২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নভেরা হোসেন: ‘মদ খাওয়ার পর ‘ ও অন্যান্য

নভেরা হোসেন

Published : 12 Apr 2020, 10:24 AM

Updated : 23 Jun 2022, 03:59 PM


চিত্রকর্ম: সুলতানা মিমি
মদ খাওয়ার পরে
মদ খাওয়ার সময়ে প্রথমে তোমার তিতা লাগে
বেশ কড়া তিতা
পানি মিশিয়ে খেলে কিছুটা কমে
সোডা, কোকে আরো কমে
তারপর একটু একটু করে মাথাটা হালকা হতে শুরু করে
হাত পায়ে লাইট অনুভূতি
ফুরফুরা হাঁটলে মনে হয় শরীরে ভর নাই
এরকম কিছুক্ষন চলার পর
তোমার চুমু খেতে ইচ্ছে করে
কিন্তু যাকে খেতে চাও সে কাছে নাই
খসখস করে দুচারটা কবিতা লেখা
লেখাগুলো বেশ বাঁকা বাঁকা
অবশ্য আগেও খুব সোজা ছিলো না
একা একটা ঘরে টিমটিমে আলো
দূরে বাঁশির শব্দ
সমুদ্রে প্রবল ঝড়
এসব ভাবতে ভাবতে তোমার মদ খাওয়ার রাত
ভোর হয়ে যায়

হাসপাতাল
হাসপাতালে বসে থাকো
লোকজন আসে যায়
কেউ আসে রোগী দেখতে
কেউ আসে গল্প করতে
অনেকে আসে হাসপাতালে নরম চেয়ারে ঘুমাতে
প্রেমিক প্রেমিকারা প্রেম করতে আসে
হাসপাতালেরও ক্লান্ত লাগে
কখনো ইচ্ছে করে রমনায় হাওয়া খেতে
অথবা দূর সমুদ্রে পরিযায়ীর মতো ঘুরে বেড়াতে
তখন হাসপাতাল রোগীদের ভুলে
লেক্সাটিনিল থ্রি মিলিগ্রাম খেয়ে ঘুমিয়ে পড়ে
সকালে ইমার্জেন্সিতে ঘুম ভাঙে তার
ওডিকোলনের কড়া ঘ্রাণে

পাস্তা উইথ চিজ
রেস্তোরাঁর নীল পর্দা ঘেরা ঘরে
মৃদু সুগন্ধি
ওয়েটার নিয়ে এলো পাস্তা উইথ চিজ
পাস্তার পরতে পরতে চিজের প্রলেপ
পাস্তা একাই তোমাকে সঙ্গ দিলো
হেমন্তের বিকালে
তোমারও নিঃসঙ্গ লাগলো না
রেস্তোরাঁর নিশ্ছিদ্র ঘরে

রাত্রি
রাত্রি অনেক হলো
পাতারা ঘুমিয়ে পড়েছে
একটানা ডেকে চলেছে নাম না জানা পাখি
লোকালয় নিঝুম
দীঘির জলে চাঁদ ভেসে আছে
সবাই ঘুমিয়ে
তোমার মনে অনেক কথা
সব হারিয়ে যাচ্ছে বাতাসে
রাত্রি অনেক হলো ঘুম নাই চোখে
দরজায় প্রহরী

অবসেশন
কখনো কখনো নিজেকে শীতের রুক্ষতার মতো মনে হয়
যা চাচ্ছো, যাকে চাচ্ছো সব দূর কুয়াশা
তবু কামনা করো এমন কিছু যা তোমার নয়
শীত যত বাড়তে থাকে
এইসব এলোমেলো অনুভূতি চেপে বসে
সন্ধ্যার ঘন শীতে একটা বাদামি পুলওভার জড়িয়ে
ভিড়ের বাসে নিঃসঙ্গ বোধ করো
অসংখ্য মানুষ এবং তাদের মুখচ্ছবি
অবসেশনের মতো গেঁথে থাকে মনে ..

মন খারাপ
মন খারাপের সময় তুমি চুপ করে বসে থাকো
কথা বলতে ইচ্ছে করে না
যদি ও বলো মনে হয় প্রতিধ্বনি হচ্ছে-
চারপাশে লোকজন হাসছে, কথা বলছে
খাচ্ছে, ঘুমাচ্ছে
তুমি শুধু দেখতে থাকো ..
শুধু ভাবতে থাকো
ভাবতে ভাবতে একবার নদীর কিনারে
আরেকবার তলদেশে
সেখান থেকে খুঁড়ে আনো পুরানো মনি-মানিক্য
এইসব মনি-মানিক্য তোমাকে আরো স্মৃতিকাতর করে তোলে
একটা ডিঙি নৌকায় ভাসতে ভাসতে মাঝ দরিয়ায়
সেখানে ছিপ ফেলে বসে থাকো
নদীতে ঘন কুয়াশা
মন খারাপের তীব্রতায়
নদীর পাটাতনে পা ছড়িয়ে শুয়ে থাকো ঘন্টার পর ঘন্টা,
মাসের পর মাস
এক সময় কুয়াশা ভেদ করে রোদ ওঠে
প্রথমে মিষ্টি রোদ তারপর কড়া রোদ
একটু একটু করে রোদের তীব্রতা বাড়তে থাকে
চোখের পর্দা ভেদ করে ঢুকে পরে মগজের ভেতর
তুমি রোদ এড়াতে উল্টে শোও
পিঠ পুড়তে থাকে
শেষে তপ্ত শরীর নিয়ে জলে ঝাঁপ দাও
নদীর ঠান্ডা জলে অবগাহন
পায়ে এসে ঠোকর দেয় মাংসাশী মাছেরা
জল কেটে কেটে তীরে এসে ওঠো
আবার গা এলিয়ে শুয়ে পড়ো
ততক্ষণে মন খারাপ রোদে শুকিয়ে ড্রাই ফিশে পরিণত হয়েছে
বাড়ি ফিরে পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে
ড্রাই ফিশ রান্না করে খাও
আর ল্যাপটপে চলতে থাকে ওস্তাদ বিসমিল্লাহ খাঁ

বোটানিক্যাল গার্ডেন
বর্ষায় বৃক্ষরা আরো সবুজ হয়ে উঠেছে
পাতায় একটা মসৃন পেলবতা
লম্বা পথ ধরে হেঁটে যাও তোমরা
এখানে ওখানে পাতালের হাতছানি
শাপলা পুকুরের পথ এড়িয়ে সোজা অর্কিড বাগান-
কবিতার বই খুলতেই ঝিরঝিরে বৃষ্টি
ভেতরটা জলজ হয়ে আছে
কেউ ছুঁয়ে দিলেই ঝুর ঝুর
একটা অদৃশ্য পর্দা তোমাদের ঘিরে আছে
কহলিল জিব্রানের স্তম্ভের দূরত্বের কথা মনে পড়ছে,
পিজা ইনার ঠান্ডা ঘর জাহাজের আদলে
একটা সরু জাহাজে করে নদীপথে
দূরে মাছ ধরা নৌকা
কর্ণফুলির কানের সোনা ভেসে যাচ্ছে স্রোতে
তোমাদের জাহাজ দূরবর্তী সমুদ্র পথে
ওখানে কেউ নেই –
জলের শব্দও শোনা যায় না
হঠাৎ একটা উড়ুক্কু মাছ তোমাদের ভিজিয়ে দিলো
নোনা জলে