জাহিদ সোহাগের দশটি কবিতা
ময়ূর
ময়ূর তুমি হও, বৃষ্টি, উদ্বাস্তু আর
নীলচে ডুবে জলে।
শহরে আছি আমি পুচ্ছে গেঁথে যত তারা
ময়ূর তুমি যাও বনের রেখা ধরে বনে
ওই তো ঘুরে ঘুরে তোমার স্মৃতি নাচে
রঙিন কাঁচ ছিল উচিয়ে সঙ্গীন রাতে
পৃষ্ঠা
শূন্য ছেড়ে এসে রয়েছে আপাতত জলে
ছড়ানো ছিল যত সহসা বন্দুকে খুলে
এখন হাঁটো হাঁটো সূর্য নিশ্চিত ডোবে
পৃষ্ঠা আজ ভেজা উঠছো ফুলে ফুলে মেঘে
মোরগফুল
দুপুর তুমি আছো বাড়িটা ঘুমন্ত রেখে
মোরগফুল কেন সহসা আছে জেগে
পাতার শব্দও পুকুরে নিভন্ত চিতা
জ্বেলেছে দাউ দাউ। এখন চুপচাপ
তুমি কি দেহ দিয়ে তুলতে পারো খনিজল
তোমার মতো ভীতু টানবে ফের দড়ি
কল্পতরু
কল্পতরু তুমি
ঝড়ের চেয়ে বেশি
ঝঞ্ঝা বয়ে আনো
তোমার দেহ পেতে
ছানারা আসে বলে
পাড়তে বসে ডিম
ঘুমের শ্বাস শুনে
আমিও যাবো রাতে
একাকী জল ঠেলে
কে জানে কার দেহ
কাঁপছে কোন ভুলে
ছড়াতে চারপাশে
কপট হেসে দেখো
ছিন্ন কার মাথা
গাছের সন্তান
আবার বাড়ি
ক্ষতের মাছি ফুটছে যত রোদ্দুরে
পথ পেরিয়ে সামনে সাঁকো- যা দাঁড়িয়ে
বাড়িতে যাবো– দুয়ার খুলে পাখি পাখি
রইলো শুধু কথায় আঁকা খরকুটো
বুকের নিচে জমাট বাধা সমুদ্র
মাছেরা সব আটকে আছে মোম যেন
কেথায় যাবো– খুঁজতে নেমে ছায়াঘন
খুন করেছি পথের প্রিয় পা দুটোও
শবর
শরীরি শবর তোমার রাত্রি নেই
ঘুমাবে যে নীল বিছিয়ে মাদুরে একা
কোথাও বল্গা লাজুক ছিঁড়েছে পাতা
ঘুমন্ত তীরে ফেনায় বিষের চাঁদ
গাণ্ডীব কই, শুধু অক্ষর দিয়ে
বুনে যাবে জাল, আর শিকারের ছায়া
তোমার হৃদয় নিজেই আহত আজ
নক্ষত্রজলে পুড়ে গেছে মাংসমেদ
জন্তুর চেয়ে অধিক অধর তুমি
পেয়েছো কোথায়, এবার ব্যর্থ হও
পাখি
তোমার সাথে লুকিয়ে খেলি পাখি
গাছেরা কেন পাজর ভেঙে থাকে
দুঃখ তুমি আধেক যদি লীন
পাথর ঘসে জ্বেলেছো প্রিয় জল
যদিও তুমি অনেক রোগা মেঘ
খেলার ছলে জলের রশি টানো
পাখি তোমায় হৃদয় ছেনে ডাকি
দুজনে এসো ডানায় ভোরে থাকি
ধুলো
উড়ছে ধুলো বাতাসে মোটর যেন
ফাটছে যদি শূন্য থোকার ফল
যেমন তুমি রৌদ্র-মুখর হলে
সহসা দেখি ক্রোধের চড়কা ওড়ে
কোথায় যাবে? বসবে কোথায় জল
হাসপাতালে? দগ্ধ কাঠের তল?
বাতাস জানে কী তার মর্ম গান
দেবদারু
হও তুমি আগুন মেঘ দিন
রাত জাগা একাকী দেবদারু
ছেঁড়া জামা আগলে বসে থাকো
ঘর ছাড়া পাখিরা দেয় উঁকি
সেলাই কে করবে কার ক্ষত
কার ফুল হাতুড়ি ঠুকে বাঁচে
নদী কার উপচে ওঠে চাঁদে
খোঁজ তার রাখতে পারো রাখো
তুমি শুধু সুতোয় বোনা ঘর
ভাঙা ডিমে হলুদ হতে থাকা
হ্যাজাক
যদিও বৃষ্টির অনেক জটিলতা তুমি
একাকী দূরভাষ
পাখিরা উদ্বেগ নিয়েছে স্বেচ্ছায় খুটে
জানালা ছেঁড়া-ঠোঁট দুলছে হাওয়ায়
সাঁকোর অপচয় তুমি
বন্ধু ছিলে একদিন
নিজেকে উদ্বাহু জেনে সেও
আঙুলে ধরে সুতো, ধীরে
হাঁটের জঞ্জাল যত
মুখর করে রাতে
