অমৃতা ইশরাত : পৌরাণিক চোখ, ওফেলিয়া ও মাতামহীর নির্জন রাজহাঁস
ওফেলিয়া ও মাতামহীর নির্জন রাজহাঁস
ইউক্যালিপটাসের শিল্পিত চূড়া ছাপিয়ে সন্ধ্যা নেমেছে আজ
দেবদারুর নিবিড় ছায়ায় ঘনায়েছে নীলচে আঁধার
আষাঢ়ের খেয়ালে নক্ষত্রেরা যেন ঘুমিয়েছে বহুকাল
ওফেলিয়া, তন্দ্রাচ্ছন্ন বালিকা আমার!
তোমার জন্যেই ইরাবতীর স্বচ্ছ জলে ভেসে চলেছে মাতামহীর কল্পিত রাজহাঁস।
তুষার রংয়ের সেই হাঁসের পাখা ক্রমশ বিস্তৃত হয়েছে র্যাঁবোর নির্জন শয্যায়।
চতুরার্য সত্যে প্রশান্তির আলো জ্বেলেছে ফ্লোরেন্স
তবু্ও মৃত্যুপথযাত্রীর শীর্ণ হাতে সূঁচ ফোটায় বিষন্ন নার্স।
ওফেলিয়া, প্রিয়তম বালিকা আমার!
শৈশবে মাতামহীর রাজহাঁসের পায়ে বেঁধেছি ঘুঙুর
ভুল করে ছিঁড়েছি বাতাবিনেবুর ফুল
লঙ্কা জবার লালে রাঙিয়ে অধর
হিজল-সোনালুর গয়নায় নিজেকে সাজিয়েছি বহুবার!
বিমুগ্ধ যাদুকর যেভাবে ঝোলা থেকে বের করে আনে ট্রান্সপারেন্ট যাদুর রুমাল
তেমনি মাতামহী খুলেছেন পুরনো সিন্দুক, আচারের কৌটো, নারকেল নাড়ুর বয়াম।
ওফেলিয়া, তুমিই শুচিস্মিতা!
গভীর জলে ডুবে যাওয়া বন্ধু আমার।
মধ্যরাতে মাতামহীর আধবোজা চোখের দিকে তাকালে মনে হয়
এই আষাঢ়ের জাতিকা যেন মহামায়া,
চাণক্যের তক্ষশিলা, মগধের রাজপথ
আরও গভীরে নীল জ্যোৎস্নায় ডুবে যাওয়া পিপলিবানের দুর্গ
চন্দ্রগুপ্তের প্রাচীন জনপদ।
পৌরাণিক চোখ
মাঝেমধ্যে খুব হিংস্র হয়ে যাই
শৈশবের আদর্শলিপি থেকে নীতিকথার সকল অর্গল ভেঙে বেরিয়ে আসে হতাশার কঙ্কাল।
বিষাক্ত নখের আঁচড়ে শরীর থেকে খসে পড়ে রক্তাক্ত ফুসফুস আর ছান্দিক হৃদপিণ্ড।
সীমাহীন রক্তের তপ্ত স্রোত পেরিয়ে যখনই ছুঁতে যাই অগ্নিপালক
ঠিক তখনই অন্তহীন অপেক্ষার সাইরেনে বেজে ওঠে মায়ের ঘুমপাড়ানি গান
ওথেলোর ফিরিয়ে নেয়া মুখ
মাতামহের নির্জন সমাধি-
দুটো জারুল গাছ, বেগুনি ফুলে ছেয়ে আছে ডালপালা।
পাশেই বুনোঝোপ, কাঁটালতা, কতশত নিষেধের শৃঙ্খল!
ছায়ালীন ঘুমঘোরে চোখের ভেতর জমে নিপাট আঁধার
ভ্যান গঘের তারকালোকিত রাত
হেমন্তের রঙ-নীলচে ফড়িং
কুমার নদীর জলে নেভা রোদ্দুর যেন ফ্রিদা কাহলোর ঘর।
ব্যাবিলনের আকাশ ঘিরে সন্ধে নামে আবার
নিস্তব্ধ আরব্য রজনীর বুক চিরে এথেনার পেঁচা ডাকে
আটলান্টার যাদুর আপেল গড়িয়ে পড়ে শেষবার।
তবু্ও মকরসংক্রান্তির রাতে শেহরেযাদের গল্প আনে ঘুমের ওষুধ
শরীরে নিয়ে মৃত মানুষের ঘ্রাণ
অবোধ বালিকা ঘুমোয় জলের বিছানায়
যেন মৃত্যুর আগে সে
অসম্ভব ক্লান্ত পৌরাণিক চোখে খুঁজেছিল
ব্যাবিলন, রোম কিংবা লুম্বিনীর অনন্ত সকাল!
