২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

করোনার মৃত্যুদণ্ডের পরে

আনিসুর রহমান

Published : 01 May 2020, 11:54 AM

Updated : 23 Jun 2022, 03:59 PM

আমাদের আবার দেখা হবে করোনার মৃত্যুদণ্ডের পরে;
সোনাঝরা নতুন দিনে বেহায়া যম করোনা খতম করে;
আনন্দঘন ক্ষণে রঙতুলি হাতে শিশু কল্পনার ঘর আঁকে;
পাখির ডানা, নাটাই ঘুড়ি আর সাদা মেঘের খুনসুটি জুড়ে |

তখনো কী বছরে বছরে জিডিপি বাড়ে? অপুষ্টি ঘরে ঘরে?
কালো কোট পরা ত্রাতা দাতা সুবিধাবাদের চেলা চামুণ্ডরা –
ভিআইপি সিআইপি এমপি টেমপি কী সব যে টিকেটে লাইন ধরে?
বোটাখসা ফুলের মত বেকার জিডিপির তলে চাপা পড়ে?

অনাগত মে দিবসে দুনিয়ার দেশে দেশে করোনার পরে;
পৃথিবীর রাতে রাতে জমিনের জোনাকির সঙ্গে তাঁরাদের –
পরস্পরের চোখে আর মুখে কত কথা লেনদেন হতে পারে;
দিনে রাতে জিডিপি বয়ে বয়ে তখনো সিঁড়ি ভাঙে দিনখাটা মজুরে?

দেখো ঘরে ঘরে কত শিশুর স্বপ্ন দুমুঠো ভাতে ঢাকা পড়ে;
স্যার ম্যাডামদের ফরমায়েশ খেটে মরে; কত টোকাইয়ের গল্প –
অকালে ঝরে পড়া ফুলের মত পৃথিবীর নগরে ও বন্দরে;
জমিনের পতিত মানুষ, উপরে আকাশ তা দেখে কী করে?

করোনার মৃত্যুদণ্ড দিয়ে মানুষের জন্মের বাঁচার পরে –
তবে ক্ষুধার মত ভাইরাসটা দিব্যি খালাস পায় যে কী করে?