২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খলিল মজিদ: করোনা ক্রনিকল

খলিল মজিদ

Published : 13 Apr 2020, 08:20 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


১
সমস্ত বাস্তবতাকে আক্রান্ত করেছে এক কর্কট ভাইরাস
মধ্যযুগ থেকে ধাবমান এক ক্ষুরধ্বনি
দাপিয়ে বেড়াচ্ছে
ফরবিডেন সিটি থেকে জয়কালী মন্দিরে
রবীন্দ্র সংগীত থেকে স্বাধীনতা দিবসে
মুজিববর্ষে, জুমার নামাজে-

পিণ্ডাকার আতঙ্ক এক।
গীতিহীন এক গানের মৌনতা
ভাগ্য গণনার মতো দশকোণা গোলকের অর্থহীনতা।

সাতকোণা এক বলের নিঃশ্বাসে
চৌদ্দ শতক থেকে একুশ শতকের গলি-ঘুপচিতে
মুচড়ে উঠছে গোলাপী এক ঘূর্ণিবায়ু-
কন্ঠহীন এক গান
হৃদয়হীন এক প্রেম
উত্তরহীন এক উৎকণ্ঠা।

সকালগুলো
প্রত্যেকের কালো শিরায় মাতম করা আহত আশুরা।

অবিশ্বাস
প্রত্যেকের গলায় আটকে থাকা প্রাচীন এক নদী
নিঃশব্দ, লুপ্তরেখ, আবহমান।

ফিরে কি পাবো ভাত-শালিকের সেই চাহনি?
চৈতি একটা সকাল হয়ে মায়ের উনুনের পাশে বসে
ছিটাপিঠা খেতে পাবো আর?

২.
লগ্নতার লগ্নগুলো গলে পড়ে মুঠো থেকে

দূরত্ব- অমোঘ ওষুধ আমাদের
অসাক্ষাতের মহিমা ভীষণ।

আমাদের দার্শনিক অনুভূতি
অদর্শনে ক্রমবর্ধমান।

পায়ে বাঁধা ঘুঙুরের থেকে খুলে নিলে নাশের নেশা
থাকে এক থমকে যাওয়া নদী-
আমরা থমকে আছি,
নিজের নগ্ন হাত এতটা অবিশ্বস্ত
বার বার ধুয়েও ঠেকাতে পারি না গালে।

নিজেরই গোপনে এক অচেনা হলুদ পাখি
ডেকে যায় বুকে, গায় আহত গানের কলি
একা একা- সাদা সমস্বরে।

এ দারুণ বৃক্ষবেলা, গল্পহীন লগ্ন হয়ে থাকা–
আঁকড়ে না-ধরে জড়িয়ে থাকা;
একা একা আলোর অর্কেস্ট্রা।

৩

All the perfumes of Arabia will not sweeten this little hand.

আমরা হাত ধুই, প্রতি প্রহরে, ঘন্টায়-ঘন্টায়
কারণ প্রত্যেকেরই হাতে লেগে আছে তার ডেডবডির গন্ধ।

হাত ধুই –
ওহানের পাহাড়ি মদের গন্ধে
কোরিয়ার সিজোর পরিমিতিবোধে
রোমান সাম্রাজ্যের গোল্লায় গোল্লায়-

পুরা দুনিয়ার গলিগুলোর দুই পাশে
ভিখিরির মত দাঁড়িয়ে থাকা বাড়িগুলোর ভেতরে
সেধিয়ে থাকা হোমো সেপিয়েন্স প্রজাতি
অবিরাম হাত ধুতে থাকে,
কারণ তারা মুছে ফেলতে চায়
তাহাদের আততায়ী আত্মীয়তা।

আমরা হাত ধুই, প্রতি প্রহরে, ঘন্টায়-ঘন্টায়
কারণ আমার হাত ছুঁয়েছিল তোমার হাত
কারণ আমার হাতে লেগে আছে তোমার চুমুর চিহ্ন
কারণ আমার হাতে বইছে তোমার ভাগ্যরেখার ঢেউগুলো।

৪
যেদিন থেকে শ্বাসকষ্ট শুরু হলো
সেদিন সন্ধ্যায় তার সারা গায়ে পেরেক গজালো
অন্ধ হয়ে গেল তার স্ত্রী
উদভ্রান্ত হলো ছেলে-মেয়ে,
তার অরক্ষিত সম্পদ লুটে নিতে এলো না
লাল নীল আত্মীয়েরা;

সম্পর্কগুলো ঝুলে রইল যুক্তিবিজ্ঞানে।
ময়নাতদন্ত হলো না সম্পর্কের ডেডবডিগুলোর,
দাফনও হলো না;
অসৎকৃত সম্পর্কের অকথিত দুর্গন্ধের ভিতর দিয়ে
তাকে পার হতে হলো পরবর্তী প্রতিটি সন্ধ্যা।

সামনে যে রাত, সে তো সন্ধ্যারই ভবিষ্যৎ।

৫
তার দেহটি মোড়ানো হলো না সাদা থানে
প্যাঁচানো হলো প্লাস্টিকে,
এতদিন আমাদের মৃত্যুর গন্ধ ছিল আতরের,
কোরআন খতমের, আর
উঠোনের কোণে বসে-থাকা পোষা বিড়ালের পদলেহনের।

করোনা মৃত্যুকে গড়িয়ে দিল কাঁটাওয়ালা এক বর্তুলে।

প্লাস্টিকে মোড়ানো বডিগুলো গড়াতে গড়াতে
রাস্তায় চলে এলো, ঢুকে পড়লো গলিতে
এমনকি বহুতল ভবনের লিফটের ভেতরেও
প্লাস্টিকে আবৃত ডেডবডির গন্ধ।

আমরা বজ্রের টুপি পড়ে বসে থাকি ঘরে–
ঘরে, মানে কুয়োর তলায়,
যেন পুনরায় পঁচিশে মার্চ উনিশ শ' একাত্তর
রাতের হুইসেলে জড়ো হয় নিহত গোলাপ।

৬
শহর আমার আউশবিচ–
হন্তারক অণুজীব নাৎসি সেনার মতো শিষ দেয়,
নির্দেশ করে টেনে নিতে অর্ধমৃতদের
আর গাইতে এক গান,
সূর যার আটকোণা বর্তুলের মতো
অষ্টমে বাঁধা।

৭.
দ্রুতই দূরত্ব বাড়ে
মহাদেশগুলো দ্রুত সরে যায়
নিউ কন্টিনেন্টাল ড্রি্ফটনেস যেন
আইসিটি এ্যারায়-

অন্তত এক মিটার দূরত্বে একেকটি মানবদেহ
যেন এক বিচারসভা-
পশ্চিমা থিয়েটারের দৃশ্য সমাপ্তিকা।

নিশ্বাস পতনেরও শব্দ থেকে
নিজেকে নিরাপদ দূরত্বে রাখা।

রোরুদ্যমান কবিতারা ভেতরে ভেতরে রুদ্ধশ্বাস–
শব্দেরা কারকে জড়ায় না, পঙক্তিতে শংকার শ্লেষ
পয়ারের বাক্যের গায়ে পরাবাস্তব উল্কি।

৮
প্রতিদিন সকালে খবরের কাগজের টেবিলে উঠে আসে
গতকালের বডি থেকে কেটে নেয়া এক মুণ্ডু–
তার চোখে নিভে যাওয়া আগুন,
ঠোঁটে জমাট বাঁধা অভিশাপ।

আমাদের জিজ্ঞাসার উত্তরে তার দক্ষিণ।

সে কি মৃত, না গবেষক?
সে কি নারী, না বহুবোটা স্তন?


৯

ঘরবন্দির দিনে আমাদের ছাড়াছাড়ি হল
এক মিটার গ্যাপের আন্তরিকতা
আমাদের বিচ্ছেদের ভার ভাঙতে পারে না।

শঙ্খের ভিতরের বক্র বায়ুরেখা সোজা হয়ে গেলে
কোনো গান থাকে না।

বাতাস কুড়ায় শুধু বালির বিলাপ।


১০

ঘরে ফিরে আসা আর ঘরে ফিরে যাওয়া
একই, এক নদী।

এখন আর কারোর কথার ঢেউ গুনবো না।

সামনে তাকাবো না, পেছনেও না।

সমস্ত প্রাণরসায়ন আমার পেছনে, আর
অনুজীব গবেষণা আমার আগে আগে আসে।


১১.

আমাদের অস্তিত্বের ভিতর এত এত অবিদ্যা যে
মাহিরা মরিয়া হয়ে যায়-
(মাহি, মানে কিশোরী শিল্পী আফ্রিদা তানজিম, মনে পড়ে তাঁকে)

অথচ আপেলগুলো এখন আর কোনোক্রমে পচে না–
হলদেটে গোলাপি মেরুণ আপেলসব
ব্যাপ্ত, বুদ্ধিমান।

তাদের অপচনশীলতার নিহিতার্থ
আমাদের অস্তিত্বের ভেতরে কাক হয়ে উড়ে।

এক শনিবার তার বিবিধার্থক নি-সমবায়ে
লগ্ন হয় পর শনিবারে।

১২
নার্সারি থেকে বিশ্বভারতী সব লকডাউন
আপেলগুলো এখন আর কোনোক্রমে পচে না

গ্রানাডার বুলরেস থেকে খসে পড়েছে একটি নিশান
আপেলগুলো এখন আর কোনোক্রমে পচে না

স্বাস্থ্যসচেতনতার বার্তা দিতে গিয়ে জনতার হাতে প্রহৃত পুলিশ
আপেলগুলো এখন আর কোনোক্রমে পচে না

সংঘরোধের ভয়ে পালিয়েছে এক হলুদ যুবক
আপেলগুলো এখন আর কোনোক্রমে পচে না

বাবুইপ্রহরগুলো সন্ত্রস্ত আরএনএ কোডের রহস্যে
আপেলগুলো এখন আর কোনোক্রমে পচে না

হারিয়ে যাওয়া হাঁটার অভ্যাস ফিরে পেতে হাপিত্যেশ করছে এক প্রৌঢ়
আপেলগুলো এখন আর কোনোক্রমে পচে না

ভোরের প্রসবকালে রাতের উরু দুটো চেপে ধরেছে এক ধূর্ত ভাইরাস
আপেলগুলো এখন আর কোনোক্রমে পচে না

১৩
কব্জি ডুবিয়ে রাখি ক্ষারের ফেনায়
তবুও তালুতে কদম ফুলের কেশর।

কুরুক্ষেত্রের পর অশ্বত্থামার একটিমাত্র রাত
হাতের তালুতে জায়মান আয়ু।

শিকাগোর শীতে জমে থাকা বন্ধুত্বের বোতল
হাতের তালুতে শুকোই অ্যালকোহল।

ঈগলের ছায়ার নিচে দৌড়াচ্ছে সাপ, না ক্ষুরধ্বনি?
হাতের তালুতে বাজে গ্লোবাল ঘড়ি।

একটি সন্ধ্যার এতো ওজন! এতোদিন লুকানো হলো কেন?
হাতের তালুতে ক্রমে ফিকে হয় সমূহ বিকেল।

বাড়িতে বাড়াচ্ছি কাঠবাদামের চারা, অ্যামন্ড, এন্টিঅক্সিডেন্ট
হাতের আঙুলে বাড়ে করোনামৃতের সংখ্যা।

১৪
মনে রেখো সুতপা ফুলের কাঁটা
মনে রেখো রক্ত সাক্ষী গড়াই।

পৃথিবীর প্রতিটি নদীর জলে রক্তাক্ত এমন কাঁটা
কাঁদে, গড়িয়ে পড়ে, হারিয়ে যায়।

এক শতাব্দী পর আজ এই মুমূর্ষু সন্ধ্যায়
একটি দারুণ তীর এসে বিঁধেছে পদ্মার কাতর পলিতে।

হায়, আমার যুবতী পিতামহী মরেছে কলেরায়
হায়, আমার বৃদ্ধা মাতামহী ডুবে আছে আলঝেইমারে-
অ্যান ওশান অব মেমোরিজ, ভালোবাসা মরে না রে!

মনে আছে সুতপা ফুলের কাঁটা
মনে থাকে রক্তে লাল সন্ধ্যার গড়াই।

১৫
ভিখিরি জানলো না তার পেতে দেয়া হাতে
রেখাঙ্কিত আছে
কত নক্ষত্রের জন্মকথা, আয়ুর কুষ্ঠি।

ভিখিরিকে জানতে দিও না
এইসব অতি গূঢ় মহাজাগতিক গণিতের সূত্র।
তার হাত ঢেকে দাও
উত্তরহীন দক্ষিণায়।

১৬.
বৈশাখ তোমার কালো চুলে বেণী বেঁধে
শব্দান্তিক ঈ-কার যোগে
ঝড় হয়ে আসো আর
উড়িয়ে নাও বহুভূজা ডোরাকাটা ভয় আমাদের।
তোমার অভয় ছাড়া কেউ আজ
ঘর ছেড়ে বের হবে না।

বর্ষবরণ প্রভাতের মত আবহমান গানে
ঝরে পড়ুক শিলাময় বৃষ্টির কাঁটা
বর্ষারম্ভের স্বাগতিকা।

আমাদের কারো নাম ধরে ডেকো না আজ
ঘরে ঘরে সবই সর্বনাম
পিপিই-পরা সন্ত্রস্ত ফুলেরা সবই সাদা।

আলিঙ্গন করো না প্রিয় পহেলা বৈশাখ
প্রাসঙ্গিক দূরত্ব বজায় রাখো,
তাড়িয়ে নাও ভয়ের গুঞ্জনমুখো সন্ধ্যার সহিংসতা–

নীল আতঙ্কের ছায়া,
কালো আশংকার নামাবলী।