২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাপস গায়েনের রাতের পৃথিবী, অদেখা ক্রন্দন

তাপস গায়েন

Published : 23 Feb 2020, 12:43 PM

Updated : 02 Sep 2022, 08:34 PM


রা তে র পৃ থি বী

রাতের দুঃস্বপ্ন নিয়ে যেতে চায় আমাকে বন্দীশালায়
কিন্তু উন্মাদ হাওয়া আমাকে জাগিয়ে রাখে,
এখন এমনই সময়- ঘুমিয়ে রয়েছে গ্রাম্য শুঁড়িখানা
এই পৃথিবী যেন কখনো ছিল না মাতাল,
রাতের গভীরে উন্মাদ কখনো যেন বকেনি প্রলাপ

জেনেছি আমরা নই একে অপরের প্রতিচ্ছবি
তবু অপসৃয়মান তোমার মুখাবয়ব আমি
জোনাকির আলোয় উজ্জীবিত করে রাখি; হলোগ্রাফিতে
দেখি, তোমার শয়নভঙ্গী যেন কুণ্ডলিত ছায়াপথ
হিলিয়াম আর হাইড্রোজেন গ্যাসের এতো কুণ্ডায়ন,
এতো বর্ণচ্ছটা,শতকোটি নক্ষত্রের জন্ম অভিষেক,
তবু অযুত-নিযুত আলোকবর্ষ পাড়ি দিয়ে দেখি
তোমার শরীর রয়ে গেল অজানায় !

জেনেছি উন্মেষ আছে নক্ষত্রের, তাই
জন্ম হয় অনিঃশেষ সময়ের,আর তোমার পৃথিবীতে
সময়ের তীর এসে বিদ্ধ করে এই আমাকেই !

ফেব্রুয়ারী ৬, ব্রুকলিন, নিউইয়র্ক

অ দে খা

দশদিক ব্যাপ্ত করা মাঠে দেবীর আগমনী বাজে,
দেখেছি আমার জীবনব্যাপী দ্বীপান্তর জাগে

বিক্ষুদ্ধ সমুদ্রে সন্ত্রস্থ আমার ভাঙ্গা ডিঙ্গি,
যেভাবে এই পৃথিবী মহাকাশে ভাসে

কোথায় এসেছি ফেলে সব প্রিয়, পরিচিত অবয়ব
অদেখায় রয়ে গেল আমার কণ্যা, আমার মা্য়ের মুখ

হারিয়ে যাওয়া প্রেমিকাদের মুখচ্ছবি জুড়ে হীমপ্রবাহ নামে,
অনুজ্জ্বল চাঁদ আমাকে আরও বিষণ্ণ করে তুলে

এখন এমনই কাল– উর্ধ্বমুখী বৃক্ষ
আকাশকে অবারিত করে তুলে
ভাবি তুমিও আকাশের মতো দীপ্যমান, কিন্তু
মেঘাচ্ছন্ন আকাশ বিম্বিত করে না তোমার আকৃতি

বোধকরি, শূন্যতার কোনও অবয়ব নেই
তবে হৃদয়ের ঈশ্বরীও কী নিরাকৃতিতে নিরাঞ্জন

ভ্রাম্যমাণতায় বিদ্ধ আমি; তাই জলে, স্থলে, আর
আত্মার আগুনে আমি তোমাকেই খুঁজে ফিরি…


ব্রুকলিন, নিউইয়র্ক, জানুয়ারি ২০, ২০২০


ক্র ন্দ ন

ক্রন্দন অতিক্রমী আমার কোনও ক্রন্দন নেই, এবং
আমার বিষণ্ণতা তোমার চোখের জলের মতো
পরিশ্রুত নয় ; দিগন্তে সমুদ্র রয়ে গেল অদেখায়
কোন এক ধুলিধুসরিত অপরাহ্ণে
আমি তোমার আত্মাকে জেনেছি
এই যে ধুলি আর স্প্রফুটিত গোলাপ
সেও মহাবিশ্বের মহাবিস্ফোরণ
উড্ডীয়মান আমি, কিন্তু নই নক্ষত্রের কোনো গ্রহ
ভ্রাম্যমাণতায় এখনও জানিনি
আমি কী ধুমকেতু না কী এক উজ্জ্বল পাথর

সব দিগন্তেই আমার কান্নার উতরোল শোনা যায়
কারণ সকল অস্তিত্বই আমার বিষণ্ণতা থেকে জাত
বহুকাল হোল, তুমি আমাকে জানিয়েছ বিদায় সম্ভাষণ
অস্তগামী সূর্যের মতো বিদায় এখনো দীপ্যমান

জন্মের মতো আমার মৃত্যুও নির্ধা্রিত হয়ে আছে
আর যা নির্ধারিত নয়, তা হোল আমার ভ্রাম্যমাণতা–
একমাত্র ব্যথিত স্বাধীন!

ব্রুকলিন, নিউইয়র্ক, জানুয়ারি ২২, ২০২০