২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনন্ত তো শূন্যের দোসর

হাবীবুল্লাহসিরাজী

Published : 27 Mar 2020, 09:50 AM

Updated : 02 Sep 2022, 08:34 PM


চিত্রকর্ম: হুয়ান মিরো

পাতাল উপুড় হলে
হা হা করে তলবাসী;
উত্তাপ কোথায় ধরি?
বীজ ভিক্ষে চায় মাটি
জলে বুঝি অন্য প্রাণ লেখা!

আগুনের কল্লা ধরে
উল্টোমুখে মূল খোঁজে বন,
পাহাড়ের শীর্ষে জমা
সম্ভবের নতুন ফলন,
তিনভাগ জল একভাগ স্থল!

কোষের সম্মুখে মহাকোষ
অন্যপক্ষ পায় দোষ,
অনুর স্বপক্ষে পরমাণু
সৃষ্টিতে বীজাণু,
বীজে জীবে প্রকৃতির অসমাপ্ত তোড়!

পৃথিবীর ক্ষেত্রলীলা
মানুষের যতো আয়োজন
জন্ম ও মৃত্যুর ফাঁকে
সীমানা পূরণ,
অনন্ত তো শূন্যের দোসর!