২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুদ্দিন পেয়ারার চৌপদীগুচ্ছ

শামসুদ্দিন পেয়ারা

Published : 29 May 2020, 03:04 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


১.
এই রাষ্ট্রটি জনতার নয় নবপুঁজিপতিদের
ইস্কুলগুলো শিশুদের নয় অন্ধ ও বধিরের,
এখানে চলছে মোসাহেবি আর লুন্ঠন উৎসব
জয়ধ্বনি বাজে দুর্নীতিবাজ নেতা ও নেত্রীদের।

২.
সে এক সময়ে যুব সমাজের স্বপ্নের রানি ছিল,
মিডিয়া তখন তাকে প্রতিদিন হেডলাইন দিচ্ছিল।
তার দর্শনে উপচে পড়তো আবালবৃদ্ধবনিতা –
রুগ্ন শয়ানে একাকী বৃদ্ধা, জীবন কী তাকে দিল?

৩.
শোন বন্ধুরা, আমাকে তোমরা এ কথা কখনো বলো না,
এত বড় এই পৃথিবীতে শুধু তার বুঝি স্থান হলো না?
আটশত কোটি মানুষের বাস সবাই রয়েছে আরামে,
নিশ্চয় ব্যাটা আজরাইল তাকে করেছে মিথ্যা ছলনা!

৪.
শামসুদ্দিন নামে বিদ্ঘুটে এক লোক ছিল,
তাকে নিয়ে ঢাকা প্রেসক্লাবে নানা জোক ছিল।
এক রাতে তার প্রাপ্তি ঘটলো পঞ্চত্ব,
ভোর বেলা এসে ডাক্তার বলে, স্ট্রোক ছিল।।

৫.
কেয়ামৎ খাঁর আদি বাড়ি নাকি এক কালে ছিল খুলনা,
তার পরদাদা ইস্রাফিলের ছিল না সে কালে তুলনা।
বিশিঞ্চি সিনা আঠার কোমর সাত ফুট উঁচু শইলডা
করোনার কালে পরিস্থিতিটা তার খুব অনুকূল না!

৬.
আমার একটা ফ্যাক্টরি আছে যা খুশি বানাতে পারি
এ জীবনে যা যা প্রয়োজন হয় হাল্কা মাঝারি ভারি,
আকাশকে টেনে মগজে ঢুকাই, মৃত্যুকে কাটি ভেংচি –
তাইতো আমার এত চোটপাট, আমি কারো ধার ধারি?

৭.
কেউ বুঝবে না তোমাকে বন্ধু কেউ থাকবে না পাশে,
ছটফট করে কাৎরাতে রবে অন্তিম নাভিশ্বাসে;
বাহিরে আঁধার ঝঞ্ঝাক্ষুব্ধ রুষ্ট প্রকৃতি ফুঁসবে
আকাশে বাজবে অট্টহাস্য বজ্রের সন্ত্রাসে।

৮.
আমরা সবাই হঠাৎ করে কেমন যেন বুড়িয়ে গেছি,
মাঘের ভোরে আগের রাতের ভাতের মত জুড়িয়ে গেছি;
এখন কোথাও হট্টগোলের আড্ডাগুলো আর জমে না
ফুলপাতাহীন শুষ্ক শিমুল ডালের মতো মুড়িয়ে গেছি।

৯.
ছেলেটা বললো, অতীতের ন্যায় এখনো তোমাকে চাই।
মেয়েটি বললো, তোমাকে না পেয়ে শূন্য জীবনটাই!
ঠিক সে সময়ে দুই দিক থেকে দুটো ট্রেন এসে থামলো,
দুজনে বললো, বিদায় বন্ধু সংসারে ফিরে যাই!

১০.
কেউ একজন স্বপ্নে আমাকে পিস্তল নিয়ে তাড়াচ্ছে,
একজন ঝানু কসাই আমার দেহের চামড়া ছাড়াচ্ছে,
চারদিকে বেশ বাদ্যবাজনা যেন ইদ পুজা হোলি উৎসব
সকলের হাতে জাতীয় পতাকা সোল্লাসে তারা নাড়াচ্ছে।

১১.
রাত কেটে গেল ভোরের আশায় ভোর আর এলো কই?
বিরান মুলুকে সাগরের কূলে রাত জেগে বসে রই।
সাঁঝের তারারা পূবে উঠে কবে পশ্চিমে ডুবে গেছে
সূর্য যে গেল আঁধারে আটকে, আটকে সে রইলই!

১২.
কাউকে যদি ভালবাস ভুলেও তাকে বলবে না,
মেয়েরা খুব দেমাগি হয় তাদের হৃদয় গলবে না;
বরং তোমার বিপদ হবে মাস্তানেরা জানলে পর-
হাসপাতালে থাকতে হবে গ্রাসাচ্ছাদন চলবে না।

১৩.
শুরুতে দুজনে দুজনকে নেয় বহুজন থেকে বেছে
দু'মুখো স্রোতের টানে দুই তরী ভিন্ন দু'ঘাটে গেছে,
পাঁচ দশকের অন্তে যখন দেখা হলো দু'জনার
দু'জনে বুঝলো, বীণা বাজবে না, তারগুলো কেটে গেছে!