মিলটন রহমান: আমি মৃত্যুতে নেই
চিত্রকর্ম: সুলতানা মিমি
আমি মৃত্যুতে নেই
মহামারী ও মৃত্যুর মিছিলে এখন আর আমি নেই
কত আর গোনা যায়
গুনতে গুনতে হাতের কড় বেয়ে নেমে যাচ্ছে লাশ
মৃত্যুই বড় অভিলাষ!
নারদ মৃত্যুর প্রাখর্য্যে ধসে যাচ্ছে শ্রী মানব পাহাড়
এ কোন অন্তর্ঘাত
সারি সারি মানববৃক্ষ গণহারে রচে শোক বিচতলা
মৃত্যুই প্রিয় শকুন্তলা!
কি এক শঙ্খচূড় সময় একে একে ঢেলে দিচ্ছে বিষ
সান্ত্রীও আজ ঢালহীন
আমি বধির, আমি কিছু শুনতে চাই না কোন বিলাপ
লাশই আমাদের লাভ!
এই শ্রী ভূমি আর নিজের চেহারায় ফিরবে না সহসা
ভুলেছে নিজের মুখ
আমিও জানি না কখন ফের বাড়িমুখো হবে নির্গূঢ় সময়
হা ঈশ্বর গদ্যময়!
আমার কোন নদী নেই
প্রতিটি শহরের কেনো একটি করে নদী থাকতে হবে?
শহর কি নদী চায়, নাকি চায় নদী ভাঙ্গা কঙ্কাল
সত্যি নদী প্রাচীন শহরের সমান বয়েসি বোকা!
কি বিরান ফাটা ফাটা জমির মতো পড়ে আছে নাগরিক ভুঁই
একদা এইখানে জমিদার তার রোয়াবি জলসায় ঝাড় বাতিতে
ঝলসে দিয়েছিলো নদী ও নগর সুন্দরীর মুখ
এখনো বলকে বলকে বিলাপ শুনি, শহরের মিনার থেকে
এখনো পোড়া নদী ক্ষত বুকে ধরে আছে সেই দস্যু শহর
কেনো যে প্রতিটি শহরের একটি নদী থাকতে হবে?
আমার তো কোন নদী নেই, নেই নর্তকী জলসা
আমি কি তাহলে রাজা নই, নই নুপুরের অধিকার?
কেনো যে প্রতিটি শহররে একটি নদী থাকতে হবে?
আমার তো কোন নদী নেই, নেই নর্তকী জলসা
আমি কি তাহলে রাজা নই, নই নুপুরের অধিকার?
আত্মহননের সময়ে
এখন কোথাও যাই না
মসজিদ-মন্দির-গীর্জা পানশালা কোথাও না
যাচ্ছি একটি অন্ধ শহরের দিকে, কোথাও কোন আলো নেই
কার্ণিশ বেয়ে গলে গলে পড়ছে অন্ধকার
এ শহর আমার কখনোই পরিচিত ছিলো না
এ শহরে আমি এর আগে কখনো আসিনি
কেউ কোন দিন বলেনি এ শহরের গল্প
কি নাম এ শহরের তাও জানি না, কেবল জানি এ এক অন্ধ শহর
হঠাৎ সমুদ্র তলদেশ থেকে জেগে ওঠা মহাবালিপুরম
কিংবা আলেকজেন্দ্রিয়া নয়, জলহীন আলোহীন এক বিরান শহর
যেতে যেতে দেখি আমাদের রাজাদের বিচিন্তার কোষ ছড়িয়ে রয়েছে
তাদের যুদ্ধ ও পেশি শক্তির নানান কৌশলের রেপ্লিকা দাঁড়িয়ে আছে
অণু-পরামাণু-জীবাণু বিষক্রিয়ায় এইসব রেপ্লিকা ভেঙে পড়ছে, আর
এর ভেতর থেকে নিসৃত জীবাণুরা ছড়িয়ে পড়ছে শহরময়, আর
আমরা যারা এসব জেনে আত্মহণেনের অপেক্ষায় ছিলাম, তারা
নিঃশ্বাসের সাথে হেরোইনের মতো টেনে নিচ্ছি অন্তিম ঘুমের বায়ু
আমাদের কিছুই করার নেই, আমরা অতি সভ্য সভায় এক একজন
নিরব স্রোতা এবং অক্ষম মানুষের শ্রেষ্ঠ উদাহরণ।
তারপরও বলি আমাদের মতো সুশীল সমাজ আছে বলেই রাস্ট্র
এখনো বাসযোগ্য, আকার্যকর হয় নি।
আমিও তাদের একজন, নিকষ অন্ধ শহরে অন্ধকার পান করতে করতে
অনন্ত অন্ধ এক, এগিয়ে যাচ্ছি অনন্ত অন্ধকারের দিকে।
এ শহর
এসকল বিরংসায় যারা নিভিয়ে যাচ্ছে আলো
তাদের সাথে আমার কোন সঙ্গম নেই
শহরের গলি-ঘুপছি থেকে যে আলোকরশ্নি
ইটের ফোঁকর গলে তোমার কঠিন চিবুকে
চুমু রেখে গেলো, তার সাথে আমার রতিমগ্নতা
কি কঠিন, কি রূঢ় তোমাদের প্রতিটি রাত
সে চিহ্ন ঝুলে আছে প্রতিটি ল্যাম্পোস্টে
কলা বাদুরের মতো লকলকে জিহ্বা তোমার
নেচে ওঠে ফিনকি দেয়া রক্তের নালায়
আমি কোনদিন তোমাদের সহবাসে রইবো না
কুঁড়ে ঘরে ক্ষীণ আলোয় হাড্ডিসার যে নারী
এখনো এ শহর ভালোবাসে, জ্বালায় আলো
তার পাশে আমি শুয়ে রইবো
তাঁর নামে এঁকে দিবো এ শহরের রাজকীয় সড়ক
সেইতো রাণী, যে নেয়নি কিছুই, দিয়েছে কেবল।
নেশান্ধ
আমরা এখন আগুনমুখো নদী পেরিয়ে সমুদ্রে পড়েছি
আর কিছুদূর গেলেই গভীর জলরাশি মৎসকুঞ্জ
এখানেই এক ভোরে কাব্যরিক্ত দু'টো চোখ
মৃত মাছের মতো বিষন্ন পড়েছিলো
তার আত্মহত্যার খবরে আমি চমকে উঠিনি
জানতাম সে একটু একটু করে সেদিকেই যাচ্ছিলো
কবিতার জন্য এই মৎসকুঞ্জে ডুবেছে কত প্রাণ
মহাসমুদ্রে পেতেছে ফাঁদ চতুর শূকর শাবক
সে চিমনির খবর রাখে নি চিরান্ধ বালিকা
এখন সমুদ্রে আছড়ে পড়া ঢেউগুলোকে
কখনে কখনো মনে হয় দূরন্ত রমণীর হাসি
ভুল করে ঢেউয়ের শব্দকে কারো কান্না ভেবে ভ্রম হয়।
কবিতার জন্য এমন নেশান্ধ প্রেমিকা আর হবে কি!
