২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কথারা ভাতের চেয়ে দামি না

কাজী জেসিন

Published : 13 May 2020, 12:53 AM

Updated : 23 Jun 2022, 03:59 PM


তোমাকে বলতে চেয়েছিলাম
আমারও একখানা স্বপ্ন আছে
একটা নরম বালিশ
একখানা জানালা
তাতে তাকিয়ে থাকা ধানখেত
তালপাতার বাতাস
কিন্তু আমার কোনো শব্দ ছিল না
তুমি আমাকে দিয়েছ নীল পলিথিন
ফুটপাথের নিষিদ্ধ ঘর।

নীল আলোর নীচে আমার কথারা
হামাগুড়ি খেতে থাকে
ঠিক আমারই মতো
যেভাবে শতাব্দী ধরে
হামাগুড়ি দিতে-দিতে
আমি সভ্যতার কোনায় এসে
একখানা বালিশ খুঁজি।

একটা বালিশের উপর মাথা রেখে
আমি তার জন্য কাঁদতে চেয়েছিলাম
যে আমার প্রিয়তম
যাকে আমি কোনোদিন পাবো না জানি।

তবু সেই প্রশান্তিময় অশ্রুজলে
তাকে আরও-আরও ভালোবাসতে চেয়েছিলাম
কিন্তু এক অদ্ভুততর ক্ষুধা আমাকে কাঁদতে দেয়নি
আমি আমার পেটটাকে পুড়ে ফেলে
আরও-আরও ভালোবাসতে চেয়েছিলাম।

আচ্ছা, বলো, আমার কি স্বপ্ন থাকতে পারে না?
একটা শেফালির মুকুট
কিংবা তার চুম্বনের চিহ্ন- তার বুকে
আমার ক্ষয়ে যাওয়া ত্বকের স্পর্শ রাখার?
এবড়োখেবড়ো গর্তেভরা পিচঢালা পথের
মতো দুই পায়ে জুতো পরে তার হাত ধরে
দিগন্তের ওপারে যাবার?
স্বপ্ন থাকতে পারে না কি, বলো?

আমি বৃক্ষের মতো বেড়ে উঠি
আকাশের মতো বড় হই
বড় হই-হই
দুই হাত উপরে তুলি
তোমাকে ভালোবাসার কথা বলি
স্বপ্ন থাকতে পারে না আমার, বলো?
ভরপেটে তোমাকে ভালোবাসার কথা বলি?

কিন্তু নীল পলিথিন-ঘরে
ক্ষুধা জেঁকে বসলে পরে
আমি চুপচাপ থাকি
অতিশয় নিশ্চুপ, কারণ
আমার কথারা ভাতের চেয়ে দামি নয়।

আমার পলিথিনের প্রাসাদ থেকে
তুমি আমাকে তাড়িয়ে দিলে।

আমি গড়িয়ে গড়িয়ে
তোমার কাছে যাই
আমার শূন্য থালায়
প্রতিদিন তোমাকে দেখতে থাকি।

তুমি আমাকে রিলিফ দাও—
রিলিফে তোমার নাম।
কিন্তু আমার স্বপ্নের মতো আমার দুইমুঠো ভাত
আমি হারিয়ে ফেলি।

তুমি গৃহহীনকে গৃহে থাকতে বলো
তুমি করোনার ভয় দেখাও—
করোনা কি তোমার চেয়ে ভয়াবহ,
আমার ভাগ্যবিধাতা?

আমি ভয় পাই।
একখানা নরম বালিশের স্বপ্ন ছিল আমার
আর একখানা ঘরের।

তুমি চাকরির জন্য আমাকে ক্রোশের পর ক্রোশ হাঁটালে
আবার তোমাদের নিরাপত্তার জন্য ফিরে যেতে বললে
তখন আমি একটা সামান্য ইঁদুর
লুকিয়ে-লুকিয়ে ফিরে আসি গর্তে।

তোমাদের নিরাপত্তার জন্য
গর্তের ভিতরে থাকি নিশ্চুপ
কারণ আমার কথারা ভাতের চেয়ে দামি না।

আমাদের ছোট-ছোট গর্তে
তোমাদের করোনা
ঢুকে পড়লে
আমাদের জন্য কোথাও কোনো চিকিৎসা থাকে না
কারণ আধুনিক চিকিৎসা ব্যবস্থা
ইঁদুরের গর্তে মানুষ খোঁজে না
তবু আমরা নিশ্চুপ থাকি, কারণ
আমার কথারা ভাতের চেয়ে দামি না।

কথারা
ভাতের চেয়ে দামি না।

এবং আমরা শ্বাসকষ্টে মরে গেলে
নিশ্চুপে করে ফেলো আমাদের দাফন
গোপনে। যেভাবে চিরকাল লুকানো ছিল আমার ক্ষুধা
ঠিক একইভাবে লুকিয়ে ফ্যালো আমার মৃত্যু।

এবং
ইতিহাস থেকে গুম করে ফ্যালো আমাদের ইঁদুর হবার ইতিহাস।

তবু আমাদের সন্তানেরা চুপচাপ থাকে।
গোপন এবং নীরব।

কারণ তাদের কথারা ভাতের চেয়ে দামি না।