২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আকবর দ্য বিজয় স্তম্ভ

স্বদেশ রায়

Published : 12 Feb 2020, 12:51 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


নদীপাড়ে ভাঙন সত্য, ঘর বাড়ি চিরকালের নয়।
তবুও ঘর বাধে এদেশের মানুষ নদীকূলই ঘেষে
আর সেখানে বড় হয়ে ওঠা গাছে পাখি বাধে বাসা।
এক রাতে দুই বাসা ভেসে যায় নদীতে
কেবল একটি শব্দ 'ঝুপ' বাতাসে কেঁপে কেঁপে মিশে যায় অন্তত আকাশে।
তাই মানুষ ছাড়া কোন বিজয় স্তম্ভ নেই আমার এ পোড়া দেশে।
তবুও এ মাটি ও জলে কি এক যেন অদ্ভুত টনিক মিশে আছে
যা মানুষের বাহুতে বীরত্ব নিয়ে আসে। যে বীরের স্তম্ভের জন্যে
কোন পাথর কেটে মুর্তি গড়ার প্রয়োজন পড়ে না।
এ মাটি যেমন মুহূর্তে নদীতে ভেসে যায় আবার
তেমনি এখানে বীরেরা হেলায় করে জয়।
সবাই যখন রুদ্ধশ্বাসে, হে আকবর! বীর সন্তান আমাদের !
তুমি ছিলে স্থির সশস্ত্র যোদ্ধা এক মাঠে।
তোমার ব্যাটকে মাঝে মাঝে মনে হয়েছিলো ঈশা খাঁর তরবারী,
তিতুমিরের বাশের লাঠি, মনে হয়েছিলো সখিনার হাতের রাইফেল।
হেলায় করেছো জয় তুমি, একহাতে তোমার বিজয় কাপ
আর হাতে পতাকা, মাঝখানে তোমার মুখ
সন্তান আমার, তোমার মুখ আমাদের চিরকালের বিজয়স্তম্ভ;
আমাদের প্রথম বিশ্বকাপ। আকবর, হে আকবর! বিজয় স্তম্ভ আমাদের!