২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম আলি’র করোনাকালীন কবিতাগুচ্ছ

একরাম আলি একরাম আলি

Published : 30 May 2020, 08:29 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


চিত্রকর্ম: জান্নাতুন নাঈম প্রীতি

কাজের মেয়ে কবিতা
সে এসে গেছে! ওই তো। লাজুক মুখে দাঁড়িয়ে আছে বাইরে। কাচুমাচু। ভাজা ফিসফ্রাইটি যেন উলটে খেতে শেখেনি। ঠোঁটের কোণে কাসুন্দির একফোঁটা দাগ। চোখে দুষ্টু হাসি। পায়ের চটিতে হাজার বছরের শুকনো কাদা।
যতই তাকে বলা হচ্ছে– লাগবে না, ততই হাত-পা নেড়ে বোঝাচ্ছে– সব কাজই সে জানে। সব কাজ একাই করে দেবে। বাসন ধোয়া, কাচাকাচি, ঘর মোছা, মায় খবরের কাগজে চিঠি লেখাও। মুমূর্ষু শিশুর দু-চোখে এঁকে দিতে পারবে উজ্জয়িনীর আকাশভরা আলো। তবু, হুই যে সাগরপারের এক দাড়িঅলা বুড়ো— নামটা ছাই মনে থাকে না— ওকে ভাগিয়ে দিয়েছিল।
এতসব বলে শিশিরভেজা ডানাদুটো খুলে ফুটপাথে রাখল। ইশারায় সে-দুটো দেখিয়ে ফিসফিসিয়ে জানাল— দরকারে সে উড়তেও পারে। মা তাকে শিখিয়ে দিয়েছে। বলেছে— পরের ঘরে গতর খাটিয়ে খায় যারা, সব কাজই তাদের শিখে রাখতে হয়।
পুরো অদৃশ্য হয়ে অন্যরকম রেখায়-রঙে ফিরে আসার কেরামতিও জানে বলে তার দাবি।
তার চেয়ে বড়ো কথা, সব রকমের ছন্দেও সে দড়। তবে বাবু যদি যখনতখন হ্যাঁচকা টান মারে, কাজ ছেড়ে সে চলে যাবে।

আজ কোনো সন্ধ্যা নামেনি
বারবার ভেবে দেখ, ভাবো, আবার ভাবো, তুমি ঠিক কী চাইছিলে।
যদি নিজে না-মরতে পারো, মৃত্যু স্বয়ং রয়েছে সামনে। মাথা নীচু করে দাঁড়াও। ফের ভাবো। তার আকাশ-কালো স্তব্ধতায় আচ্ছন্ন হয়ে আছো তুমি। ভাবো– কোন্ সম্ভাবনা তোমাকে আহ্বান করছে।
তুমিই তো সে, একটি ম্রিয়মান সন্ধ্যেকে মহিমা দিতে চেয়েছিলে?
পারো না তুমি। বরং এই ময়লাকুড়োনি সন্ধ্যের মুখোমুখি দাঁড়াও। নিজেকে সমর্পণ করো। উত্যক্ত করো তাকে। অনবরত খোঁচাও। তোমার একাগ্রতায় যদি সে সমস্ত নোংরা সরিয়ে কুসুমিত রূপটি দেখায়, তবেই তুমি।

পুরুষেরা
জানি না আজ সকালে আর কী-কী ঘটেছে নাতনিকে স্কুলে দিয়ে ফিরতি-পথে মেয়ের জন্যে প্লাস্টিক ক্যারিব্যাগে কমলালেবু আমি বাজার করেছি পেঁপে চল্লিশ আলু পঁচিশ পেঁয়াজ আশি উচ্ছে একশোয় একশো
জানি না আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল বা বৃষ্টি কোথাও হল কি না তবু শীত তো আসছেই দরদাম করে দু-টো ব্ল্যাঙ্কেট কিনতে গিয়ে জানলাম মালকিনের নাম কাজল অর্থাৎ ডাকনাম বিনু ধর্মে জৈন হাডকো অটোয় সেখান থেকে বাড়ি আর বাড়িতে অস্টিয়োপরেসিস
শীত আসছে তবু জানতেও পারিনি আজ ছিল পুরুষ দিবস যারা হয়তো-বা সেই রাজা পুরুর মতো হেরে গিয়েও এক-পা সিঁড়ির উপর-ধাপে রাখে আর স্বামীজির মতো হাতে বুক বেঁধে সসাগরা ধরিত্রীর কাছে আশা করে সন্ন্যাসীর প্রতি গৃহীর যথোচিত আচরণ
শোনো মন খারাপ কোরো না আর এটাও ভেবো না যে আমি আর ফিরে আসব না

কথাবার্তা
১
জানো, চোখের জল নোনতা-নোনতা?
কী করে জানলে?
খেয়ে দেখেছি তো।
নোনতা কী করে হয়?
আরে, চোখের ভেতর বুড়ি জলমাসি আছে না,
সে-ই তো সবসময় নুন মিশিয়ে দেয়!

২
মাথা ঘামাতে হয়।
কেন? ঘামালে কী হয়?
ঘামালেই তো বুদ্ধি বেরিয়ে আসে।
আর বুদ্ধি বেরোলে কী হয়?
তখনই তো বুঝতে পারবে—
কেন তোমার মাথার সব চুল সাদা হল।
কেনই-বা তুমি দিন-দিন বুড়ো হয়ে যাচ্ছ।

ভাষা
ভেঙেপড়া বাড়ি, লতাগুল্মে ঢাকা
বারান্দায় বৃষ্টির জল, শিশু-কেন্নোটি
পা টেনে-টেনে ঢুকছে ফাটলের মাতৃঅন্ধকারে

বর্ষায় কত-যে প্রাণ, কত চিন্তা
এঁকেবেঁকে ঘুরছে ঘরের মেঝেয়
কত-যে কথা মাটি ঘেঁষে হেটে-চলে যাচ্ছে
তুমি জানতেও পারনি

শব্দ তাই ভাষা নয়
মাতাল গাছে গিজগিজে জোনাকির অস্থিরতা
ভাষা তুমি, স্যাঁতসেঁতে মুহূর্তগুলোর অসহায় সমস্বর
চোখের ওই গলে-যাওয়া কাজল

হাঁটা
'উত্তম! উত্তম!' বলে চেঁচাচ্ছে দোতলা থেকে কেউ
বেঁটে কালো লোক একা রাস্তার আড়াল খুঁজে হেঁটে যাচ্ছে
অনেকটা এগিয়ে গেছে, ফের হাঁক— 'উত্তম! উত্তম!'

মাথা ওঠে, পরপর বাড়ি, গ্রিল, ঘেরা-বারান্দায়
সমান-বয়সী কেউ দাঁড়িয়ে রয়েছে— 'উত্তম না?'
রাস্তা থেকে রোদ থেকে উত্তর পৌঁছয়— 'একরাম'

প্রাচ্যের পশুর মতো গুটিগুটি হেঁটে যাচ্ছি দ্বিমতের মাঝবরাবর

এসো
প্রগল্ভতা থেকে সরে এসো
এসো ভিড় থেকে
মোড়ক থেকে সরে এসো, যা সভায় উন্মোচিত হয়
আদানপ্রদান থেকে সরে-সরে
এসো এই বাঁচার মরার নিজস্ব জঙ্গলে

মিথ্যা থেকে পারো যদি, অবশ্যই সরে এসো
সঙ্ঘে সঙ্ঘে যত কথা— শব্দ বেশি, বস্তু কম
কবিতা-কবিতা শিল্প, মউ চুক্তি অনুপম
অনর্থ শব্দের মুণ্ড কল্পনায় ফেলে পেষো

এসো, দূর খাঁড়ির কিনারে
নির্জনতম সরপাতাটির কাছাকাছি
এসো একা
কেউ যেন জানতেও না পারে
তুমি মৃত্যুর সঙ্গে খেলা করতে এসেছিলে