স্বরলিপির কবিতা
পাখনায় ঘাঁ হওয়া পাখি
যা কিছু অবিশ্বাস করো তার শেষে প্রশ্নবোধক চিহ্ন হও
ঝুলে যাও মরুদ্যানে
দেখো পানি হাতে কাউকে দেখতে পাও কি না?
দুটি চোখ মিলিত হলে প্রশ্ন রাখো
মানুষ ক্ষমতা হারানোর পর
এই সব পর্যটন-
গণতন্ত্র, চিড়িয়াখানা, নগর উদ্যান
চায়ের কেটলি, বারান্দাওয়ালা দালান
স্লুইচ গেইট আর সুইস ব্যাংক
কি হবে?
জুয়ার কোটে জিতে যাওয়া মানুষ আর মন্ত্রীরা
যে পথে ঘরে ফেরে
সেই পথ আর সেই-সেই ঘর কার হবে?
ভাড়া বাসা
দীঘল আঁড়ালে ফেলে আসা বাসাতে ফেরা হয় না।
ছেড়ে আসার দিন
চেকপোস্টে দাঁড়িয়ে থাকা প্রথম মানুষটির মতো
ভুলে যাওয়ার আগে গুছিয়ে নিয়েছিলাম যাকিছু প্রয়োজন
মারবেল সময় আঘাত করতে করতে থিতু করে
স্মৃতিগুলো খোসা পাল্টে বড় হয়-
খসে পড়ে আয়ুর দানা।
সাদা আঙুর ভেবে গিলে খাই
ছেড়ে যাওয়া মানুষের জন্য অপেক্ষার মতো-
ফেরার সম্মোহন।
সময়ের ব্যবিলনে ঝুলে থাকে
এক একটি বিশ্রী টু-লেট
মালপত্রসহ নেমে যাওয়া
উঠে যাওয়ার শব্দ ওড়ায়
রানওয়ে|
জাতিসংঘে পাঠ করার অনুমতি নেই
কেন্দ্র আর প্রান্ত বরাবর তীর ছুঁড়ে দিয়ে
নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে থাকা মাছরাঙ্গা হই
কাশ্মিরী সালের নকশা বেয়ে কোথাও নেমে যায় রোদ
মধ্যবতী জলে সাঁতার শেখা কচুরিপনার মতো তাপ নেই।
শত্রুর ঘামে-নুনে ধোয়া মুখের প্রতি মায়া হয়
এই মায়া গোপন- অপ্রকাশিত প্রেম
অগ্রন্থিত অসংখ্য পৃষ্ঠার বই।
নিরাবেগ ঘড়ির কাঁটা
অশ্রুর সঙ্গে ভেসে ওঠো
যেন ঝাঁক ঝাঁক মাছের পোনা ।
অথচ কয়েকটি পথের গদ্য একা একজন
পাঁজরের কাছে নিয়ে জেব্রা ক্রসিং
দাঁড়িয়ে থাকে অনাদি হেমন্তকাল।
প্রকৃতির অবাধ্য সন্তান
১.
খাঁচা বানাতে বানাতে ক্লান্ত মানুষ
ভুলে গেছে কবে কোথায় ফেলে এসেছে কনিষ্ঠ আঙুল।
২.
রোগফুল ঘ্রাণে চুষে নিচ্ছে
আয়ুর আমিষ।
