২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৃধা আলাউদ্দিন-এর দ্য লাস্ট কিস ও তোমার সৌন্দর্যে

মৃধা আলাউদ্দিন

Published : 13 Apr 2020, 07:01 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


দ্য লাস্ট কিস

এসো আমরা চলে যাই
জনান্তিকে, রাস্তায়
টর্নেডো, টাইফুন ও করোনা ছেড়ে
জৌলুসপূর্ণ রৌদ্দুরে

এসো আমরা বিশ্রাম করি
নৈশ-নীড় ও বালাখানায়
বালিয়াড়ি পাড়ে–
ঘুমিয়ে শুনি পড়শির পদাবলি
অথবা চলো আমরা চলে যাই
বৈষ্ণবদের কাম-কলা পদাবলি ছেড়ে
রাস্তায়
রৌদ্দুরে…

এসো আমরা চুম্বন করি
হাতে
গালে,
নাভি-নিতম্বে
নিম্ননাভিমূলে
শেষ চুম্বন।
চুম্বনের এই প্রেম অথবা মহাযুদ্ধ– মিলনের চেয়ে
বলো পৃথিবীতে দামি আর কী হতে পারে?

এসো আমরা চলে যাই বৈষ্ণবদের কাম-কলা
পড়শির পদাবলি ছেড়ে
রাস্তায়
রৌদ্দুরে…

তোমার সৌন্দর্যে

তোমাকে দারুণ লাগে
যখন তুমি কোর্তা-কামিজে, শাড়ি-চুড়ি, ওড়নাতে
উড়তে থাকো; হাঁটতে থাকো মেঠোপথ
নদীর ধারে, দূর থেকে দূর-দিগন্তে
গোধূলীবেলায়
আলোর আঁধারে…

আমার ভেতরে শিহরণ জাগায়
তোমার শাড়ি-চুড়ি, দীঘল কালো
বৃষ্টিভেজা নদী ও নিতম্ব, তোমার মিষ্টি ওই দেহ,

আমি মধ্যরাতে চিৎকার করি
যখন দেখি নিয়ন আলোয়
তুমি নাইট গাউন পরে হাঁটছো
খেলছো
হাসছো

যখন দেখি তুমি আভরণশূন্য, নিরাভরণ
আমি নিশ্চুপ, নির্বাক হয়ে যাই
তোমার বাহুযুগল, কটিদেশ
মেঘকালো দীঘল চুল
আপেলের মতো সুডৌল নরম বুকের মাংস
উরু আর নিম্ননাভিমূল
তোমার সৌন্দর্যের পাহাড় দেখে
আমি বিস্ময়ে বিহ্বল হয়ে যাই
বেহেড মাতাল হয়ে পড়ে থাকি
বৃষ্টিতে
রাস্তায়।

যখন দেখি তুমি কোর্তা-কামিজে, শাড়ি-চুড়ি
ওড়নাতে উড়তে থাকো
উড়তে থাকো
উড়তে থাকো…