আকাশ বিছিয়ে বুকে সবকিছু আকাশে রাখলাম
অধ্যাপক আনিসুজ্জামান : তাঁকে নিয়ে এই লেখা,
সকলেরই প্রিয় স্যার তিনি , শুধু
আমারই শিক্ষক! না, এ কথা সত্য নয়–
সবার শিক্ষক তিনি দেশের শিক্ষক
দেশের শিক্ষক মানে জাতির শিক্ষক
জাতির শিক্ষক মানে জাতির বিবেক
বিবেকের উচ্চাসনে উঠে গিয়ে তিনি
কী গৌরবে সিক্ত ছিলেন, হয়েছেন
আত্মভোলা বাঙালির জাতীয় শিক্ষক —
জাতির এমন এক অতুল্য সন্তান,
যাকে নিয়ে ধন্য হয় স্বদেশের মুখঃ
যদিও স্থপতি নই,তবু
শূন্যতার
অনাদি অসীম
প্রেক্ষাপটে
টুকরো টুকরো ভালোবাসা
বিন্দু বিন্দু বেদনার
অশ্রুকণা গেঁথে
হৃদয়ের সব মালা নিবেদন করে
তার নামে
আমি আজ
বানিয়েছি আকাশ জড়িয়ে থাকা
একটা বিশাল
বিমূর্ত মিনার।
২.
বিগত চব্বিশ ঘন্টা ধরে
এই মিনারের জন্য আমি
একটা সঠিক নাম খুঁজছি :
চেতনার অলিগলি তন্ন তন্ন করে
এই নাম খুঁজতে খুুজতে
আমি রীতিমতো হিমশিম খাচ্ছি —
টেবিলে মাথাটা রেখে
ক্লান্ত
অবসন্ন
নিশ্চেতন
আমি
কখন যে
ঘুমিয়ে পড়েছি,
একদম টেরও পাইনি…
ঘুমের ভিতরে হঠাৎ তাজ্জব হয়ে দেখলাম,
শাদ শাদা নক্ষত্রের অপূর্ব মেলায়
মাঝখানে অতি পরিচিত শুভ্র
পায়জামা পাঞ্জাবি-পরনে
দাঁড়িয়ে আছেন যিনি
তিনি আর কেউ নন–
বাঙালির জ্ঞানগুরু
আমাদের প্রিয় স্যার আনিসুজ্জামান!
৩.
ঘুমের ভেতরে
যারা স্বপ্ন নিয়ে খেলে
খেলতে ভালোবাসে
আমিও তেমন এক উন্মাতালস্বপ্ন-খেলোয়াড় —
পুরোদমে সারাটা জীবন আমি
স্বপ্ন দেখতে ভালোবাসি আমি; ভালোবাসি
স্বপ্নবাজ মানুষেরে প্রাণের গভীরে;
এবং স্বপ্নকে ভালোবাসি বলে
যেদিন স্যারের এক সন্তানের নাম
জেনেছি আনন্দ, খুবই চমকিত হয়ে
সেদিন থেকেই মানুষের
হাসি -কান্না- সুখ -দুঃখ- প্রেম আর যুদ্ধ -পরাজয়ে
আমি দেখতে ভালোবাসি আনন্দের ছবি ।
আকাশ নামিয়ে জলে আমি অবাক বিস্ময়ে
আমি আরও দেখি সমুদ্রের অপার ভুবন ,
যে-ভুবনে জলদস্যু বলি কিংবা বলি মহাবীর
জলের নাবিক সেই সিন্দাবাদ ও ভাস্কো ডা গামা
দু'জনের সমুদ্র জয়ের যত সব দুঃসাহসিক
গৌরব গাথা ও কাহিনী আজো আমি দেখতে থাকি,
দেখতে দেখতে অবিরাম শুনতে পাই –কান পেতে শুনি–
কী আনন্দ! আমাদের পৃথিবীর আকাশে বাতাসে…
৪.
জীবনের প্রকৃত স্বরূপ খুঁজতে খুঁজতে পুত্রের ভেতরে
আশা আর আনন্দের কী সুন্দর সমন্বিত রূপকে
কী স্নেহের গন্ধ মেখে প্রাণ খুলে স্যার ডাকতেন,
আনন্দ কোথায় তুমি, বাবা!পরম আদুরে সেই
মোলায়েম কণ্ঠে আনন্দকে প্রিয় বাবা
আর কোনো দিন ডাকবেন না–
আনন্দ! আনন্দ
এসো
বসো এইখানে
চোখ খুলে দেখো বাবা
এ অস্থির পৃথিবীতে আজ
শিশুরা আনন্দে নেই
ফুলেরা আনন্দে নেই
পাখিরা আনন্দে নেই
নদীও আনন্দে নেই
চারিদিকে নেই নেই
আছে শুধু সবখানে আনন্দহীনতা
তার সঙ্গে যুক্ত আছে
খুন
হত্যা
লম্পটের আস্ফালন
ধর্ষিতার নিঃশব্দ বিলাপ।
আজ হরিণীর মাংস খেয়ে মানুষ গিয়েছে বনে
বাঘ কিংবা বাঘিনী শিকারে : মনে জাগে অদ্ভুত বাসনা
বাঘিনীর স্তন কেটে যদি খুঁজে পাওয়া যায়
মানুষের রক্তের নিশানা; হায়!
এতটা নৃশংস কেন আজ মানবপ্রজাতি!
মানুষ যদি না প্রকৃত মানুষ হয়
তবে কি সভ্যতা থাকে ? আনন্দের লেশ মাত্র থাকে ?
এ সবের জবাব কে দেবে — জবাব দেবে না কেউ।
আনন্দে মানুষ থাকলে পৃথিবীর ক্ষতি নেই
পৃথিবী আনন্দে থাকলে মানুষের লাভ আছে
মানুষে মানুষে প্রেম থাকলে শান্তি আসে পৃথিবীর মনে
পৃথিবীর মন থেকে মানুষের রূপ মুছে গেছে
মানুষের মন থেকে পৃথিবীর রূপ মুছে গেছে।
আজ কেন মানুষের মনে শান্তি নেই ; আজ
মানুষে মানুষ নেই, আছে দেখি দানবের মুখ;
হিংসা ও বিদ্বেষ ছাড়া মানুষের মনে কিছু নেই ।
এমন বিপন্ন কালে দুঃসময় কাটাচ্ছেন বাবা
ও আনন্দ, সন্তান আমার ! মনে কষ্ট চোখে কষ্ট–
নিরানন্দ পৃথিবীতে কী করে বাঁচবে তুমি আমার স্বরূপে!
আনন্দ তোমার ঘরে কে আগুন লাগিয়েছে ?
আনন্দ! তোমাকে ডাকছি আমি , শুনতে পাচ্ছো? — সাড়া দাও
পৃথিবীকে যদি চাও সাজাতে নিজের মতো করে
তা হলে সবার আগে তুমি নিরাপদ থাকো; তুমি
নিজের আনন্দ দিয়ে যুক্ত করো মুক্ত করো
অন্যের আনন্দ আর পৃথিবীর বন্দি আনন্দকে।
৫.
স্বরূপের সন্ধানেই আজীবন হেঁটে হেঁটে ঘেটেছেন তিনি —
শুরুতে মুসলমান তারপর বাঙালির মন,
এরপর মুসলমান – বাঙালিকে যুক্ত করে মুক্ত করে
অবশেষে তৈরি হলেন এমন এক
সম্পন্ন সুন্দর আলোকিত অপূর্ব মানুষ —
সকলের অতি প্রিয় একজন আনিসুজ্জামান–
আমার আনিস স্যার! কোন্ অন্ধকারে কোন্ আলো
জ্বালিয়ে ছিলেন তিনি আমাদের মানস মহলে?
সকল বন্দিত্ব আর সকল অন্ধত্ব থেকে চাই–
"ঘরে ঘরে আনন্দের মুক্তি চাই" — এই দাবী নিয়ে
সভায় মিছিলে হাঁটে যারা বহুবার, মনে পড়ছে
আনন্দের সমূহ মুক্তির পাঠ নিতে গিয়ে তারা
ছুটে গেছে তাঁর কাছে মৌনতায় নীরব নিষ্ঠায়–
মৃত্যুকে উপেক্ষা করে
দুই কাল পার হয়ে আজ
তিন কালে দাঁড়ালাম ভর দিয়ে —
মাথা নুয়ে তাঁর পায়ে
তাঁর হাতে হাত রেখে
আমি বারবার বলেছি গর্বের সাথে —
জীবন তোমাকে আমি ভালোবাসি; আর
মৃত্যুকে তখনও বলেছি এখনও বলছি
ক্ষমাহীন অহংকারে–
তুমি মৃত্যু অন্ধকার
জাত ধর্ম গোত্রহীন দুর্বিনীত তোমার স্বভাব
অদৃশ্য হুকুম নিয়ে তোমার বেসাতি–
এও তুমি ভালো করে জানো–জীবন ছড়িয়ে আছে
এক থেকে বহু জনে, আরও বহু জীবে
জীবনে জীবন বাঁচে তাকে তুমি কী করে থামাবে? —
জীবন ছড়িয়ে আছে জানি, কাল থেকে কালান্তরে
মানুষের স্বপ্নে আর জীবনে জীবনে– অফুরান।
কে মানলো আর নাই মানলো
সেটি কোনো কথা নয়, কথা হলো আমার একটা–
আমি যা বিশ্বাস করি তাই সত্য, তারপরে সত্য নাই
আমার সত্যের চেয়ে খাঁটি আর কোনো সত্য খাঁটি নয়
তা-ই সত্য ,আমি যাকে সত্য বলে মানি —
আমার সত্যের চেয়ে আর কোন সত্য বড় নয়।
কেউ কিংবা কোনো লোক যদি তর্কের খাতিরে
আমাকে জিগ্যেস করে, কবি! আপনার সত্যটা
দেখতে কেমন, তার চোখ মুখ কিংবা কোন ছবি
দেখাতে পারবেন– দেখান তো পারেন যদি।
সামান্য আব্দার লোকটার; এক মাইক্রো সেকেন্ড
বিলম্ব না-করেই আমার বুকটা কেটে-চিরে
একটা উজ্বল হাসিমাখা ছবি বের করে সঙ্গে সঙ্গে
লোকটাকে দেখিয়ে গর্বের সাথে বললাম, দেখুন :
আমার সত্যের ছবি;
লোকটা ছবিটা দেখে দ্রুত তার প্রতিক্রিয়া ব্যক্ত করে
আমাকে জানান, ''আরে! আরে! ওনাকে চিনবো না!
জন্ম থেকে তাঁকে চিনি — আমাদের জাতীয় শিক্ষক
সবার আনিস স্যার! দুঃসময়ে আলোর ঠিকানা :
আমাদের বর্ণমালা তাঁর কাছে ঋণী
আমাদের শহীদ মিনার তাঁর কাছে ঋণী
আমাদের রাজপথ তাঁর কাছে ঋণী
আমাদের মুক্তিযুদ্ধ তাঁর কাছে ঋণী
আমাদের মানচিত্র তার কাছে ঋণী
আমাদের জাতীয় সংগীত তাঁর কাছে ঋণী
আমাদের জাতীয় পতাকা তাঁর কাছে ঋণী
আমাদের সংবিধান তাঁর কাছে ঋণী
এমনকী স্বয়ং রবীন্দ্রনাথ তিনিও তাঁর কাছে ঋনী
লোকটা আরও বলতে থাকে — বলে ,
আমাদের এত কিছু যাঁর কাছে ঋণী, কবি!
আপনাকে ঈর্ষা করে সালাম জানাই
আপনি স্যারের একজন প্রিয় গুণী ছাত্র– –
কবিতার পাশাপাশি দেশ জুড়ে অন্য খ্যাতি আছে
আপনার মতো আমিও স্বীকার করি –স্বীকার করলাম– বলি ,
মানুষের মৃত্যু হয়- মানব মরে না; আনিস স্যার তো
মূলত মানব হয়ে চলেছেন দানব সমাজে!
৬.
একজনে কি ফুরিয়ে যায় বহুজনের আয়ু
বহুতে বাঁচার মন্ত্রে যে-মানুষ ব্যয় করে নিজের জীবন
সে মানুষের মৃত্যু নেই : যেমন মরেনি
সক্রেটিশ রবীন্দ্রনাথ, আরও একজন
যদি বাঁচে এ কবিতা সেও বেঁচে বিক্রি করবে পৃথিবীকে
সুন্দরের কাছে ; সত্যের পূজারি সব মানুষের কাছে।
যদি আমি বেঁচে যাই
আমার আনিস স্যার কী করে মরবেন!
তিনি তো এমন জন
যে জন মানুষ থেকে ধীরে ধীরে ধীরে
মানবের পথ ধরে একাকী একজন
সকলেই মরিলেও
এমন গৌরব আর সৌরভের পথে
ঘাসের জমিন হতে যাঁর যাত্রা দিগন্ত ছাড়িয়ে
মানব কল্যাণ ব্রত যাঁর সতত সুন্দর
তাঁকে মৃত্যু বন্দি করে কোন্ অন্ধকারে —
আজিমপুরের এজমালি গোরস্তানে!
এ কথা স্বীকার করতে এ কবিতা আমি তো লিখিনি:
কালের কপোল তলে প্রিয় আনিস স্যারের জন্য
আমি হয়তো তাজমহল বানাতে পারিনি;
তবে যা বানালাম তাও কিন্তু কম নয় :
শুন্যতার মহাব্যাপ্ত সুন্দরের মূলে
প্রাণের আবেগ ও উচ্ছ্বাস একখানে এনে
বানিয়েছি অবিনাশী হৃদয়ের বিমূর্ত মিনার —
কত শত শান্তির অমেয় বাণী লেখা আছে এ মিনারে
আমাদের বর্ণমালা আর তার রক্তের আখরে:
এখানে ঘুমিয়ে আছে এক থেকে বহু জনে জনে
বাঙালির এক পুত্র এ মাটির অমৃত সন্তান :
সকলের তিনি গুরু –বাতিঘর — আনিসুজ্জামান।
৭.
আমার শিক্ষক তিনি, আমি তাঁর যোগ্য ছাত্র নই;
এ কথা সবাই জানে, হয়তো তিনিও জানতেন —
একজন ফাঁকিবাজ অতি ক্ষুদ্র ছাত্র বলে আমি
তার সামনে কখনো সাহস বুকে দাঁড়াতে পারিনি;
সেই কবে কোন শিশুকাল থেকে কবিতা ভাইরাস
করোনা জীবাণুরূপে যার রক্তে ঢুকে আছে, তার
কোনো শিক্ষকের প্রিয় ছাত্র হওয়ার সুযোগ নেই;
আনিস স্যারের মতো গুণী ঋষি তুল্য শিক্ষকের
ছাত্র হয়ে যারা যোগ্যতার অতি উঁচু সিঁড়ি ভেঙে
মেধা আর প্রতিভার যুক্ত জোড়ে দেয়াল পেরোয়–
জীবনের অমসৃণ উঁচু নিচু বহু দীর্ঘ পথ
পাড়ি দিয়ে তাদের অনেকে আজ খ্যাতির বেলুনে
উড়ে গিয়ে দ্রুত কী সুন্দর ভাবে আকাশ ছুঁয়েছে
তেমন যোগ্যতা আমি কোনোকালে না- করে অর্জন
কিছুটা স্বভাব দোষে বাকি টুকু মেধার অভাবে
সর্বদা সতর্ক থাকি — ধরা পড়ে যদি লজ্জা পায়;
ব্যাকবেঞ্চার ছাত্র আমি কোনোদিন আনিস স্যারের
প্রিয় যোগ্য ছাত্রদের তালিকায় নিজের নামের
অবস্থান খুঁজে তাঁকে বিব্রত করিনি, কিংবা প্রিয়
ছাত্র হতে কোনোরূপ ছলা কলা অভিনয় দেখাতে যাইনি;
কখনো উদ্গ্রীব হয়ে তাঁর কাছে যায়নি ছুটে ; ভালো
কী বা আর হতো? যদি আমি তাঁর অনেকের মতো
নাম করা প্রিয় ছাত্র হলে! জানি, কিছুই হতো না! ,
পাওয়া কী কখনো হতো নামী দামি পদক সনদ!
এ নিয়ে আমার কোনো কষ্টবোধ অথবা আক্ষেপ
কোনো কালে তাঁর কাছে প্রকাশ করিনি,তিনিও বা
এ নিয়ে আমাকে তাঁর মনোরূপ না-দেখিয়ে খুব
আশ্চর্য সুন্দরভাবে " অনেক কথা যা-ও যে বলে
কোনও কথা না -বলি" – রবীন্দ্রনাথের এ কলির
মর্ম দিয়ে তাঁর স্নেহরূপ স্নিগ্ধ স্বভাব ও প্রকৃতিকে
চিরকাল সবাইকে যেমন , আমাকেও তেমনিভাবে
বুঝিয়ে গেছেন — তাঁর রুচি আর স্বভাবের সারকথা–
সব ছাত্র তাঁর কাছে সমান গুরুত্বে আছে ,থাকবে
তাঁর স্নেহকুঞ্জে হৃদয়ের অভিন্ন প্রেমের ছায়ালোকে
নির্মিত আশ্রমে; এ আশ্রমে প্রভু ছাড়া সবাই পূজারী:
উঁচু নিচুু জাত পাত ধর্ম কর্ম সাধনার পথ
একটি বিন্দুতে রেখে কবি চণ্ডী দাসের কবিতা
আমাদের দিয়েছেন বহুবার স্মরণ করিয়ে :
এক কথা বহুজনে বহুস্বরে এক সুরে গেয়ে
মানুষকে মানুষের জন্য পুনঃপুনঃ জন্ম নিতে হয়–
তা না হলে, কবে যে বিনষ্ট হতো, লুপ্ত হতো মানবপ্রজাতি!
"শুন হ মানুষ ভাই!
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই। "
আমৃত্য আনিস স্যার এই সত্যে মানুষ খুঁজতেন
আমাদের দেখালেন মানুষের প্রকৃত স্বরূপ।
৮.
আজীবন ছাত্রদের মানুষ করার জন্য যিনি তাঁর
জীবনের সব আয়ু মেধা শ্রম নিদ্রা বিনোদন
ব্যয় করে যখন পৃথিবী পার করছে এক
ভয়ঙ্কর দুঃসময় ঠিক এ সময়ে কী নির্মম
কুৎসিত রূপে করোনা নীরবে তাঁকে টান মারে !
মৃত্যুর মহড়া দিয়ে নিয়ে যায় আলোর ওপারে :
মন্দ লোকে মন্দ রথে পার হয় কত মন্দাকিনী!
আমার এ অতি নিচু মাথার উপরে তাঁর দুটো
চরণের কত ধূলো জমে আছে! কত ধূলো জমে !
যত বার তাঁর সামনে দাঁড়িয়েছি ততবার করি
উচ্চারণ : ''আমার মাথা নত করে দাও হে প্রভু
তোমার চরণ তলে; " হ্যাঁ ,পঁতাল্লিশ বছর ধরে
যত বার তাঁর সামনে দাঁড়িয়েছ, কিংবা তাঁর পাশে
বিনম্র কদম ফেলে অতি ধীরে সামনে হেঁটে গেছি
অবচেতনে কেন যে আমার শির নত হয়ে আসে,
আজ তিনি নেই, রবীন্দ্রনাথের সব গান
রক্তেভাসা তাঁর প্রিয় দুঃখিনী বর্ণমালা
শহীদ মিনার স্মৃতিসৌধ সংবিধান জাতীয় পতাকা
নরম সুন্দরী প্রিয় অভিজাত ছাত্রীটির বিনিদ্র নিঃশ্বাস
বাংলাদেশ ব্যাংকের সকল কারেন্সি
তাঁকে আর কোনোদিন ফিরিয়ে আনবে না;
একুশের বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে
লালগালিচা বিছানো পথে তাঁর আদরের প্রিয় ছাত্রী
প্রধানমন্ত্রীর হাত ধরে আর কোনো সভাপতি বাংলা একাডেমির সভামঞ্চে কোনোদিন উঠবেন না;
মাননীয় প্রধানমন্ত্রী! স্যারকে অসুখ থেকে সারিয়ে তুলতে
এই মহামারী করোনার দুঃসহ কালে
আপনি তো কম করেননি! তারপরও পারলেন না–
জাতীয় শিক্ষক তিনি, জাতিকে কাঁদাতে কাঁদাতে
কী নির্মম নীরবে নিভৃতে তিনি চলে গেলেন :
আজিমপুরের গোরস্তানে বাবার ছায়ায়
মায়ের আঁচলে শিশু
পরমে নিশ্চিন্তে আজ শুয়ে আছে।
৯.
অসুখে দেখিনি তাঁকে, কেন? কার কোন পাপে
আমি ও আমরা আজ কেন
তাঁর কবরের পাশে গিয়ে নত হয়ে দাঁড়াতে পারিনি ?
সত্যই আমার কাছে তিনি একমাত্র স্যার নন,
স্যারের অধিক যদি আরো কিছু থাকে, তা-ই
চিরকাল গণ্য করে গর্ব ভরে আমি দাঁড়িয়েছি
দাঁড়াতে শিখেছি, পঁয়তাল্লিশ বছর ধরে আছি :
এভাবে শিক্ষক তিনি সকলের; শ্রেণির বাইরে
আমার স্বপ্নের আলোদ্বীপ ! থাকবেন ভালো স্যার।
আমি তো দ্বীপের শিশু –ভালোবাসি নদীর উজান
আমি যে নদীর জলে ডুবে ডুবে এখানে এসেছি
সে এক মরমী নদী– নাম তার আনিসুজ্জামান।
১০.
এমনও অনেকে বলে, যেখানে আনিস স্যার মৌনী
সেখানে ভাঁড়ের সাজে কেউ কেউ চেঁচামেচি করে
বামন হাতিয়ে নেয় বুদ্ধি করে সমাজের খুঁটি :
নকল পালকে কাক কোকিলের পোশাক পরেছে,
অন্যকে যে ছোট করে লজ্জাহীন বড় হয়ে চলে
তেমন স্বভাব নিয়ে কোনোকালে একটি টু শব্দ
উচ্চারণ করতে কিংবা হেন হীন কোনো তুচ্ছ কথা
টেবিলে আড্ডায় সেমিনারে কারও মনে কষ্ট দিয়ে
বলতে তাঁকে কখনো দেখিনি ; শুনিনি কখনো
তাঁর বন্ধু স্বজন সুহৃদ কিংবা সুজনের কাছে;
এমনকি বিরুদ্ধ মতের যারা তারাও বলেননি কিছু।
এমন আকালে আজ দুঃসময়ে তিনি চলে যান
হৃদয়ের ভালোবাসা অর্ঘ্য দিয়ে কেউ তাঁকে ফেয়ারওয়েল
জানাতে আসেনি; কী করে আসবে! ঘরে ঘরে লকডাউন…
আর লকডাউনে পুরো দেশ; সমস্ত পৃথিবী জুড়ে
এ কেমন মহামারী সান্ধ্যআইন — কার্ফিও করোনা ।
মনে পড়ছে, তাঁর সঙ্গে আমার মাত্র এক মিনিট স্থায়ী শেষ
কুশল আলাপে কী ব্যাকুল আকুল চিত্তে আমাকে জানান
সর্বশেষ আশীর্বাদ : " আসাদ! আমার শরীর খুব ভালো নেই;
কষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছি– দোয়া করো। ভালো থেকে, সাবধানে…
কষ্ট হচ্ছে কষ্ট পাচ্ছি, ভালো থেকো রাখি
এখনো কানের মধ্যে তাঁর সেই কষ্ট বাজে, বাজে..
আজ আমি ভালো নেই, আমরা কি ভালো আছি?
নেই নেই আমরা কেউ আজ আর ভালো নেই, স্যার!
যখন টিভির পর্দায় আপনার নিথর পড়ে থাকতে দেখি
তখন কী করে আর ভালো থাকি– ভালো থাকা যায়!
কাফনে মোড়ানো আপনাকে দেখি কী নির্মম আচ্ছাদনে
ঢেকে রাখা আপনার নিষ্প্রাণ শরীর; যে-শরীর
আমাদের ঐ শোকার্ত জাতীয় পতাকা দিয়ে
অপার গৌরবের খুশবু ঢেলে ঢেকে দেয় পরম শ্রদ্ধায়,
যখন অন্তিম অভিবাদনে জাতির অন্তরাত্মা খুলে খুলে
বিউগলের করুণ আওয়াজ কবরের নিস্তব্ধতাকে
টুকরো টুকরো করে ছড়িয়ে দিয়েছে আমাদের প্রাণে ,
সারা দেশে গাছপালা তরুলতা বিষণ্ণ পথের বাঁকে–
বাঙালির তের শত নদী জলে তুলেছে কান্নার ঢেউ
বলুন আনিস স্যার ! সেখানে কী ভালো থাকতে পারি?
নাকি ভালো থাকা যায়! না না লক্ষ কোটি বার
চিৎকার করে আমি বলছি, আমরা ভালো নেই,
ভালো নেই, আপনার সুহৃদ স্বজন কেউ, ভালো নেই…
আপনার চলে যাওয়া দেখে প্রিয় নদী কর্ণফুলি
মৌনতায় ডুবে ছিল বিগত চব্বিশ ঘন্টা ধরে;
আপনি বিদায় নিয়ে তবুও যাচ্ছেন, যান যান …
আমাদের সম্মিলিত শোক কান্না-অশ্রু -ভালোবাসা
প্রণাম প্রণতি সব কিছু আপনার সঙ্গে যাচ্ছে
আজ যত ফুল আছে গাছে গাছে এবং বাগানে
সব ফুল রেখে আসি আপনার চরণ ধূলোয়;
ধূলো তো মাটির অংশ যার কোনো ক্ষয় লয় ধ্বংশ নেই।
আর দশটা লাশের মতো আপনি কিন্তু কবরে নেই
আমরা সবাই কাঁদি, কাঁদছি, কাঁদবো আপনার ঐ কবর থেকে
নিরাপদ দূরত্বে আমরা যারা
আপনার প্রস্থান সংগীত শুনতে পাচ্ছি
হায়! আমরা কেউ আপনার কবরের সামান্য মাটি
স্পর্শ করতে পারিনি
কী হবে আফসোস করে –
আমাদের কোনো ক্ষোভ কিংবা কোনো আক্ষেপ নেই
নেই নেই নেই, কেন থাকেবে!
আমাদের কান্না-অশ্রু- ভালোবাসা
এত যে বিশাল এত ব্যাপ্ত দিগন্ত ছাপিয়ে
কবরের সামান্য মাটির ঢিল এসব কিছুকে
কী করে রাখবে! পারবে না তাই
আকাশ বিছিয়ে বুকে সবকিছু আকাশে রাখলাম।
