মিলু শামস-এর বিচ্ছিন্ন ক্রমশ ও আসছে শীত
বিচ্ছিন্ন ক্রমশ
প্রথমে আমরা বিচ্ছিন্ন হলাম
ভার্চুয়াল বন্ধুত্বের নামে
হাতে হাতে স্মার্ট ফোন–
আমরা খাবার টেবিলে
গল্প করতে ভুলে গেলাম
চোখে চোখ, ঘাড়ে হাত রেখে
নির্ভরতার অনাবিল আনন্দ উপভোগ
স্মৃতি হতে থাকলো ক্রমশ।
আমরা এ ওর সঙ্গে কথা বলি উড়ু উড়ু
হাতে মাউস, চোখ মনিটরে
জরুরী প্রয়োজনে এমনকি
ফোনেও কথা নয়
মেসেজ পাঠাই ম্যাসেঞ্জারে
এভাবে পরস্পর বিচ্ছিন্ন হতে হতে
একেই ভেবে নেই স্বাভাবিক
প্রযুক্তির উৎকর্ষের যুগে,
মানুষের চেয়ে প্রযুক্তির সঙ্গে সম্পর্ক নিবিড়।
অকস্মাৎ আমাদের চমকে দিয়ে এলো
বিচ্ছিন্নতার ঘোরতর এক অভিঘাত–
মানুষই নাকি ছড়াচ্ছে বিষ মানুষের দেহে
মানুষ নিষিদ্ধ তাই একে অন্যের কাছে
সন্তান মা বাবার কাছে
ভাই বোনের কাছে
বন্ধু বন্ধুর কাছে
স্বামী স্ত্রী মুখ ফিরে শোয় দুজন দুদিকে
চুম্বন আলিঙ্গন ভুলে যায়
প্রেমিক প্রেমিকা।
আমরা বিচ্ছিন্ন হচ্ছি এবার
মানব বিধ্বংসী অস্ত্রের চেয়েও
ভয়ঙ্কর এক মারণাস্ত্রের ঘায়ে।
আসছে শীতে
এবারের শীত চলে যায়–
আবাসিক এলাকার বাইরে
মেইন রোডে পা রাখার ঠিক আগে
মফস্বলের গন্ধমাখা
বিদ্যুৎ বিভাগের হলদে ভবন,
যতবার দেখি ততবার ছলকে ওঠে
বুকের ভেতর
মায়ামাখা এক টুকরো মফস্বল শহর;
গা-ঘেঁষা কিলবিল মানুষ
আর যানজটের মেট্রোপলিটন শহরে
অবিকল দাঁড়িয়ে আছে–
ছোট্ট আঙিনায় মেটে আলুর বাড়ন্ত লতা
করলার ফুল, মিষ্টি কুমড়োর
চনমনে ডগা সমেত,
ফড়িংয়েরা অবিশ্বাস্য নির্বিঘ্নে
মফস্বলী ঢঙে ওড়ে
তৃণলতা গুল্মের চারপাশ ঘিরে
যেন এখানে এখনও
পৌঁছায়নি এসে
ফ্রিডম্যান ফুকোয়ামার
বিন্যাস্ত তীর।
আমার তরুণী মায়ের ছিল
এমন সরল সবুজের সংসার
দূর মফস্বলে–
আহা সেই কোনকালে!
এখানে এলে মা-ও আসেন
অতীতগন্ধী বাতাসে ভর করে,
মা ও মফস্বল একাকার
হৃদয়ের কোন এক নির্জন ঘাটে।
গত শীতে মা চলে গেলেন–
কী আশ্চর্য, এবারের শীত যেতে না যেতে
অজ্ঞাত কৌশলে
উঠে গেছে বিদ্যুতের হলদে ভবন
ঘাসে ঢাকা আঙিনার কোণে
চিলতে মফস্বল;
ওখানে লেগেছে এখন
বহুতল ভবনের সাইন বোর্ড।
আসছে শীতে হয়তো
ভবনের সুউচ্চ বারান্দায়
রোদ পোহাবে মেট্রোপলিটন শহর।
