এখন সময় ভাইরাসের
শূন্য হয়ে পড়ে আছে সব পানশালা; এখন সময়
কোভিড ভাইরাসের, পৃথিবী এখন মৃত্যু উপত্যকা
আভরণহীন মানুষের এখন শুধুই আবরণ
সরীসৃপের মতো জেগেছে মানব হৃদয়
গ্রীষ্মশেষের পিকনিক পাহাড়ে এখনো মুখরিত
উজ্জ্বল দিনের স্রোত নিয়ে গেছে তোমার মুখচ্ছবি
হারিয়ে ফেলে তোমার মুখাবয়ব
আমি হয়েছি স্বপ্নহীন, আমি আছি অন্তরীণ
রূপসীহীন এই নগরীর জনপথ এখন শান্ত ও বিস্রস্ত
আমার বিক্ষিপ্ত পথ তাই এখন বিন্দুতে এসে স্তদ্ধ
রাতের গভীরে নিঃশ্চুপ দাঁড়িয়ে রয়েছে সাবওয়ে রেল
যেন মৃত এই নগরীকে নিয়ে যাবে শেষকৃত্যে
কিছুক্ষণ পরে হবে ভোর; আর আমার শিশুপুত্রদের
খেলনা-গাড়িতে পুনর্জন্ম হবে এই মহানগরীর
এখন সময় কোভিড ভাইরাসের, তুমিহীন এই পৃথিবীতে
ভোরের বিস্ময় দিনান্তে বিষণ্ণ মোমবাতি হয়ে জ্বলে…
নিউইয়র্ক, ভোর ৪:৪৫, মার্চ ২১, ২০২০
