আল ইমরান সিদ্দিকী’র ‘অভিবাসন’ ও অন্যান্য
অভিবাসন
তেইশ বছর আগে চিলাহাটী থেকে ঢাকায় আসার সব ঘটনার পুনরাবৃত্তি হতে
চলেছে। চলেছি এক অভিবাসন থেকে আরেক অভিবাসনে। নতুন সংস্কৃতি, নতুন
বিদ্যাপীঠ, নতুন আগ্রহ এবং যুগপৎ নতুন অস্বস্তি। তোমার মুখ মনে পড়ে।
একদিন তুমি এসে দাঁড়িয়েছিলে আমার কাছে; যেন পাতাশূন্য গাছের পাশে
ফুলভর্তি সাইকেল, গোধূলিরঙিন দুনিয়ায়। আমি দেখেছিলাম, গোধূলি-সূর্যের
দিকে বাড়িয়ে দেয়া একটি নারীর হাতের তালু থেকে জন্ম নিয়ে কালো কালো
পাখিরা গোধূলি-সূর্যের দিকে উড়ে যাচ্ছে। আজ তুমি আমার রাস্তায় আঁকা,
ক্ষয়ে যাওয়া কোনো তিরচিহ্ন।–পার হয়ে চলে যাচ্ছি অনেক দূরে। কেন, বলো,
তোমার প্রতি আমার কৃতজ্ঞতা ফুরায় না কখনও!
তুষার তুষার
শীতের পূর্বে গাছেরা এখানে বিচিত্র রং ধরে;
কমলা, হলুদ, খয়েরি ও লাল। যায় যে সবুজ খোয়া!
শীতকালে সব পাতা ঝরে গেছে, গাছগুলি কালো কালো—
লেজে ভর দিয়ে দাঁড়ানো যেনবা লাখো টাইটানোবোয়া।
তুষার তুষার, ঝরে দিনরাত, আকাশ মেঘলা করে
তুষার মাখানো গাড়িগুলি সব এদিক-সেদিক ছোটে
টুপিতে তুষার, জ্যাকেটে তুষার, জুতা জোড়া গেছে ছেয়ে
টাইটানোবোয়াতুল্য গাছেরা হিসহিস করে ওঠে!
রাস্তার পাশে পার্ক করা গাড়ি ইগলুর মতো লাগে
পোষা কুকুরের পিছন পিছন নিঃসঙ্গেরা হাঁটে।
রাস্তার পাশে বেঞ্চিতে দেখি তুষারের বসে পড়া
কোথাও কোথাও জমাট বরফ সরকারী লোক কাটে।
হরিণেরা সব উধাও হয়েছে খাবারের খোঁজ ভুলে
নগ্ন শাখায় কাঠবেড়ালিরা দেখায় না আর গতি
সময় এখানে সাদা বরফের মতোই যাচ্ছে জমে
বরফে পিছলে কোথাও কোথাও গাড়ির হয়েছে ক্ষতি।
ক্রিসমাস গাছ দেখে মনে হয় তুষার দিয়েই গড়া
তুষারের ভিড়ে গোপনে গোপনে গড়িয়ে চলেছে বেলা
মানুষের ধ্যান সবটুকু শুধু নিজেকে মুড়িয়ে রাখা
দুনিয়া যেনবা এইখানে এক বাহারি টুপির মেলা।
সরাও শুধুই তুষার সরাও, সবকিছু সাদা সাদা
বেলচাভর্তি দুনিয়ায় আজ নদীগুলি ক্ষীণতোয়া
ঠান্ডা এবং ঠান্ডা সবাই, পাপীর মতোই হিম
ভালো তো হতোই এ দুনিয়া পেলে জাহান্নামের ছোঁয়া।
যেহেতু এদেশে নতুন এসেছি, লাগে খুব বেশি শীত
হাত হাত ঘষি, দু'হাতে ফু দেই, চলি আমি রয়েসয়ে
জীবনে প্রথম ছেড়েছি স্বদেশ— ভালোই লাগে না কিছু
কত কত স্মৃতি তাড়ায় আমাকে হোয়াইট ওয়াকার হয়ে।
কালো বাড়ি
All that we see or seem is but a dream within
a dream. ― Edgar Allan Poe
গাছের নাম 'রেড মেপল', ঋতুর নাম 'ফল'
বাতাস লেগে পড়লো ঝরে পাতা অনর্গল।
সৌন্দর্য-বিষণ্নতা চতুর্দিকে ভরা;
একই সঙ্গে স্বর্গ আর নরক দিয়ে গড়া
এই দুনিয়া। এমন লাগে শীতের আগে আগে
স্মৃতি এবং স্বপ্ন যেন জমজ হয়ে জাগে।
থামিয়ে গাড়ি বনের পাশে তামাকে টান দিই
ইচ্ছা হলো বনের ধারে একটু হেঁটে নিই।
কোথাও কোনো মানুষ নাই, শান্তি-নীরবতা;
সামান্য যা শব্দ, সেটা জাগায় কোটি পাতা।-
তার সঙ্গে যুক্ত আছে পাখির ডাকাডাকি
লম্বা ড্রাইভ করার আগে ইচ্ছা হলো থাকি
কিছু সময়। স্বভাবই এই, এই রকমই আমি
ছুটির দিনে রাস্তা-ঘাটে হঠাৎ করে থামি।
কিন্ত এই জায়গাটাকে অন্যমতো লাগে
লাগলো যেন এসেছিলাম, দেখেছিলাম আগে।
কেমন এক শক্তি আছে বনের অন্তরে
সৌন্দর্য নেশার মতো ধীরে ধীরেই ধরে।
হঠাৎ করে পড়লো চোখে একটা জুনিপার
নীলাভ পাতা দেখিনি আমি কখনও আগে আর।
এগিয়ে যাই আস্তে-ধীরে জুনিপারের কাছে
মুগ্ধ আমি গাছের এমন নীলচে অবভাসে।
একটি প্রাণী দৌড়ে গেল বামের থেকে ডানে
জঙ্গলের এ কোন মায়া, ভিতর দিকে টানে;
ঝরা পাতায় ভর্তি আছে গাছগুলির গোড়া
বাতাসে আছে ছেঁড়া পাতার খেয়াল মতো ওড়া।
শীতের ছোঁয়া—হালকা ধোঁয়া উড়লো দিকে দিকে
হঠাৎ করে বদলে সব ভয়াল আঙ্গিকে।
কোথাও থেকে হালকা মতো আসলো ভেসে তান
করছে শুনি কোথাও নারী মৃতের স্বরে গান!
জুনিপারের নীলাভ পাতা উঠলো নড়েচড়ে
ধীরে আসছে কেউ যেনবা, হঠাৎ লাগে জোরে।
এ-ও লাগলো হঠাৎ করে থামলো হেঁটে আসা
সারাটা বন জুড়ে শুধু্ই একা একার হাসা।
থামছে হাসি, বাড়ছে ধোঁয়া, পাতাতে খসখস
মাথায় ধীরে বাড়তে থাকে ভয়ের যত রস।
সাহস করে এগিয়ে যাই পপলারের পাশে
আবার শুনি মৃদু স্বরের গানটা ভেসে আসে।
যতই আমি গানের পিছে ধাবিত হই ধীরে
কিন্তু গান ততোই সরে দূরের থেকে দূরে।
পরিস্থিতি এত নাজুক, হলাম খুব ভীত
তাও কী করে হয়ে গেলাম আমি সম্মোহিত!
অনেক হেঁটে খেয়াল হলো এসেছি দূরে চলে
বনপ্রান্ত পিছনে ফেলে এসেছি বন-কোলে।
ছায়ায় ভরা বনকেন্দ্রে নিলাম আমি বাঁক;
অরণ্যকে মাতিয়ে তোলে ঝিঁঝিঁ পোকার ডাক।
দেখি একটি ছায়াশরীর সাইপ্রেসের পাশে;
উধাও হলো তৎক্ষণাৎ! বাড়লো গতি শ্বাসে।
ফিসফিসিয়ে বলছে কথা কেউ যেনবা পিছে
তাকিয়ে দেখি কেউ তো নাই, মরা পাতার নিচে
জোড়া ইদুর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে মুখে
বাড়লো ভয় এক নিমেষে, এলো কাঁপন বুকে।—
তার উপরে ছায়াশরীর আবার দেখা দিলো
এক পলকে ডানের থেকে বামে দৌড়ে গেল।
হায় কপাল, কোন বিপদে পড়ে গেলাম আজ
পালিয়ে যাবো, রাস্তা খুঁজি, হলো এ কোন কাজ—
হঠাৎ করে তুষার ঝরে, শোঁ শোঁ বাতাস ছোটে
পায়ের তলে কাঁপছে মাটি, মরা মানুষ ওঠে?
নাই তো পাতা গাছের ডালে, গাছেরা সব কালো।
এক নিমেষে কেমন করে ঋতু বদল হলো!
ডুব দিয়েছে পাতারা সব গাছ-বাকলে যেন
কোথায় দিয়ে এসেছিলাম, চিহ্ন নাই কোনো।
বিস্ফারিত দুইটি চোখে দেখি চতুর্দিক
ঠান্ডা-কালো বন-ই স্বয়ং হাসি পৈশাচিক।
গাছের ডালে, ঝোপ ও ঝাড়ে তুষার গেলো জমে
তাকিয়ে আছে আমার দিকে দূরে হরিণ থেমে।—
পিছনে তার উদ্ভাসিত কেমন এক আলো;
আলো নেভার আগে হরিণ আলোয় ডুবে গেল।
পুরাটা বন কালো ও সাদা, তুষারে গাছ গাঁথা
দূরে শূন্যে ঝুলছে এক লাল মেপল পাতা।
এগিয়ে যাই সেদিকে আমি, ইশারা তাকে ভেবে
যত আগাই পদপাতেই যাচ্ছে বন দেবে।
থামি একটু, আবার হাঁটি, ডানে ও বামে দেখি
মনে আমার কৌতুহল-ভয়ের মাখামাখি।
কান্নাভেজা দুইটি চোখে ঘৃণাকে উৎসারি
উধাও থাকা ছেড়ে এবার দেখা দিলেন নারী
দীর্ঘ রেডউডের পাশে। দুইটি মেয়ে শিশু
সঙ্গে তার দাঁড়িয়ে আছে—যেনবা কোনো পশু
হিংস্র নখে রক্ত তুলে ভিজিয়ে গেছে দেহ—
শিশু দুইটি মৃতের মতো, লাগছে ভয়াবহ।
নারীর গায়ে কালো পোশাক, না-জীর্ণ না-ছেঁড়া
যেন নতুন শোকে নারীর গলা অব্দি মোড়া।
নীল-বেগুনি দীঘল চুল বুক দিয়েছে ঢেকে
কানের নিচে এসে মাথার চুল গিয়েছে বেঁকে।
গলায় ঝোলে বেগুনিরঙ-পাথর-খচা হার;
দু'চোখে এসে বিঁধবে যেন, দ্যুতির সে কী ধার!
টানা দু'চোখ, লম্বা নাক আভিজাত্য জানে
মুখটা তার বুঝিয়ে দেয় 'রূপ'-এর যে কী মানে!
শিশু দুইটি দাঁড়িয়ে আছে, রেডিশ কালো চুল
ঘোলা চোখের চতুর্দিক কালিতে মশগুল।
পেটের তলে সাদা জামায় রক্ত আছে লেগে
দু'চোখ দিয়ে আগুন যেন বের হচ্ছে বেগে।—
তাকিয়ে আছে আমার দিকে, চোখে ঘৃণার স্রোত
আমাকে ঘিরে যেন তাদের বহু দিনের ক্রোধ।
দুই কদম এগিয়ে এলো তারা আমার দিকে
টের পেলাম সারা শরীর হলো আমার ফিকে।
দুই কদম এগিয়ে এসে দাঁড়িয়ে গেল তারা
হেসে উঠলো হঠাৎ করে,হাওয়ায় হলো হারা।
তারা দু'জন উধাও হলে নারী গেলেন ঘুরে
দিলেন হাঁটা জোর কদমে। তুষার জোরে পড়ে,
আমিও হাঁটা দিলাম পিছে, হয়েছি বশীভূত
হাঁটছি পিছে কখন থেকে, হাঁটবো আর কত!
তুষারমাখা খাঁ খাঁ শাখায় উঠলো ডেকে কাক;
ক্রুশের মতো গাছটি দেখে হলাম হতবাক।
কালো বিশাল গাছের ভিড়ে হারিয়ে গেল নারী
গাছের থেকে পৃথক করে চিনতে তবু পারি
কষ্ট করে। ধাওয়া করেই এগিয়ে যাই, আর
একটু পরে দেখি চতুর্দিকেতে ঝোপঝাড়।
ঝোপ ও ঝাড়ে পাতাশূন্য ডালপালা যে কত
ছড়িয়ে আছে তুষারমাখা কাঁটাতারের মতো।
নারীর পিছে হাঁটতে গিয়ে ওষ্ঠাগত প্রাণ
হঠাৎ দেখি সামনে নাই, ডানে বিদ্যমান।
ডান পার্শ্বে পিছু নিলেই উধাও হয়ে যান
হঠাৎ বামে হেসে ওঠেন, গেয়ে ওঠেন গান।
এমন করে পাগল হয়ে ধাওয়া করেই শেষে
বনপ্রান্তে কখন জানি দাঁড়িয়ে গেছি এসে।
ঝড়ের বেগে কোথায় যেন হাওয়া হলেন নারী
দাঁড়িয়ে আছে একলা এক কালো মতন বাড়ি,
বহু পুরান। বাড়ির গেটে ঝুলছে খোলা তালা
সরিয়ে তালা এগিয়ে যাই, পিছনে শুনি গলা
বললো কেউ 'খবরদার, করিস না এ কাজ'
পিছনে দেখি কেউ তো নাই! আকাশ চেরে বাজ।
ছবি
কাঁটাবিহীন গোলাপগাছের সাদা গোলাপগুলি
খেয়ে গেছে হরিণ এসে, হয়তো দুপুরবেলায়—
বিকালবেলা পড়লো চোখে, বউ হয়েছে অবাক;
কাঁটা ছাড়া গোলাপের গাছ! কাঁটা গেল কোথায়!
সূর্য তখন যায়নি ডুবে; বাড়ির পিছন লনে
জোনাকপোকার আনাগোনা, ঝিঁঝিঁ শব্দ তোলে,
লাউয়ের মাচার নীচে খেলে শশক এবং জোনাক।
সীমানাতে চেরি গাছে কচি পাতা দোলে।—
সব্জিক্ষেতে পানি ঢালি, ঢালতে ঢালতে দেখি
এসব দৃশ্য। একটু পরে যাবো দু'জন মলে;
কিনতে হবে নতুন ব্লেজার, বিয়ের দাওয়াত আছে;
আকাশ তখন ভরা থাকবে তারার হট্টগোলে।
যাদের বিয়ে খাবো আমরা, যেন তাদের ভাগ্যে
ঘটতে থাকে দারুণ কিছু—বেড়াতে যাক বিচে।—
দাম্পত্যের-ই ছবির ভিতর জোনাক পোকার সাথে
খেলা করুক একটি শশক লাউয়ের মাচার নীচে।
ক্যালিফোর্নিয়া
কোনোদিন আমি যাইনি কুড়িগ্রাম
আহা, এ মরজীবন!
কোনোদিন যাওয়া হবে না কুড়িগ্রাম– মাসুদ খান।
মার্কিন মু্ল্লুকে এসেছি যদিবা
যদিবা এনেছো তুমি, বউ মাননীয়া,
কেন নিউ জার্সিতে তোমার বাড়ি
কেন সে হলো না হায় ক্যালিফোর্নিয়া!
নিউ জার্সি তো ভালো, ফুলে-ফলে ভরা—
'বাগিচারাজ্য' বলে কথা!
আরও ভালো ওই দূর ক্যালিফোর্নিয়া—
এ খবর জেনে পাই ব্যথা।
নাতিশীতোষ্ণ নাকি মূলত সে
যদিও তুষার-কাল যথারীতি আসে
গাছেরা দীর্ঘকাল থাকে না তো ন্যাড়া
হাল্কা কাপড়ে করা যায় ঘোরাফেরা।
হাজারে-বিজারে লেক, পাহাড়-শিরিজ
পাহাড়ী রাস্তা লাখো, অসংখ্য ব্রিজ।
হলুদ-কমলা রঙ কত পপিগাছ!
ফুটে থাকে লাল লাল কত প্যান্ট ব্রাশ।
ক্যাটালিনা লিলি আছে, আছে বুশ ম্যালো
স্টিকি ফসিলিয়া, ভিনেগারউইডও!
ফুলের কি শেষ আছে, আছে কত আরও
সোনালি রঙের ফুল গোল্ডেন ইয়ারো!
নিউ জার্সির মতো সেখানেও ফল-এ
হলুদ-কমলা-লাল পাতা দোলে ডালে।
উদ্বেগরোগ, শোক আর অবসাদে
আমি বেঁচে আছি, হায়, ঘোরাঘুরি বাদে।
অথচ স্বভাবে আমি প্রকৃতিপূজারী
যদিও তাবৎ পূজা পেল বাসা-বাড়ি।—
প্রায় দুই যুগ আমি ঢাকায় থেকেছি
এতদিন থেকে তবু কতটা দেখেছি!
দুইবার সমুদ্র, চুয়াডাঙ্গা, খুলনা
বরিশাল, শ্রীহট্ট সে তো দেখাই হলো না!
কোস্টাল রেডউড, গোলাপি তুষার
সব্জি এবং ফুল-ফলের খামার
আর যা চাইতে পারি, সবের স্বর্গ
ক্যালিফোর্নিয়া ছাড়া জীবন মর্গ!
নতুন শতক মাতে ঘোরার নেশায়
ব্যাকপ্যাক ছেড়ে থাকবো না বিরানায়!
ক্যালিফোর্নিয়া সে তো আমাকে নিলো না
থাকা তো হবে না, শুধু হবে ট্যুরে পাওয়া
ক্যালিফোর্নিয়া দিলো আমার ভিতরে
তার কম্পন, দাবানলে পুড়ে যাওয়া।
