সৌরভ সিকদারের করোনাকালের একগুচ্ছু কবিতা
বদলে দিল পৃথিবীটাকে
আমি যখন ঘরের বাইরে ছিলাম
দিনগুলোকে আমার কাছে বড় ছোট মনে হত
ঘড়ির ঘণ্টার কাঁটা মিনিটেই শেষ হয়ে যেত।
যাকে দেবার কথা একঘণ্টা, তাকে দিতাম পনেরো মিনিট।
যার সাথে আজ দেখা করার কথা তাকে বলতাম অন্যদিন।
মা থাকেন মফস্বলে, তাকে দেখতে যাব যাব করেও
ছয়মাস পার করে দিয়েছি, এতটুকু সময় হয় না কিছুতেই।
ব্যস্ততার জন্য ঠিক সময়ে বিদ্যুতের বিল দিতে পারি না
মেয়ের জন্য রঙিন পেনসিল আনতে ভুলে যাই প্রতিদিন
অনেক দিন বাদে প্রিয় বন্ধুর সাথে দেখা হলে বলি
আজ খুব তাড়ারে, কথা বলবো অন্যদিন।
মানিব্যাগ ভরা ক্রেডিট কার্ড অথচ প্রায়ই
দুপুরে খাবার সময়ও হয় না। ওজন কমে যাচ্ছে,
ঘন ঘন গলা শুকাচ্ছে, সেই কবে থেকে
বারডেমে যাব যাব করেও ক্যালেন্ডারের পাতা ফুরিয়ে যাচ্ছে
এমন কী আয়নায় ঠিকমত দেখার সময়ও হয় না নিজেকে।
এভাবে সময় নামক বুলেট ট্রেনের পিছে ছুটে ছুটে
নিজেকে ছাড়া আর সবই হারাতে বসেছি।
হয়তো নিজেকেও হারিয়ে ফেলছি। কে জানে?
অথচ আজ করোনার ভয়ে ঘরের মধ্যে বন্দি হয়ে আছি
মনে হচ্ছে পৃথিবীর সব কিছু উল্টে গেছে
কোনো কিছুই আর এখন আগের মত নেই।
মিনিটের কাঁটা ঘন্টার সাথে বদল হয়ে গেছে
আমার এখন সবাইকে দেবার মত হাতভরা অফুরন্ত সময়
অথচ কেউ নেবার নেই ।
এখন মনে হয় পৃথিবী আর সূর্যের চারদিকে ঘোরে না
ঘড়ির কাঁটা অনন্তকাল ধরে থেমে আছে ৮ই মার্চে
এখন আয়নার সামনে সারাদিন নিজের ভীত মুখ দেখি
কপালের ভাজে অনাগত অনিশ্চয়তার ছায়া
কী আশ্চর্য! ছোট্ট একটা ভাইরাস- করোনা
বদলে দিল আমাকে, আমাদেরকে এই পৃথিবীটাকে?
প্রেম আর মৃত্যুভয় ছাড়া মৌলিক আর কিছু নেই
মানুষের মাঝে প্রেম আর মৃত্যুভয় ছাড়া
একান্ত মৌলিক আর কিছু নেই।
সেই কৈশোরে বন্ধুর প্রেমপত্র লিখতে গিয়ে
প্রেমে পড়েছিলাম এক কিশোরীর,
রেললাইনের মতো সমান্তরাল দীর্ঘ বেণী আর
মিষ্টি মেয়ে কবরীর মতো তার কী দারুণ মুখ
মাঝরাতে কচি লেবুর মত সেই ছবি ভেবে ভেবে
ঘুম স্বপ্ন জাগরণে, সে যে কী সুখ!
একে বলে ভালোবাসা, প্রেম।সবাই তো পড়ে
কেউ যৌবনে, কেউ কৈশোরে কেউবা পড়ন্ত বিকেলে
কাজেই জীবনে প্রেমই মৌলিক।
আজ অনেক বছর পর
করোনা নামের এক ভাইরাস আমাদের
একুশ শতকের সমস্ত অর্জনের অহংকার
কাঁচের গ্লাসের মত ভেঙে তছনছ করে দিচ্ছে
কাটাতার পূর্ব-পশ্চিম পাসপোর্ট ভুলে
মৃত্যুভয়ে কাতর আজ আট শ কোটি মানুষ ।
অর্ধশতকের এই এক জীবনে
আগে তো কখনোই দেখিনি এমন মৃত্যুভয় ।
তাহলে কি মৃত্যুভয় ছাড়া
আর কিছুই মৌলিক নয়?
জীবনের সারাংশে এসে একথা বলতেই হয়
মানুষের কাছে প্রেম আর মৃত্যুভয় ছাড়া
মৌলিক আর কিছু নেই!
বাটি ভরা ভয়
আমরা আগে এক বিছানায় ঘুমাতাম
এখন আমাদের ঘর ভিন্ন।
আমরা আগে হাত ধরে হাঁটতাম
এখন আমরা বসি টেবিলের দু প্রান্তে
আমরা আগে একসঙ্গে বসে
টিভিতে নিয়মিত সিরিয়াল দেখতাম
অথচ এখন আমরা নিরাপদ দূরত্বে বসে
সারাদিন টিভিতে সংবাদ দেখি,
আর আমাদের সামনে থাকে
বাটিভরা করোনা ভয়।
