২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দিরা এষ-এর ভাদ্রের দুপুর ও অন্যান্য

মন্দিরা এষ

Published : 16 Mar 2020, 12:17 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


ভাদ্রের দুপুর
ট্রেন বিষয়ক কবিতাগুলো খুঁজে দেখছি
যেখানে স্বল্প পেয়ারার বন। কচি পাতার গন্ধ। আর, আর হারিয়ে যাওয়া রেল-ঘুনটি। বাড়ির দিকে হালকা উঁইখোটা। যাহ! আমার আধেক বাড়ি কেটে নিলো ওরা! যেসব যায়গায় নদী, কেমন ঝাপসা দেখায়…
একটা সাইকেল পেলে হতো; ওদিকটায় আরেকবার, নয়তো শেষবার, মাঠের কোণে গড়িয়ে দিতাম আলগোছে। দেখতাম কতোদূর যায়, কার দিকে ঢলে পড়ে এই সন্ধ্যায়…

দ্রুম
ক্লান্তির পেয়ালা উপচে পড়ছে বারান্দায়,
আমরা তখন মৌন ট্রাম্পেট।
ব্যাঙের কান্না ছেঁকে পাখিদের ডাকি।
কেবল রাতপ্যাঁচা সাড়া দিয়ে গেলো।
অথচ দুপুরবেলা ঝরনা ছেড়ে দিয়ে দাঁড়াতেই-
আমার নগ্ন ঘাড়ে অসংখ্য পাখিদের দ্রুম।
একটু দূরে কোথাও বৃষ্টি বাজছে ধানে-
আমি তার ছন্দ বুঝতে চাই।
অথচ আমার এই ধ্বসে পরা হাড়ের ভায়োলিন কার্যতই অক্ষম।

অন্ধ জীবন
এই বৃষ্টি অকারণ
ঝাপসা কাঁচের এপারে অহেতুক দাগ।
গাছেদের মনোটনি কেটে যাচ্ছে হয়তোবা
এ রকম সাদা আকাশ;
অনুচ্চ কান্নায়-ক্লেদে
প্লাবন আসেনি কখনও।
একটি অন্ধ বিকাল তবু দাঁড়িয়ে একা;
আমি তার কাঁধে হাত রেখে পার করি, পার হই
অন্ধ-জীবন!

প্রার্থনা
এবং আজই হয়তো একটা রেইনি ডে
প্রতিটি চাহনি বেয়ে বেড়ে উঠছে বৃষ্টিলতা
আর অনেক লালের পলাশ ভিজছে কোথাও
আমাদের দৃশ্যগত বাঁকে স্পর্শ বিদ্যুৎলতা; নরম মেঘের অবাক
এখানে জলের ঝুমঝুম মেখে ক্রমাগত কথা বুদবুদ চলে যাচ্ছে দূরে
এসো, আগামী বর্ষার নামে আমাদের যৌথ দৃশ্যখামার গচ্ছিত রাখি।

বাবাদের মৌরিক্ষেত
বাবাদের মৌরি ক্ষেতে জাহাজের গল্প জমে আছে। অনেক অনেক আগে কোন এক বাবা যে জানতো না তার কনিষ্ঠা আঙ্গুল হারিয়ে গেছে কোথায়, এসেছে সে ফসলের ভোরে, দাঁড়িয়েছে ঘুমন্ত নদীর কিনারে। একটা ঝিরিঝিরি বাতাসে ভরা করুণ ঋতুর থেকে উঠে আসে কোমল কান্না ধোয়া শিশুদের গ্রাম। ক্ষেতের আল ধরে, সূর্যের চিকনাই নেড়ে সে ইতস্তত খুঁজতে থাকে রক্তবীজ। ক্রমশ তার মনে পড়ে একটা নিরব চিবুকের জন্য আর বুকের উপড় বসে থাকা বুদ্ধের হাসির বিনিময়ে সে সওদা করেছিলো আপন রক্তবীজ।

প্রিয় বাবা!
ঘোড়াদের আস্তাবলে, পাহাড়ের অন্ধকারে কিংবা শিশুদের গ্রামে যেখানে যতবার আপনি তাকে খুঁজবেন, একটি একটি করে মাস্তুল তীর ছেড়ে উঠে যাবে ডেকে, বুক বিদীর্ণ করা হুইসেল বাজিয়ে চলে যাবে কনিষ্ঠা আঙ্গুল বোঝাই জাহাজেরা, দূরে ! ঝুপ করে অন্ধকার এগিয়ে আসবে পাঁজরের খুব কাছে। এরচেয়ে বরং আপনি কাঁদতে শিখুন, স্মৃতিগুলো ভাসিয়ে দিন নোনাজলে। নিজেকে ঢুকিয়ে দিন অচেনা সরাইখানায়, যেখানে সরাব ছাড়া কেউ কাউকে চেনেনি আজো।

ক্ষরণ
নিজের থেকে বিচ্যূত এক ছায়া
এক্রেলিকে আঁকছে কালো হাসি
মোষের পেটে ছড়িয়ে দিয়ে মাথা
ঘুমের মাঝে শুনছে গৃহস্থালী।

হাইড্রোলিকে ক্ষুদ্রতর সকাল
আমি, আমি, এবং আমির ভিড়ে
পরিপাটি বিনম্র টংকার
উঠছে বেজে কথার আড়ে আড়ে।

নিজের থেকে বিচ্যূত যে ছায়া
হাততালিতে বৃষ্টি নামায় রোজ
ঘামের মাঝে গড়িয়ে পরা দুপুর
রক্তচোখে করছে কারো খোঁজ।

হারতে হারতে হারিয়ে ফেলাই স্বভাব
সিকি পয়সা- জগডম্বুর ফল
নদীর ভাজে লুকিয়ে রাখা সময়
ছায়ার সাথে খেলছে আজো জল।

নিজের থেকে বিচ্যূত সে ছায়া
কোথায় গিয়ে শিখছে দারুণ ম্যাজিক
হাওয়ার মাঝে দুভাগ করা শরীর
যেনো কোন সেল্যুলয়েড ট্র্যাজিক।

গ্রন্থিগত
সন্ধ্যা ৭ টা ২২
মিনারের শীর্ষ হতে পাখিদের ক্লান্তি ঝরছে
আমি তাদের লক্ষ্য করে এগিয়ে যাচ্ছি চোরাপথে
গুপ্তমন্ত্রের মতো মণিপুরের প্রতিটি নেমপ্লেট টুকে রাখছি
কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছে; শ্যামলা আকাশ দাঁড়িয়ে আছে কোথাও
আমি ব্যস্ত ভঙ্গিমা রপ্ত করছি,
একটি অদৃশ্য পাহাড় পাশ কাটিয়ে চলে যাচ্ছি অচেনা ভীড়ের সঙ্গে
ধরে নিচ্ছি পাহাড়টি জন্মসূত্রে আমার নিকটজন,
সে আমাকে বলতে চাইছে কিছু;
ঠিক করেছি আমি তার দিকে তাকাবো না;
শুধু তার আঙ্গুল ধরে হাঁটবো; মণিপুর থেকে পাখিপুর…