শামীম আজাদ’র দূরত্ব
চিত্রকর্ম: সুলতানা মিমি
সেই একই ঢলঢলে জুতোজোড়া
একই কালো কোট
পুরানো পার্পল ব্যাগ
সবই অনুরূপ
তবু চলে।
এত ফল
এত জুস
এত কুসকুস
না খেলেও চলে।
সুগন্ধি না মাখিলেও
মুখে হাত দিলেও
করোনা মুখর রাতে
টেইক এ্যাওয়ে না চাখিলেও চলে।
মাংস ও মসৃণ চাল
রুটি কিংবা তিন রকমের ডাল
মাখন মেওনীজ আর যত যত
মধ্যবিত্ত কাল মজুদ
না করিলেও চলে।
চলে রঙ না দিলেও চুলে
পেডকিউর না করিলেও চলে
পছন্দের পাছাপেড়ে ধনেখালি
না পরিলেও
পয়সাপাতি না গুনিলেও ভুলে!
চলে না প্রিয়জন, প্রিয়মুখ,
প্রিয় পৃথিবী মাস্কে ঢাকিলে
তুমি কাছে না আসিলে।
আর কিছুতেই চলে না চলে না
একদমই চলে না
দেখা হলে
কথা না বলে
তোমার ও আমার মাঝে
তিনফুট দূরত্ব মাপিলে।।
