে ভরি সুর, সে গানেই করুণ বিলাপ।
লোকালয় রাখেনি কোন নির্ভার আশ্রয়
যেখানে খুব দ্বিধাহীন চলে যেতে পারি
কোন নারী রাখেনি পেতে তার মখমল প্রশ্রয়
ঠোঁটের আকুতি কিংবা স্নেহের-ডিভান
সহজে যার কাছে স্বীকার করা যায়
দিন-যাপনের পাপক্ষয়,
আবার শুদ্ধ হবার উচ্চারণ…
দেখ, একদিন আমি ঠিক সমুদ্রে চলে যাবো।
আর ফিরি না
দূরপাল্লার ট্রেন এসে দাঁড়ায় সন্ধ্যে চুবানো এক লাজুক স্টেশনে
জানালার বাইরে ঐ ভীরু জনপদ, অচেনা লোকজন
সামান্য চিলতে পথ, সম্ভ্রান্ত উঠোন
একটি চন্দ্রমল্লিকার ঝোপ,
কয়েকটি খোলা জানালা, ইতস্ততঃ সন্ধেপিয়েসী কিছু মুখ
আমাকে টানে, ট্রেনটা চলতে শুরু করলেও
আমি কখনই টুক্ করে নেমে পড়ি,
লজ্জাবনত মফস্বলী এলাকা চিরে হাঁটতে হাঁটতে
মিশে যাই অদৃশ্য কুয়াশায়
ট্রেনের জানালা হতে মুখ বাড়িয়ে দেখা আমারই
দৃশ্যের অতীত–
আর ফিরি না।
