প্রিয়তম, তোমাকে যখন ভালোবাসি
প্রিয়তম, তোমাকে যখন ভালোবাসি
প্রিয়তম, তোমাকে যখন ভালোবাসি
তখন মনে রেখো
আমি একটি সম্ভাব্য বোমারু বিমানের
নীচে
পায়চারি করি অনাগত সুদিনের প্রার্থনায়
কাবুলের মাঠে নিরুপায় কৃষকের মতো।
সিরিয়ার মরুভূমি হেঁটে যাওয়া অনাথের মতো।
প্রিয়তম, তোমাকে যখন ভালোবাসি
তখন মনে রেখো আমি ভেসে আসি
বাংলাদেশের মাটিতে
গৃহহীন রোহিঙ্গার মতো,
কারণ, তোমাকে ভালোবাসা-ছাড়া আমার উপায় থাকে না আর কোনো।
প্রিয়, তোমাকে যখন ভালোবাসি
তখন বাগানে বসে থাকি বেআব্রু
পুঁজির-পুলক-জাগানো অসুখের মাঝখানে,
কারণ, তোমাকে ভালোবাসা-ছাড়া আমার উপায় থাকে না আর কোনো।
প্রিয়,
তোমাকে যখন ভালোবাসি
দু'নলা বন্দুকের ক্রসফায়ারে-পড়া আসামির মতো আপ্রাণ দৌড়াই
মধ্যরাতে গুম হ'তে চলা
নিরুপায় দুইপায়া প্রাণী
বাক্হীন তাকিয়ে থাকি,
প্রিয়তম।
প্রিয়তম, তোমাকে যখন ভালোবাসি
তখন মনে রেখো
আমি একবিংশ শতকের
রক্তমাখা পথে স্বাধীনতার কথা বলি,
অবিচারে কারাবন্দি কয়েদির মতো
মুক্তপাখির উড়ন্ত চলাচল দেখি।
তুমি আমাকে ভালোবাসবে
কোনো একদিন?
প্রিয়তম তোমাকে যখন ভালোবাসি
তখন মনে রেখো ফেলানীর মতো ঝুলে থাকি আমি কাঁটাতারে
রক্তস্নাত
কারন তোমাকে ভালোবাসা ছাড়া আমার উপায় থাকে না আর কোনো।
বোমাচ্ছন্ন আকাশের নীচে
হাজার যুগের পরে
অপেক্ষায় থাকি
অপেক্ষায় থাকি
অপেক্ষায় থাকি
প্রিয়তম
কারণ তোমাকে ভালোবাসা ছাড়া আমার উপায় থাকে না আর ।
বাক্-পরাধীনতার কালে
বাক্-পরাধীনতার কালে
বিনা-অনুমতিতে প্রেমে পড়ে যাচ্ছি
হাজার কথা মাথায় নিয়ে
পাতিলের টগবগে জলের মতো
বাষ্পীভূত হতে হতে
মেঘমালার মতো
বাতাসের গা বেয়ে
ক্ষয়ে যেতে যেতে
প্রেমে পড়ে যাচ্ছি
বিনা-অনুমতিতে
আচ্ছা দ্যাখো
সাংবিধানিক শক্তিতে
আমি চিৎকার করে কাঁদতে পারি
বলতে পারি আমার রক্তক্ষরণের ব্যথা
সাংবিধানিক শক্তিতে
কিন্তু দ্যাখো
বহু-বহুদিন খোলা ময়দানে
আমি চিৎকার করে কাঁদি না
আমার ময়নাপাখি জীবন
বহু-বহু দিন শব্দহীন।
আমার লাইলাতুল বহুদিন নিঃসঙ্গ
দীর্ঘকাল খাঁচাবন্দি পাখির মতো উড়তে ভোলা
নিঃস্তব্ধ দুইডানা মানুষ অদ্ভুতভাবে পড়ে যাচ্ছি
প্রেমে।
বাক্-পরাধীনতার কালে।
কিন্তু আমি জানি এই দেশে
কান্নার জন্য লাগে অনুমতি
এই দেশে হেঁটে চলার জন্য
প্লাকার্ড হাতে আওয়াজের জন্য
আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকার জন্য
খানিক স্বপন দেখার জন্যও
লাগে অনুমতি।
বাক্-পরাধীনতার কালে
বিনা-অনুমতিতে প্রেমে পড়ছি
পড়ছি
কেন পড়ছি ?
হে নিঃস্তব্ধ মেধা আমার, দাও হে জ্ঞান
হে চঞ্চল রক্তপ্রবাহ এবার থামো
অনুমতিহীন চলাচল
নিষিদ্ধ এখানে।
ইমোজিকুল
রাতভর মশকরা করে
ফোন হাতে
রহস্যময় হুতুমপ্যাঁচা।
ঘননীল ফেসবুক থেকে
হু হু বাতাস আছড়ে পড়ে
হুতুমপ্যাঁচার জানালার ফাঁক গলে ঢোকে প্রেম
আলিঙ্গন ঢুকে পড়ে
ভুল করে
ঢুকে পড়ে
ট্রাম্প
মধ্যরাতে
আনরোমান্টিক হোয়াইট হাউজ
ফেসবুকের ওয়ালে
ফুটে থাকে নিঃশব্দ রক্তকাণ্ড
ব্যাকুল বাজার
পয়সার পায়চারি
অভাবনীয় কোমর
দুলতে থাকে
হরিণছুট দেয়া মহাকাব্যিক নায়কেরা থামে।
জি-স্পটের জুতসই গর্তে
গলা ডোবে।
গলায় জমাটবাঁধা অক্ষর আঁধারে
অচিন দরজা খোলে
মুয়াজ্জিন হাঁক দিলে পরে
কয়েদখানা একটু একটু নড়ে
কাঁদার ভেতরে ভুতুড়ে হরফ ঘোরে
ঘুরতেই থাকে
যাদু বাড়ে, বেড়ে যায়
কর্দমাক্ত হাতগুলো ভার্চুয়াল হতে হতে
অসামান্য আকাশের নীলে
কলকোলাহলে আওয়াজে আওয়াজে
ঝুলে যায়
হারানো মায়াবী গল্প খুঁজে খুঁজে ঘরে ফিরে ঘুমাই গভীর ভার্চুয়াল ঘুম
সমস্ত সড়ক পাকা হলে,
উন্নয়নের বাজনা বাজলে পর
নিঃসঙ্গ সমতল মাঠে
রাতভর নীরব, খুঁজতে থাকি
কাটা পড়া হারানো আধেক হাত
ভার্চুয়াল স্বপ্নরাজ ভাসতে থাকে
ফেসবুকে, টুইটারে
জনস্রোত মুছে যেতে থাকে
সমস্ত আকুল প্রতিবাদ
স্ন্যাপচ্যাটের আলাপচারিতার মতো
নিমিষে উধাও হতে থাকে
তোমার আমার দুইখানা চোখের মতো
আমাদের হৃদয়ের মতো
মালতীর গল্পের মতো
ছুটে চলা দুরন্ত দৌড়ের মতো
হতে থাকে উধাও আগামী দিন।
আকুল মানুষ ঝুলে থাকে অজস্র ইমোজির মতো।
হাসতে হাসতে
ঝুলে থাকে প্যাকেজবন্দি ইমোজিকুল।
