২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুল সালাহ্উদ্দিনের একগুচ্ছ কবিতা

শিমুল সালাহ্উদ্দিন শিমুল সালাহ্উদ্দিন

Published : 19 Apr 2020, 02:55 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM

মৃতের নিঃশ্বাস

এখন আমি তোর নিজস্ব লাশ
আটকে আছি স্তনের বিভাজিকায়

পিছলে
পড়ি
ইজের
খুলে
নিচে
তুই টেনে নিস ঠোঁটের বারান্দায়

বারান্দাতে আটকে পড়ে
তাকাই নাসিকাতে
আনুনাসিক আমি লেপটে আছি

নাসারন্ধ্রের
অন্ধ
ঝোড়ো হাওয়া
পুড়িয়ে দেয় শরীরভরা লাশই

কী যে জাদু সেই ঝোড়ো বাতাসে
লাশটা উঠে দাঁড়ায় সটানলাফে

কামড়ে চুষে হাড়-মাংস-ভুঁই
আবার তারে খুন করে নিস তুই

ও শববাহক এমন করে মোকাম যাবি আর
বইতে থাকবি লাশের এমন চূর্ণ- চাপ পাহাড়?


শিল্পকর্ম: মোহাম্মদ ইকবাল

নির্মঞ্ছন

আমি কৃষ্ণ, আমিই রাধা, আমিই বনমালী
তোমার বুকের ভেতর ভরে আমার রাখি খালি।

অন্ধকারে বাজাই বাঁশি বন্ধ কানের পানে
গুমরে মরে কান্না আমার তোমার গলার গানে

গানে আমার প্রাণ না ভরে স্বরতন্ত্রী চাই
ঠোঁট থেকে যাই নিম্নভূমে; গলাতে বাজখাঁই

চীৎকারে তার তাল কেটে যায়, নৃত্য পরে ছলে
তীব্র এসে তোমার শরীর আমার শরীর দ'লে

যন্ত্রণাতে উঁহু আঁহা শীৎকারে যায় প্রাণ
আবার দেখো বাজে কেমন বন্ধ শ্বাসের গান

গানের সুরে বাজায় বাঁশি কৃষ্ণ বনমালী
তোমার বুকের ভেতর ভরা, থাকুক আমার খালি

পেটুকশিশুর মা

আমি খাই না আদতে,মা খায়,
মাখায় মাখায় খাওয়ায় আমারে
ঠুসে ঠুসে মুখে, যেনো আমি হায়
পাখিবাচ্চাটি, অতিশয় আদরে
বেয়াড়া হয়েছি, মানি না শাসন
পরোয়া করি না মাতৃবারণ
অহেতু উড়ে যাই হেথায় হোথায়
তা-ও মা ধরে এনে আমারে খাওয়ায়,
মুখের ভেতর তার মাথাও ঢোকায়
কত শত পদ তার, মাধুরী মাথায়
অরণ্য পাহাড় খুঁজে খুঁজে আনে
ভর্তা ভাজি অম্ল কষ সালুন অবধি
উদর উঠে এলে গলায়, আসে দধি
কাঁপতে থাকে মা উত্তরের বাণে
তবু সে আনতে থাকে, আনে
পেটুকপুত্র আমি খাওয়াদাওয়া করে
দিব্যি ঘুমায়ে পড়ি ওমমাতৃক্রোড়ে
স্বপ্নে দেখি মা আমার হা-মুখে ভরে
দুধগুড়ে মাখা ভাত আদরে আদরে
আমি খাই না আদতে, মা খায়,
মাখায় মাখায় খাওয়ায় আমারে
আমারে খাওয়ায়
আমি খেয়ে যাই খাওয়ার নেশায়
যতক্ষণ শিয়রপাশে মা আছে ভাই
দুগ্ধভাত-তরে মোর, কোন ভয় নাই

কালবোশেখী

নারকেল গাছের ডানাগুলি যেনো ক্যাবারে ড্যান্সার
একসাথে ফণা তুলে বামে হেলে গেলো
সব ফুল ঝরে গেলো নিমগাছটির
অপরাজিতার ঝাড় লোহার শিক ছেড়ে
নুয়ে পড়তে চাইলো অন্ধকারে
আম কাঁঠালেরা ডালগুলো কে কার হাত ধরবে
খুঁজতে গিয়ে এলোমেলো হয়ে গেলো
কোত্থেকে উড়ে এসে একটা টিন বাজিয়ে গেলো
এক পশলা ব্লেডড্রাম

এমন তীব্র বৈশাখী ঝড়েও
দূর্বাদের কিচ্ছু এলোনা গেলোনা,
সামান্য বৃষ্টির জলে নেয়ে উঠে তারা
আরো সবুজ হয়ে উঠলো

সিদ্ধান্ত

আমি তোমার সিদ্ধান্ত, আমাকে নাও
আমি তোমার সিদ্ধান্ত, আমাকে নাও
অস্তিত্বে বিলীন করো চোখ বুঁজিয়াও
আমার সকল রিপু, উদ্যম অবিশ্বাস
তৎক্ষনাৎ যত মরাটে পাংশু ঘাস
অবাক তুমি হা-মুখ দেখবে সবুজ
ত্যাজো সংশয় ও হে অনন্ত অবুঝ
তোমাতে বিলীন করো চক্ষু বুঁজিয়াও
আমি তোমার সিদ্ধান্ত, আমাকে নাও

স্বপ্নের শহরে বৃষ্টি

আকাশ আঁধার করে এই শহরে, নেমে আসছে, কালোবৃষ্টিহাতির বুনোপাল
আমি হাতে রেখে গাল, ভাবছি, তুমিও কি রেখে আছো একা-হাতে গাল!

ছাদে শুকোতে দেয়া কাপড়লতা আনা হলো! নাকি ভিজবে আবারো!
দূর-বারান্দায় বসে থাকা ঘোর— তাকিয়ে হাসছে, ঠাণ্ডা বাতাসে থরোথরো।

তুমুল বৃষ্টির খবর, হিম এক হাওয়া বয়ে যায়, দিকদিগন্তের ঘুম ছুঁয়ে আসা
মুছে যাওয়া ঊন-স্মৃতির মতো শাদাকালো, জগতের সাথে রোদের ভালোবাসা

তোমার শহরে শুনি, শিলাবৃষ্টি নয়, ঝোড়ো হাওয়া নয়, নেমেছে জ্বরের ঘোড়া
স্তনের ওপর নীবিবদ্ধ দাঁতে, শুষে নিচ্ছে জ্বর তোমার স্বামীন এক, তোরাবোড়া

পাহাড়ের সবুজ ফণিমনসার মতোন তুমি মোচড়াচ্ছো বিছানায়, ঘনায়মান শ্বাস
চোখ বন্ধ, তুমি, বৃষ্টিশহরের কথা ভাবছো, ভাবনায়— ঘুরে গেলে আমার আশপাশ

স্বপ্নের, শহরে বৃষ্টি
এসেছে, শিলাবৃষ্টি— কাদাভেজা রাফ মাড়ধোয়া রাস্তাঘাট, হুড খোলা, মনেমনে
ন'বছর আগের জ্বরের শহর থেকে বৃষ্টিশহরে এসে চোখেচোখ, ভিজছি দুজনে…

ভোর

রাত্রির ঘা থেকে উঠছে আসছে ভোর।
সুখ ছড়িয়ে দিয়েছি প্রলেপে প্রলেপে।
মলমের মোলায়মানতা নিয়ে নীলনদ
পার হচ্ছেন সোলায়মান পয়গম্বর,
ব্যথার ভেতর দিয়ে,আর এদিকে,
রাত্রির ঘা থেকে উঠে আসছে ভোর

স্কাইলার্ক

স্কাইলার্ক স্কাইলার্ক আকাশের বুকে
টানা সুরে গাও গান কী ব্যথার সুখে!
কী সুখের ব্যথা বাজে পরানে পরানে
কী ব্যথার সুখ তা ছোটো বুক জানে?
স্কাইলার্ক স্কাইলার্ক আমাদের গ্রামে
ছোটো নদী বয়ে যায় পায়ে এসে থামে
তার চলা দেখে জানি দিন বহমান
রাতও আসে আকাশে পাহাড় সমান
স্কাইলার্ক স্কাইলার্ক তুমি কিগো জানো
আমাদের বুকে এক আকাশ নামানো
সে আকাশে কালো মেঘ ঘনঘটা আর
তুমি উড়ে উড়ে সুর মিছে বোনো তার
স্কাইলার্ক স্কাইলার্ক কেনো এতো কাঁদো?
আকাশের বুক নাই, নাই কোন ছাদও।
স্কাইলার্ক স্কাইলার্ক মানুষের বুকে
টানা সুরে গান গাও কী ব্যথার সুখে!