সরকার মাসুদ-এর ছয়টি কবিতা
ধর্ষিতা
দু'হাটুর মাঝখানে মাথা রেখে
বসে থাকে সে অনির্দিষ্ট কাল…
দু'হাটুর মাঝখানে অন্ধকার অশেষ
মা এসে হাত রাখে তার মাথায়
বোন এসে হাত রাখে তার
কিংকর্তব্যবিমূঢ়তার ওপর …
স্বামী হতভম্ব দাঁড়িয়ে থাকে কাঁটাগাছের নিচে
পুরুষতান্ত্রিক বক্রহাসিতে চাপা পড়ে
তার কান্না অশ্রুচিহ্নহীন
বাকি জীবন সে খালি হেঁটে বেড়ায়
বালু নদীর পায়ে হাঁটা পথে; সিকি জ্যোৎস্নায়
ভ্রান্তি
কেন যে এতকাল আমি বউন্না ফলকে
কৎবেল ভেবেছি
রাজকন্যাকে রিকশা চালকের মেয়ে!
নতুন প্রেমের দাগ লেগে থাকে গলায় চিবুকে
তাকে বেড়ালের আচঁড় ভেবে দেখেছি চেয়ে চেয়ে!
যা মনে হয় আর যা প্রকৃত
তার ভেতরের পার্থক্য বুঝেছিতো হুল ফোটার দিন
নতুনতাপ্রিয় লোক এক ভুল থেকে যায় আরেকটা ভুলের খাঁচায়
যতক্ষন না কাশফুল মেঘ থেকে কান্নাফোঁটা ঝরে!
দিগন্তরেখার কাছে দুটি রেল এক হয়ে যায়
কৎবেলের মুখোস পরে বউন্না ফল কেবলই ঝিমায়!
আশা রাখি
রেল লাইন থেকে নেমে
আখড়াই গ্রামের দিকে যাচ্ছি আবার
ঢালু মাঠের ওদিকে গাছতলায় সূর্য ধুলায় লুটালো
ধোবাউড়ার পথে নড়বড়ে টি-স্টল
সন্ধ্যার বুদ্বুদ উঠছে দিঘিতে, আঁধারে
যেদিকে রাস্তা বেঁকে গেছে সংশয়ে;
এবং আত্মবিশ্বাসের খাড়ির নিচেই পোড়া মবিলরঙ জল
তার ক্যামেরাবন্দি হাসির ছবি নিয়ে আমি চলেছি কোথায়!
নদীতীরে জোড়গাছের প্রাচীন দৃশ্য, পেছনে যমুনা
না আমি ভুলিনি তার কথা তার হাঁটার ভঙ্গি
মাথার ভেতর বাদাম উড়িয়ে চলে গেছে মাছকুবের
এখন পোকামাকড়ের শব্দে জেগে উঠলো হোগলা বন
আশা রাখি অন্ধকার ঘন হলে
একটু একটু বোঝা যাবে তার মন
বিবর্তন
যে কোনো জিনিস তার প্রাথমিক রূপ থেকে
ক্রমশ নিজস্ব রূপ নেয়;
বয়স হলে মানুষ সরল হয়
অনেকটাই ভালো মানুষ হয়
বয়স হলে মানুষ ডায়েরি আর ভ্রমণকাহিনি
বেশি ভালোবাসে।
যে কোনো মানুষ তার আগেকার রূপ থেকে
ক্রমশ বয়স্ক রূপ নেয়
কবি পরিণত হয়,
প্রগলভতা খসে পড়ে মৃদু বায়ুস্রোতে
কবি পরিণত হলে
খুব কম কথা বলে কল্পচিত্রে, কবিতায়।
প্রেমিক
বনের যে দিকটায় নদী থাকে সে জায়গা আমার সবচেয়ে প্রিয়
বনও ছেলেদের মতো বেশি সংশয়ে ভোগে।
প্রেম নয় ভালোবাসি মধুর সমঝোতা; আমাকে তাই দিও
তার সাথে কথা হয় বেতারবার্তা যোগে।
আরণ্য সংশয়ে তার হাতে বাড়ানোই ছিল
দুর্যোগের দিন তার সাথে গভীর আলাপ হয়েছিল
বহু দূর থেকে;
তার চোখের ভাষা ইঙ্গিতময়, হালকা নীল,
তার চলাফেরা যে জগতে সে পৃথিবী স্বপ্নীল
সংশয়াপন্ন নদী চিরকাল জঙ্গলের কাছে যায় বেঁকে!
অস্তিত্ব
আমার মাথার ভেতর জন্ম নিয়ে
যে নদী আস্তে আস্তে নেমে গেছে
এঁকেবেঁকে গেছে
তাকে আমি দেখতে পাই পৃথিবীর সবখানে
পাহাড়ের রাস্তা দিয়ে নরম আলোয়
হেঁটে যাওয়ার সময়
তাকে আমি পাই আমার গোপন উচ্চাশার ভেতর
তাকে আমি অনুভব করি আধোস্বপ্নের অন্ধকারে
ছাইরঙ সন্ধ্যাবেলা আমি তার সাথে সাথে হাঁটি
ঝুলে পড়া কাঁটাতারের পাশে, গুলিবিদ্ধ জ্যোৎস্নায়।
