২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুল ভূঁইয়া: নিঃসঙ্গ জানাজা

সাইফুল ভুঁইয়া সাইফুল ভুঁইয়া

Published : 28 Apr 2020, 06:56 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


ভুলে যাবো সবকিছু
ভুলে যাবো মহামারি
মুখে বসা অনাহারী মাছি
থেকে যাবে একাকীত্বের ছায়া।
স্পর্শের দূরত্ব কীভাবে
চলে গেলো আলোকবর্ষ দূরে!
মনে থাকবে, এই দূরত্ব আমাকে
করেছিলো নগণ্য অস্তিত্বহীন।

ভুলে যাবো দিনহীন দিনগুলো
অন্ধকার স্থানহীন স্থান
কীভাবে ভেঙেছিলো আকাশ
গলে গেলো চাঁদ সকল নক্ষত্র।
ভুলে যাবো মুখোশের মুখ
ভয় পেয়ে আমার ভেঙেছিলো ঘুম
তবু ভুলবো না, বিছানায় পড়েছিলো
শুধুই দূরত্ব…

ভুলে যাবো মৃত্যুর প্রতিহিংসা
ঘৃণামাখা শব নিঃসঙ্গ জানাজা
বকেয়া আলিঙ্গন আর চুম্বন
ভুলবো না তবু
পথে পথে পড়ে থাকা পাথর
বৃক্ষ, কবি, শিশু, বৃদ্ধ, ভবঘুরে
আর বিছানায় যুগল পাথর
ভুলে যাবো সব

থেকে যাবে দুরত্বের ছায়া…

মৃত্যুর কাছে নিবেদন

এই পথে নেমেছে নির্জন পথ।
নেমেছে দুপুর অথচ নেই প্রেমিকের ছায়া
শুধু মৃত্যু রেখেছে বিশ্বস্ত হাত
হেঁটে যায় বিষন্ন নির্জন পথে।

বাঁচাতে পারবে না কেউ আমাকে
জীবনের কাছে চেয়েছিলাম ন্যায্যতা
আজ মৃত্যুর কাছে নিবেদন-
রেখো না শূন্যস্থান।

করে দাও চিরস্থায়ী
একটু ছায়া, এক ফোটা জল
কিছু আলোকণা, আমাদের ভালবাসা
বিষন্ন চোখের পবিত্রতা।

যে বাতাস আমরা বইয়ে
দিয়েছিলাম বাগানে, কেটেছিলাম
রোদের নদী, জোৎস্নার স্রোত
থামতে দিও না।

বিদায় জানাতে আসা
দেয়ালে লেগে থাকা রোদ
দাঁড়ানো শিশুটির ছায়া
তার পবিত্র বিষণ্ণ দৃষ্টি।

হয়ে যাক চিরস্থায়ী।

দুটো রক্তরেখা

মোনাজাত শেষে জেনে গেছে সবাই
বেহেস্ত থেকে আজ আসবে না কিছু
বাতাসও যখন ঘুমিয়ে আছে
বাদ-জুম্মায় নামে না কেউ পথে

সারারাত পান করে মাতাল শুকতারা
আসমানে সূর্যমুখি, রাস্তায় নেমেছি আমি
দুপুরের পথে মাথায় পড়ে বেহেস্তি বৃষ্টি
আর প্রেমিকের মতো আমি হেঁটে যাই

কসাইখানায় শুকনো রক্তের স্রোত
এই পথে হাঁটে পাশাপাশি দুটো রক্তরেখা
নিজের রক্তের সাথে মিলিয়ে বুঝে গেছি
বহুদূর চলে এসেছি…